১২ জনকে তুলে নিয়ে যাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্রবার প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য: ১০ দিনে দেশের চারটি জেলায় মোট ১২ জনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের পরিবারগুলো অভিযোগ করেছে, পুলিশ ও গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাঁরা সাদাপোশাকে ছিলেন, তাঁদের কারও কারও সঙ্গে আগ্নেয়াস্ত্র ছিল; তাঁরা নম্বরপ্লেটবিহীন মাইক্রোবাস ও মোটরসাইকেল ব্যবহার করেছেন। প্রতিটি ক্ষেত্রেই স্থানীয় পুলিশ ও গোয়েন্দা পুলিশ কর্তৃপক্ষ প্রাথমিকভাবে অভিযোগ অস্বীকার করেছে। আর নওগাঁ থেকে তুলে আনা চারজনের বিরুদ্ধে মাগুরায় মামলা দিয়ে গ্রেপ্তারের কথা জানানো হয়েছে চার দিন পর।
৪ জেলায় ১২ জনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগআইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে লোকজনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ নতুন নয়; অভিযোগ অস্বীকার করাও নতুন নয়। বাংলাদেশে এটা নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে এবং তা আন্তর্জাতিক মহলেরও দৃষ্টি আকর্ষণ করেছে। গত মঙ্গলবার জাতিসংঘ মানবাধিকার কমিটি বাংলাদেশের পুলিশ, র্যা ব ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে উচ্চ হারে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
কিন্তু আইন প্রয়োগকারী সংস্থাগুলো সব সময়ই এসব অভিযোগ অস্বীকার করে এবং বলে, এসব বিষয়ে তারা কিছুই জানে না। কিন্তু এভাবেই তাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করে তাঁদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া এবং যাঁরা তুলে নিয়ে যান তাঁদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দায়িত্ব আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ছাড়া অন্য কারও নয়। কিন্তু তারা এই দায়িত্ব পালন না করে অভিযোগ অস্বীকার করার মধ্যেই নিজেদের দায়িত্ব-কর্তব্য সীমাবদ্ধ রেখেছে।
যাঁদের তুলে নিয়ে যাওয়া হয়, তাঁদের অধিকাংশের কী ঘটে? শুক্রবারের প্রথম আলোতেই তার একটা দৃষ্টান্ত আছে। গত বুধবার চট্টগ্রাম নগরের চন্দরপুরা এলাকার বাসিন্দা ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক নুরুল আলমকে তাঁর বাসা থেকে কিছু লোক নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে যান। বৃহস্পতিবার বিকেলে রাউজানে কর্ণফুলী নদীর তীরে তাঁর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।
এ রকম ঘটনাও নতুন নয়। অর্থাৎ, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সদস্যদের পরিচয় দিয়ে লোকজনকে তুলে নিয়ে যাওয়া, তারপর হত্যা করে লাশ ফেলে দেওয়া কিংবা গুম করা একটা নিয়মিত চর্চায় পরিণত হয়েছে। নাগরিকদের নিরাপত্তা ও মানবাধিকার উভয় দিক থেকেই এটা গুরুতর জাতীয় সমস্যা। অভিযোগ অস্বীকার করে এ সমস্যার দিক থেকে মুখ ফিরিয়ে রাখা দায়িত্ববোধের পরিচায়ক নয়। আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে।
এ দায়িত্ব রাষ্ট্র তথা সরকারের।