১৬তম সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ সংবিধান সংশোধনের চার বছর না পেরোতেই কেন উচ্চ আদালতের বিচারক ও অন্যান্য সাংবিধানিক ও আধা সাংবিধানিক পদধারীদের জবাবদিহিমূলক ব্যবস্থায় পরিবর্তন আনতে হচ্ছে, তা স্পষ্ট নয়। সে কারণেই সচেতন মহল থেকে সরকারের উদ্দেশ্য নিয়ে যে সন্দেহ-সংশয় প্রকাশ করা হচ্ছে, তা বৃহত্তর জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে।
তা ছাড়া, মাত্র সাত দিন সময় বেঁধে দিয়ে বিলটি স্থায়ী কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত আমাদের অবাক করেছে। কমিটি চাইলে এর সময় বাড়াতে কোনো অসুবিধা নেই। কিন্তু ‘সংসদীয় সার্বভৌমত্ব’, না ব্যক্তির খেয়াল-খুশিই প্রাধান্য পাচ্ছে, সেটা প্রস্তাবিত সংশোধনী পাসের ধরনের মধ্য দিয়ে স্পষ্ট হবে।
এটা সত্য যে, বিদ্যমান সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রায় নিষ্ক্রিয় ছিল। কিন্তু কেবল সেই কারণে উচ্চ আদালতের জবাবদিহি বাধাগ্রস্ত হচ্ছিল, তেমন জোরালো বিতর্ক বা আলোচনা রাজনীতিকেরা জনসমক্ষে আনেননি। উপরন্তু, সংবিধানমতে এই কাউন্সিল প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত। কিন্তু প্রধানমন্ত্রীর পূর্ব অনুমোদন ব্যতিরেকে কাউন্সিল কারও আচরণের তদন্ত করতে পারে না। সুতরাং বিদ্যমান ব্যবস্থাকে সচল না করার দায় সংসদ নেতা কিছুতেই এড়াতে পারেন না। ১৫তম সংশোধনী পাসের আগ মুহূর্তে পঞ্চম সংশোধনী মামলায় আপিল বিভাগ এই ব্যবস্থাকে বাতিল করলেও আওয়ামী লীগ তা অগ্রাহ্য করেছে। আর এখন জিয়াউর রহমানের কাঁধে দোষ চাপিয়ে সংসদীয় শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার যুক্তি কতটা ন্যায়সংগত, তাও ভেবে দেখার বিষয়।
বিচার বিভাগের স্বাধীনতা সংবিধানের অন্যতম মৌলিক কাঠামো। এর ওপর কোনো আঘাত রাষ্ট্রের জন্য শুভ হবে না। চার শীর্ষ আইনবিদ, যাদের কেউ বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত নন, এক বিবৃতিতে ৭০ অনুচ্ছেদগত সমস্যা চিহ্নিত করাসহ আলাপ-আলোচনার ওপর গুরুত্ব আরোপ করেছেন। বিলটির বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রদানে সংসদীয় কমিটি সরকারের ইচ্ছা-অনিচ্ছার চেয়ে জনমতকেই গুরুত্ব দেবে বলে আমাদের দৃঢ় প্রত্যাশা। তাই তাড়াহুড়া করে বিলটি পাস না করে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে আসাই হবে মঙ্গলজনক।