কুড়িগ্রামের যাত্রাপুরের চর। স্কুলে যাবে ছোট্ট মেয়ে ফুলি। সে পড়ে ক্লাস ফোরে। তার ছোট ভাই ফুলমিয়া পড়ে ক্লাস ওয়ানে। তাদের মা আইনুন নাহার ছেলেমেয়ের জন্য টিফিনবক্স সাজাচ্ছেন। বাড়িতেই গরু আছে অনেকগুলো, উন্নত প্রজাতির গরু, স্বাস্থ্যবান, তারা দুধ দেয় অনেক। হাঁস-মুরগির খামার আছে বাড়ির পেছনটায়। ডিমের কোনো অভাব নেই। তিনি আজ ছেলেমেয়ের জন্য পুডিং রেঁধেছেন। তার সঙ্গে দিয়ে দিয়েছেন ডিমের অমলেট আর পরোটা। ইদানীং পঞ্চগড় এলাকায় স্ট্রবেরির চাষ হয়, মেয়েটা খুব পছন্দ করে, বেশ কিছু স্ট্রবেরিও ভরে দিলেন তিনি। ছেলেটা দুধ খেতে পছন্দ করে, সকালবেলাই এক গেলাস দুধ খেয়ে নিয়েছে। তাদের মা আইনুন নাহার নিজে ডিগ্রি পাস। ২৫ বছর আগে ২০০৮ সালে ফ্রি প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছিলেন, বিএ পাস করে আপাতত লেখাপড়া বন্ধ। সংসার করছেন আর এই খামারবাড়ি সামলাচ্ছেন। পুকুরভরা মাছ, একটা পুকুরে ইলিশ মাছেরও চাষ হচ্ছে, আকার ভালোই হয়, তবে স্বাদটা এখনো নদীর ইলিশের মতো নয়। তাঁর স্বামী কলিম উদ্দিন কিষান বিএসসি পাস। তাঁদের গ্রামটা ছবির মতো। চরটার চারদিকে বাঁধ দেওয়া হয়েছে। বন্যার জল ঢুকতে পারে না। তবে স্লুইসগেট আছে। ভেতরের জমানো পানি বের করে দেওয়া যায়। আবার ভেতরের নিচু জায়গায় পানি ধরে রেখে শীতকালে সেচও দেওয়া যায়। সবার বাড়িতে বাথরুম আছে। তাঁরা ময়লা ফেলেন তিন ধরনের বিনে। জৈব বর্জ্য সার হিসেবে ব্যবহার করেন। প্লাস্টিক ইত্যাদি রিসাইকেল হয়। গ্রামে গ্রামসরকার আছে। তারা সবাই মিলে গ্রামের ভালোমন্দ দেখে। ইউনিয়ন পরিষদ আছে। উপজেলা পরিষদ। জেলা পরিষদ। সবাই মিলে মেয়াদ শেষে নির্বাচন করে। সেই নির্বাচন একটা উৎসবে পরিণত হয়েছে। সব বাচ্চা টিকা নিয়ে নেয়। সবাই বিশুদ্ধ খাবার পানি পায়। নিজেদের খেতের সবজিতে কীটনাশক কিংবা রাসায়নিক মেশানোর প্রশ্নই আসে না। বাংলাদেশের গ্রামগুলো ছবির মতো ঝকঝক করছে। সবার পরিবেশবান্ধব বাড়ি। রাস্তাঘাট উন্নত। পরিবেশবান্ধব জ্বালানিচালিত সব যান চলছে। সবার ঘরে বিদ্যুৎ। সবার ঘরে টেলিভিশন, কম্পিউটার, মোবাইল।ঢাকা তো পৃথিবীর একটা দর্শনীয় শহর। দোতলা, তিনতলা রাস্তা। আকাশ দিয়ে ট্রেন চলছে। মাটির নিচ দিয়ে ট্রেন চলছে। নদীর পানি ঝকঝক করছে। নদীভিত্তিক যোগাযোগব্যবস্থা বানানো হয়েছে। কোথাও কোনো যানজট নেই। রাস্তায় কেউ ময়লা ফেলে না। কেউ নিয়ম ভাঙে না। অপরাধ শূন্যের কোঠায় নেমে আসছে। ঘুষ-দুর্নীতির কথা আর কেউ ভাবে না।অনেকগুলো উন্নত বিশ্ববিদ্যালয় হয়েছে দেশে। সেসব ইউনিভার্সিটিতে পড়তে আসে বাইরের দেশের ছাত্ররা। বাংলাদেশ সরকার জাপান, অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকার গরিব মেধাবী ছেলেদের স্কলারশিপ দেয়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা করতে অনেক নোবেল পুরস্কারপ্রাপ্ত বিশেষজ্ঞ আসেন। এই দেশেই থেকে যান তাঁরা কাজের সুবিধার জন্য। বাংলাদেশের নাগরিকেরা নানা ক্ষেত্রে প্রায়ই নোবেল পুরস্কার পান।শান্তিশৃঙ্খলা সর্বত্র। আইন ভঙ্গ কেউ করে না। করলেই আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। কোনো নেতা তার মুক্তির জন্য সুপারিশ করেন না।অথচ ২০-২৫ বছর আগেও এই ধরনের একটা উন্নত দেশ কল্পনা করাও কষ্ট ছিল। এইমাত্র সেদিন ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল-এ একটা প্রতিবেদন প্রকাশিত হলো। বাংলাদেশ, হাউ মিরাকল হ্যাপেনড।তাতে বলা হয়েছে, বাংলাদেশের উন্নতির মূলে কাজ করেছে কতগুলো মৌলিক ব্যাপার। এক নম্বর হলো: শিক্ষা। ওই দেশে প্রথমে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হলো। তারপর মাধ্যমিক শিক্ষা। একটা সময় দেখা গেল, সবাই শিক্ষিত। যে কৃষিখামার গড়ছে, সেও শিক্ষিত, যে দোকানদারি করছে, সেও শিক্ষিত। সে সর্বক্ষেত্রে বিপ্লব আনল। মাছ চাষ, ফুল চাষ, মৌমাছির চাষ, ভুট্টা চাষ, কুলবরই চাষ—যে যা করছে, তাতেই একটা বড় বিপ্লব ঘটিয়ে ফেলছে। তাকে পেছন থেকে সাহায্য করল কৃষিবিজ্ঞানীরা, জিন বিজ্ঞানীরা। তারা এমন ফল তৈরি করল, যাতে পোকা ধরে না, ফলে কীটনাশক ব্যবহার করতে হয় না, ফল সংরক্ষণের এমন পদ্ধতি আবিষ্কার করল, যাতে ফরমালিন দিতে হয় না।বাংলাদেশের উন্নয়নের আরেকটা রহস্য হলো মানবসম্পদ রপ্তানি। ২০১৩ সালে প্রায় ৯০ লাখ বাংলাদেশি বিদেশে ছিল। তখন প্রতিদিন তিন হাজার করে মানুষ বিদেশে যেত। ফলে বছরে যেত ১১ লাখ। ওই হারটা জ্যামিতিক হারে বেড়ে গেল, কারণ, একজন বিদেশে গেলে সে তার আত্মীয়স্বজন, প্রতিবেশীকেও বিদেশে নিয়ে যায়। ফলে গত বিশ বছরে প্রায় ছয় কোটি মানুষ প্রবাসী হয়েছে কাজের সন্ধানে। আর এরা কেউ অদক্ষ শ্রমিক হিসেবে যায়নি, গেছে দক্ষ পেশাজীবী হিসেবে। ফলে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার কোনো অভাব আর নেই। মাথাপিছু আয় বেড়ে গেছে প্রচুর। সরকারের হাতে টাকার কোনো অভাব নেই। কলকারখানা হয়েছে, সবই পরিবেশবান্ধব, রাস্তাঘাট, বিদ্যুৎ, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের অগ্রগতি হয়েছে বিস্ময়কর।আর যখনই মাথাপিছু আয় বেড়ে গেছে, শিক্ষিতের হার বেড়ে গেছে এবং প্রবাসীরা ডলার ছাড়াও উন্নত জ্ঞান, ধারণা, মূল্যবোধ, শৃঙ্খলাবোধ, আইনের প্রতি শ্রদ্ধাশীলতা পাঠিয়ে দিয়েছে দেশে, দেশে আইনশৃঙ্খলা আপনাআপনি প্রতিষ্ঠিত হতে শুরু করেছে। পুঁজি প্রাথমিক দিকে লুটেরা পুঁজি হতে পারে, কিন্তু একবার কলকারখানা, ব্যবসাপ্রতিষ্ঠানে বিনিয়োজিত হওয়ার পর পুঁজি নিজের স্বার্থেই নিজেকে পাহারা দিতে শুরু করেছে। ফলে সবাই চায় আইনশৃঙ্খলা। সবাই চায় শান্তি। সরকারও চায়, বিরোধী দলও চায়, ব্যবসায়ীরা চায়, শিক্ষার্থীরা চায়। অর্থনৈতিক সচ্ছলতা উপরিকাঠামোর নানা উন্নতি ঘটাচ্ছে, বাংলাদেশ ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে একাধিকবার, অলিম্পিকেও সোনা জিতছে। বাংলাদেশের চলচ্চিত্র সারা পৃথিবীতে প্রশংসিত হচ্ছে। বাংলা সাহিত্যে নোবেল পুরস্কার বহু বছর পর এসে গেছে। আর পুরোনো প্রজন্মের রাজনীতিবিদেরা বিদায় নিয়েছেন, অবসর নিয়েছেন। নতুন প্রজন্মের রাজনীতিবিদদের মনোভাবই আলাদা। তাঁরা গণতান্ত্রিক রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল। তাঁরা বিরোধী দল ও বিরোধী মতকে দমন করেন না, শ্রদ্ধা করেন। ভোট হয়। কেউ জেতে কেউ হারে, দেশের মানুষের এই নিয়ে তেমন কোনো মাথাব্যথাই নেই। কারণ, মৌলিক বিষয়ে সবাই একমত। হাকিম নড়ে, হুকুম তো আর নড়ে না। ২.এটা কোনো দিবাস্বপ্ন নয়। এটা একটা বাস্তবতা। কোনো রকমে যদি টাইম মেশিনে চড়ে ২০৩৩ কিংবা ২০৪০ সালে যেতে পারতাম, তাহলে নিশ্চয়ই এই রকম একটা সুখী সমৃদ্ধ উন্নত আলোকিত বাংলাদেশই দেখতাম। উন্নয়নের ট্রাকে পৃথিবীর সবাই দৌড়াচ্ছে, এগিয়ে যাচ্ছে। ১৯৪৭ সালে সিঙ্গাপুর আমাদের চেয়ে অনুন্নত ছিল। সেই সিঙ্গাপুর এখন কোথায়? আমরাও পারব। যদি সময় নষ্ট না করি। যদি নিজেদের মধ্যে হানাহানি বন্ধ করি। যদি নিজেদের এগিয়ে যাওয়ার পথে নিজেরাই প্রতিবন্ধকতা সৃষ্টি না করি। যদি সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমাদের নেতারা আমাদের উন্নতির পথে হাতে ধরে হাঁটাবেন, এটা কেউ প্রত্যাশা করে না। কিন্তু তাঁরা নিজেরাই আমাদের উন্নতির পথে কাঁটা হয়ে থাকবেন, তা যেন না হয়। বাংলাদেশের মানুষ নিজেরাই নিজেদের উন্নতি ঘটিয়ে চলেছে। দেশে এবং দেশের বাইরে। কালকে খবর পেলাম, বাংলাদেশের তরুণ নির্মাতা কামার আহমাদের প্রামাণ্যচিত্র শুনতে কি পাও ফ্রান্সে শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেয়েছে। আমাদের ওয়াসফিয়া নাজরীন ইউরোপের শীর্ষ পর্বত জয় করেছেন। এই দেশটার কী বিশাল সম্ভাবনা! কী বিশাল সম্ভাবনা। আমরা কি এই সম্ভাবনাকে কাজে লাগাব না? নাকি এই সম্ভাবনাকে গলা টিপে নষ্ট করব? বাংলাদেশের মানুষ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কর্মযজ্ঞে নেমে পড়েছে, মেতে উঠেছে, আমাদের রাজনীতি যেন তাতে বাধা হয়ে না দাঁড়ায়।আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।