২০ জন প্রবাসী শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও সার সার কফিন আসছে বিদেশ থেকে। তার ভেতরে কারও না কারও স্বজনের লাশ। গত ১০ বছরে এসেছে প্রায় ১৭ হাজার প্রবাসী শ্রমিকের লাশ। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২০ জন বাংলাদেশি। পাশাপাশি শ্রীলঙ্কার সমুদ্রে মরণাপন্ন অবস্থায় শতাধিক শ্রমিকের আটক হওয়া এবং একজনের মৃত্যুর ঘটনাও করুণ বাস্তবতা। এই মৃত্যুগুলো প্রবাসী শ্রমিকদের জীবনের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সরকারের দায়িত্বটি পুনরায় স্মরণ করিয়ে দিচ্ছে।অনেকেই বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী শ্রমিকদের বিপুল অবদানে গর্ব বোধ করেন। কিন্তু কিসের বিনিময়ে তা অর্জিত হচ্ছে, তা অনেক সময় ভেবে দেখা হয় না। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় ২০ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। তাঁরা কর্মস্থলে যোগ দিতে নিয়োগদাতা কোম্পানির বাসে করে যাচ্ছিলেন। শ্রমিকদের লাশ দেশে নিয়ে আসা এবং তাঁদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ পাওয়ার ব্যবস্থা করার দায়িত্ব সরকারেরই। বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমআইটি) গত এক দশকে প্রবাসী শ্রমিকদের মৃত্যুর পরিসংখ্যান রাখছে। সেই হিসাবে ২০০৩ সালে মৃতের সংখ্যা ছিল এক হাজার ৪০২ জন। গত বছরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছে দুই হাজার ৩৮৩ জন বাংলাদেশির লাশ। এর কারণ যেমন অধিক হারে শ্রমিক গমন, তেমনি অধিকতর অনিরাপদ পরিবেশে তাঁদের নিয়োগদান। যে শ্রমিকেরা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন, তাঁদের কর্মপরিবেশ যথাযথ কি না, নিয়োগদাতা কোম্পানি তাঁদের জীবন বিমা, স্বাস্থ্য বিমা ইত্যাদি করাচ্ছে কি না, দুর্ঘটনায় বা স্বাভাবিক মৃত্যু যা-ই হোক না কেন, মৃত শ্রমিকদের পরিবার নিয়োগদাতা বিদেশি কোম্পানির কাছ থেকে উপযুক্ত ক্ষতিপূরণ পাচ্ছে কি না, তা দেখাও বাংলাদেশের দূতাবাস এবং ঢাকার সরকারি সংস্থাগুলোর দায়িত্ব। প্রবাসী শ্রমিকেরা দেশের বৈদেশিক মুদ্রার একক বৃহত্তম উৎস। তাঁদের অবদানেই দেশে বেকারত্ব ও দারিদ্র্য কমছে। তাঁদের পাঠানো ডলার দিয়ে বাংলাদেশ তার রপ্তানি-ব্যয় ও বৈদেশিক ঋণ পরিশোধ করে। এসব বিচারে তাঁরাই দেশের সম্মানিত ও উৎপাদনশীল নাগরিক। কোনো দায়িত্বশীল রাষ্ট্র এ রকম গুরুত্বপূর্ণ পেশার নাগরিকদের করুণ পরিণতিতে উদাসীন থাকতে পারে না।