হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির মধ্যে একটিও গ্রহণযোগ্য নয় বলে সরকারের নেওয়া অবস্থান বোধগম্য। কিন্তু শাপলা চত্বরের মহাসমাবেশের অন্তর্নিহিত তাৎপর্য ও গুরুত্ব ক্ষমতাসীন দল উড়িয়ে দিতে পারে না। আইনমন্ত্রীর বক্তব্য অনুযায়ী মধ্যযুগেরও আগের দাবি কী করে এতটা অকপটে তারা উচ্চারণ করতে পেরেছে, তা খতিয়ে দেখতে হবে।অবাস্তব ও অগ্রহণযোগ্য বিষয়ে হেফাজতের নেতারা শিগগিরই বাস্তবতা অনুধাবন করতে সক্ষম হবেন বলে আমরা আশা করি। ইসলাম শান্তির ধর্ম এবং কোরআনে বলা আছে: ‘ধর্মে কোনো জবরদস্তি নেই।’ হেফাজতের অহিংস লংমার্চ সফল করাকে আমরা স্বাগত জানিয়েছি। ১৩ দফা দাবির প্রবক্তাদের প্রধানত কওমি মাদ্রাসার শিক্ষাব্যবস্থার পৃষ্ঠপোষক বলে মনে হয়। আল্লামা শফী বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক) সভাপতি। তাঁর নেতৃত্বে গঠিত একটি সংস্কার কমিটি সুফল দেয়নি। সব সরকারই কওমি মাদ্রাসা শিক্ষার পাঠ্যসূচি ও তার আধুনিকায়নের প্রশ্ন এড়িয়ে গেছে। দেশে দুই ধরনের মাদ্রাসা শিক্ষা গড়ে উঠেছে। আলিয়া মাদ্রাসা সরকারি শিক্ষার সঙ্গে একীভূত হলেও কওমি মাদ্রাসা শতহস্ত দূরেই রয়ে গেছে। হেফাজতের অন্যায্য দাবিগুলো নিয়ে অযথা শোরগোল নিরর্থক। এটা তাদের দৃষ্টিভঙ্গিতে একটি আদর্শগত বিষয়। সুতরাং এটা প্রত্যাখ্যান করাই শেষ পদক্ষেপ হওয়া উচিত নয়। দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের ফলে রাষ্ট্রব্যবস্থায় এমন এক অসহনীয় ও অস্বস্তিকর রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার কারণে হেফাজত ১৩ দফাকে সামনে আনতে পেরেছে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদ করার সঙ্গে দ্বিমত করার কিছু নেই। কিন্তু তার বিচার যেহেতু প্রচলিত আইনেই সম্ভব, সেহেতু নতুন আইন করার প্রয়োজন কী? দেশের মাদ্রাসা শিক্ষা, বিশেষ করে দেওবন্দি শিক্ষাব্যবস্থার সংস্কার ও আধুনিকায়নের বিষয়টি অগ্রাহ্য করা যাবে না। বর্তমান সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে বিরাট সাফল্য এসেছে। আমরা তার প্রশংসা করি। কিন্তু কওমি মাদ্রাসা শিক্ষা আগের মতোই অবহেলিত। প্রায় সাড়ে চার বছর পর এসে আমাদের শুনতে হচ্ছে, আল্লামা শফীর নেতৃত্বে একটি কমিটি গঠন করে দিয়েই সরকার হাত-পা গুটিয়ে ছিল। এটা গভীর উদ্বেগজনক যে কওমি মাদ্রাসার সঙ্গে রাষ্ট্রীয় ব্যবস্থার মেলবন্ধন তৈরি হয়নি। এমনকি কওমি মাদ্রাসার সংখ্যা কত, তাও সরকারের অজানা। কারও মতে ৫০ হাজার, আবার কারও মতে ২০ হাজার। প্রকৃত সংখ্যা জানতে চেয়ে ডেপুটি কমিশনারদের কাছে সরকারের দেওয়া চিঠিও কোনো সুফল দিয়েছে বলেও জানা যায় না। সরকার উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় কওমি মাদ্রাসার শিক্ষা সনদের স্বীকৃতি দিতে যাচ্ছে বলে জানা যাচ্ছে। সেটা হয়তো ভালো পদক্ষেপ হবে, কিন্তু সমস্যার গভীরে না গিয়ে কেবল এ ধরনের একটি বিচ্ছিন্ন উদ্যোগ ভোটের রাজনীতিসর্বস্ব বলেই মনে হতে পারে। আমরা আশা করব, কওমি মাদ্রাসা শিক্ষাব্যবস্থার স্বায়ত্তশাসন বজায় রাখা সাপেক্ষে একটি ব্যাপকভিত্তিক যুগোপযোগী সংস্কার কর্মসূচি নেওয়াই সময়ের দাবি।