২০০ উপজেলায় আবহাওয়া স্টেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খনার বচন বলছে: ‘আষাঢ়ের পঞ্চ দিনে/ রোপণ করে ধানে/ বাড়ে তার কৃষিবল/ কৃষিকার্য তার সফল/ শ্রাবণে বয় পুবে বায়/ হাল ছেড়ে চাষা বাণিজ্যে যায়/ ভাদ্র আশ্বিনে বহে ঈশান/ কাঁধে কোদাল নাচে কৃষাণ।’

আগেকার দিনে এই ধরনের বচন থেকে কৃষকেরা জেনে নিতেন কোন মাসে প্রকৃতিতে কী পরিবর্তন আসে এবং সেই পরিবর্তন লক্ষণ দেখে কী ফসল লাগাতে হয় কিংবা কীভাবে ফসলের পরিচর্যা করতে হয়। এসব বচনই তখন ছিল কৃষি নির্ঘণ্ট।

কিন্তু সময় বদলে গেছে। প্রকৃতি বদলে গেছে। বর্ষা বললেই আমবাঙালির মনে অঝোরধারার কথা মনে আসে। কিন্তু সাম্প্রতিক পর্যবেক্ষণ বলছে, কোনো কোনো বছর আষাঢ় তো দূরের কথা, শ্রাবণেও ভারী বৃষ্টির দেখা পাওয়া যায় না। ‘আষাঢ়ের পঞ্চ দিনে’ অর্থাৎ আষাঢ়ের গোড়াতেই খনা ধান রোপণ করতে বলছেন। কিন্তু এখন এমনও হয়, কোনো বছর শ্রাবণেও কৃষক বৃষ্টির অভাবে আমনের বীজতলা তৈরি করতে পারেন না।

অর্থাৎ প্রকৃতি তার সাবেকি রুটিন পাল্টে ফেলছে। প্রকৃতি ‘বদলের’ জেরে কৃষিকাজের বরাবরের নির্ঘণ্টও ভেস্তে যাচ্ছে। তার সঙ্গে খাপ খাওয়াতে গেলে এখন আর খনার বচনে আটকে থাকলে চলে না। এখন দরকার আবহাওয়ার নির্ভুল পূর্বাভাস। এ বিষয়ে সরকার একটি জরুরি উদ্যোগ নিয়েছে। উপজেলা পরিষদের ভূমি ব্যবহার করে কৃষিভিত্তিক স্বয়ংক্রিয় আবহাওয়া পর্যবেক্ষণাগার স্থাপন করা হচ্ছে। এ জন্য ২০০ উপজেলায় স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন স্থাপন করা হচ্ছে। এখান থেকে নির্ভুল পূর্বাভাস পাওয়া যাবে।

একেকটি আবহাওয়া পর্যবেক্ষণাগার স্থাপনের জন্য প্রয়োজন হবে মাত্র ২২০ বর্গফুট জায়গা। অঞ্চলভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস পাওয়া গেলে চাষবাস অনেক সহজ হয়ে যাবে। চারা রোপণ, বীজ বপন, পরিচর্যা—সব ক্ষেত্রেই এই প্রযুক্তি দারুণভাবে সহায়ক হবে। বিশেষ করে বড় ধরনের বিপর্যয় থেকে
ফসল রক্ষার জন্য কৃষক আগাম প্রস্তুতির সুযোগ পাবেন। এটি কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনে দিতে পারে, যা সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে বেগবান করে তুলবে।

এই পর্যবেক্ষণাগারগুলো যথাযথভাবে নির্মাণ করার বিষয়টি কর্মকর্তাদের বাড়তি মনোযোগ দাবি করে। কেননা, এই স্টেশনগুলোর কার্যক্ষমতার সঙ্গে কৃষি উৎপাদন তথা কোটি কোটি মানুষের রুটি–রুজির বিষয়টি সরাসরি সম্পৃক্ত। স্থানীয় আবহাওয়ার নির্ভুল পূর্বাভাস পেলে কৃষক যেমন উপকৃত হবেন,
তেমনি ভুল পূর্বাভাসে তাঁদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। স্থানীয় কৃষকদের মধ্যে এই নির্ভুল আবহাওয়ার পূর্বাভাস পৌঁছে দিতে বিশেষ ক্যাম্পেইন করাও দরকার।

এই পর্যবেক্ষণাগার থেকে তাঁরা কী কী সুফল পেতে পারেন, তা যত দ্রুত সম্ভব তাঁদের জানালে পুরো দেশবাসী প্রত্যক্ষ ও পরোক্ষ সুফল ভোগ করবে।