বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে, অথচ এ বিভাগের বিভিন্ন পথে চলাচলকারী ১৮টি ফেরির সব কটির ইঞ্জিনই কিনা মেয়াদোত্তীর্ণ। জোড়াতালি দিয়ে কোনো রকমে চালু রাখা হয়েছে ফেরিগুলো। প্রায়ই মাঝনদীতে এসব ফেরির ইঞ্জিন বিকল হওয়ায় দুর্ভোগে পড়ছে যাত্রীরা। কিন্তু এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই।
বুধবার প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইংল্যান্ডে নির্মিত এসব ফেরির ইঞ্জিন বেশির ভাগই ১৯৮০ থেকে ১৯৮২ সালের মধ্যে আনা। এগুলোর মেয়াদ সাধারণত ১০ থেকে ১২ বছর থাকে। সে হিসাবে এগুলোর মেয়াদ বহু আগেই উত্তীর্ণ হয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ায় কখনো কখনো স্রোতের বিপরীতে চলতে গিয়ে হিমশিম খায় ফেরিগুলো। সামান্য পথ পাড়ি দিতে দীর্ঘ সময় লাগে। এতে বাড়তি চাপ পড়ায় ইঞ্জিনে বিস্ফোরণ ঘটে ফেরি বিকল হওয়ার আশঙ্কা থাকে। যান্ত্রিক ত্রুটির কারণে প্রায়ই ফেরি চলাচল বন্ধ রাখতে হয়। কখনো কখনো মাঝনদীতে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয় যাত্রীদের। কখনো আবার যাত্রীদের বাস থেকে নেমে ট্রলারে করে নদী পার হতে হয়। কেবল ইঞ্জিনই নয়, ফেরিগুলোর কাঠামোও জরাজীর্ণ হয়ে গেছে।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, গুরুত্বপূর্ণ ঘাটগুলোর জন্য বাড়তি ইঞ্জিন মেরামত করে রাখা হয়। এতে ১০ থেকে ১২ লাখ টাকা ব্যয় হয়। কিন্তু এসব ইঞ্জিন আবার দেড় থেকে দুই মাসের মধ্যেই বিকল হয়ে যায়। এই বিপুল পরিমাণ অর্থের অপচয়ের কোনো মানে হয় না। নদীপথে ফেরি চলাচলের বিষয়টি দেখভালের দায়িত্ব সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের। ফেরি রক্ষণাবেক্ষণ বিভাগ প্রতি মাসেই ফেরিগুলোর অবস্থা জানিয়ে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠায়। কিন্তু মন্ত্রণালয়ের তরফে দুঃখজনকভাবে এ ব্যাপারে কোনো সাড়া নেই। আমরা মনে করি, পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এ নিয়ে নিষ্ক্রিয় থাকার আর কোনো সুযোগ নেই। যাত্রীদের দুর্ভোগ লাঘবে নতুন ইঞ্জিন কেনাসহ প্রয়োজনীয় সব উদ্যোগ অবিলম্বে নিতে হবে।