২১ লাখ শিক্ষার্থী যখন উদ্বিগ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ নভেম্বর রোববার দেশজুড়ে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হচ্ছে, আর জামায়াতে ইসলামীর ঘোষিত তিন দিনের হরতালের দ্বিতীয় দিনটি হচ্ছে রোববার। বৃহস্পতিবার হরতাল করে শুক্রবার-শনিবার বিরতি দিয়ে রোববার থেকে আবার হরতাল শুরু করার ঘোষণা দিয়ে জামায়াত কি দেশবাসীকে এটাই বোঝাতে চায় যে সারা দেশের ২১ লাখ পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিরাট অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে নিক্ষেপ করাই দলটির লক্ষ্য?
ছুটির দিনগুলোতে কেউ হরতাল ডাকে না, ডাকে শুধু কর্মদিবসগুলোতে। এর মানে কী? জনগণকে জিম্মি করা। কিন্তু এটা কোনো গণতান্ত্রিক রাজনৈতিক মানসিকতা হতে পারে না। জনসাধারণের ভোগান্তি ও জাতীয় অর্থনীতির ক্ষয়ক্ষতির কারণ ঘটিয়ে রাজনৈতিকভাবে লাভবান হওয়ার চিন্তার মধ্যেই গুরুতর গলদ রয়ে গেছে। হরতাল এমন এক জনস্বার্থবিরোধী ও বিপজ্জনক তৎপরতা, যেটাকে এখন আর রাজনৈতিক কর্মসূচি হিসেবে স্বীকৃতি দেওয়াই চলে না। কারণ, হরতালের ডাক দিয়ে হরতাল আহ্বানকারীরা জনসাধারণের স্বতঃস্ফূর্ত সাড়া-সমর্থনের প্রত্যাশায় ঘরে বসে থাকেন না। বরং হরতাল ‘সফল’ করতে তাঁরা রাজপথে নেমে ‘পিকেটিং’-এর নামে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালান, যার শিকার হয় নিরীহ জনসাধারণ ও জাতীয় অর্থনীতি।
হরতালে উদ্বিগ্ন ২১ লাখ পরীক্ষার্থীআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড ঘোষণার বিষয়ে দলটি তার অবস্থান তুলে ধরতে চাইলে তা অবশ্যই শান্তিপূর্ণ পন্থায় হতে হবে। জনসাধারণের ওপর ‘হরতাল’ নামক জবরদস্তি চাপানোর অধিকার তাদের নেই। শুধু জামায়াতের কেন, কোনো দল বা সংগঠনেরই অধিকার নেই নাশকতা-নৈরাজ্য সৃষ্টি করার, স্বাভাবিক জনজীবনে বিঘ্ন ঘটানোর। সবার উচিত হরতাল পরিত্যাগ করে রাজনৈতিক প্রতিবাদের অন্যান্য উপায় খোঁজা। আর হরতাল যদি একান্তই ডাকতে হয়, অন্তত পরীক্ষার দিনে যেন তা না ডাকা হয়। এই কথা সব রাজনৈতিক দলের জন্য প্রযোজ্য।
জামায়াত নেতাদের প্রতি আমাদের আহ্বান, ২১ লাখ কোমলমতি শিক্ষার্থীর কথা ভেবে অন্তত রোববারের হরতাল প্রত্যাহার করুন।