১১ বছরের সাড়ে ৪ বছরই নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষাকে কখন সফল বলা যাবে? এই প্রশ্নের জবাব বহুমুখী ও কিছুটা বিমূর্ত হতে পারে। তবে পানির মতো সরল জবাব হলো, যখন এই স্তর পার করার সময় শিশুরা পড়তে, লিখতে ও সহজ অঙ্ক কষতে পারবে, তখনই প্রাথমিক শিক্ষাকে সফল বলা যেতে পারে।

এই জবাবকে সঠিক ধরে নিলে অনিবার্যভাবে একটি অনুসিদ্ধান্তে আসতে হবে। সেটি হলো আমাদের প্রাথমিক শিক্ষা সফলতা থেকে এখনো অনেক দূরে। কারণ, নানা গবেষণা ও সমীক্ষায় প্রমাণিত হয়েছে, এ দেশে প্রাথমিক শিক্ষার স্তর পার হয়ে আসা শিশুদের প্রায় অর্ধেকই প্রাথমিকের মান অনুযায়ী পড়তে, লিখতে ও অঙ্ক কষতে জানে না। এই অসম্পূর্ণ জ্ঞান নিয়ে তারা মাধ্যমিক স্তরে যাচ্ছে। এদের কেউ সেখান থেকে ঝরে পড়ছে, কেউ কোনো রকমে উতরে যাচ্ছে।

পরিস্থিতি যে কতখানি ভয়াবহ অবস্থায় রয়েছে, তা সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের একটি গবেষণা প্রতিবেদনে দেখা গেছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের একজন শিশুর ১১ বছরের স্কুলজীবনের সাড়ে ৪ বছর নষ্ট হয়ে যায়। তারা ১১ বছরে শেখে মাত্র সাড়ে ৬ বছরের পাঠ্যক্রমের সমান। পঞ্চম শ্রেণির প্রতি চারজন শিক্ষার্থীর তিনজনই নিজেদের শ্রেণির উপযোগী সাধারণ মানের অঙ্ক কষতে পারে না। তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের ৩৫ শতাংশই ভালোভাবে বাংলা পড়তে পারে না। তাদের ৪৩ শতাংশ বাংলায় কোনো প্রশ্নের পুরো উত্তরও দিতে পারে না। এই প্রজন্ম যখন বড় হয়ে শ্রমশক্তি হিসেবে কাজ করবে, তখন তাদের কাছ থেকে ভালো কিছু পাওয়া যাবে না।

সব বোঝার পরও যখন শিশুদের যথার্থ শিক্ষিত করে তোলা সম্ভব হচ্ছে না, তখন বুঝতে হবে শিক্ষাব্যবস্থায় দুর্বলতা আছে। এই দুর্বলতার পেছনে
চারটি বড় কারণ চিহ্নিত করেছে বিশ্বব্যাংক। সেগুলো হলো শৈশব জীবনের মানোন্নয়নে কর্মসূচিগুলোর দুর্বলতা, নিম্নমানের পাঠদান, দুর্বল স্কুল
ব্যবস্থাপনা ও শিক্ষা খাতে সরকারি কম বিনিয়োগ। এই কারণগুলো দূর করতে হবে। প্রাথমিক শিক্ষার মান বাড়ানোর কর্মকৌশল খুঁজতে বহু সমীক্ষা
হয়েছে, বহু কমিশন বসেছে, বহুবার পাঠ্যক্রম বদল হয়েছে, কিন্তু মান বাড়েনি। দিন দিন পাঠ্যবিষয়গুলোর উপস্থাপন সহজ না হয়ে জটিল থেকে জটিলতর হচ্ছে।

শৈশব থেকেই শিক্ষার্থীরা পঠনপাঠনে আগ্রহী হয়। এই সময় বিদ্যালয় ও ঘরের পরিবেশ শিশুমনে বিরাট ভূমিকা রাখে। বিদ্যালয়ে পাঠদানের মান বাড়াতে হবে। আর ঘর শুধু শিশুর বেড়ে ওঠার জায়গা নয়, তার প্রাথমিক শিক্ষার সূচনাস্থলও বটে। এটা উপলব্ধি না করে শিশুর কাঁধে বইয়ের বোঝা চাপানো হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত সাফল্যের বদলে ব্যর্থতার যে চিত্র পাওয়া যাচ্ছে, তা মোটেও গ্রহণযোগ্য নয়।

শিক্ষার গুণগত মান বলতে ঠিক কী বোঝায়, ঠিক কীভাবে তাকে মাপা যেতে পারে, এই নিয়ে সমাজে বিতর্ক আছে। এর সঙ্গে একটি প্রশ্নও ঘুরেফিরে আসে। সেটি হলো শিক্ষা মানুষ হওয়ার জন্য, নাকি ভালো নম্বর পেয়ে ভালো চাকরি পাওয়ার জন্য। এ বিতর্ক থাকবে। কিন্তু ন্যূনতম মান নিশ্চিত হওয়া যে দরকার, তা নিয়ে কোনো তর্ক নেই। এই ন্যূনতম মান হলো পড়তে, লিখতে ও সাধারণ অঙ্ক কষতে শেখা। সমস্যা হলো, সেই মূল জায়গাতেই ঘাটতি থেকে যাচ্ছে।

গুণগত মান যাচাইয়ে মূল্যায়নের প্রসঙ্গ আসবেই। একটি শিশুকে তার না শিখতে পারার জন্য এক জায়গায় আটকে রাখা যেমন ঠিক নয়, তেমনই কোনো কিছু না শিখিয়ে পরের স্তরে তুলে দেওয়াও ঠিক নয়। তার সাফল্য-ব্যর্থতাগুলোকে সামগ্রিকভাবে চিহ্নিত করে তা ঠিক করতে উপযুক্ত ব্যবস্থা
নেওয়া প্রয়োজন।