২৫ মার্চ গণহত্যা দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঁচিশে মার্চ গণহত্যা দিবস ঘোষিত হওয়ায় জাতীয় সংসদকে আমরা ধন্যবাদ জানাই। মুক্তিযুদ্ধের স্মরণে আমাদের বেশ কটি জাতীয় দিবস থাকলেও গণহত্যা স্মরণের দায়সংবলিত কোনো নির্দিষ্ট দিবস আমাদের ছিল না। গণহত্যা দিবস ঘোষণা মুক্তিযুদ্ধকে লালনকারী জনগণ, শহীদ পরিবার এবং গবেষকদের অনেকেরই বহু পুরোনো দাবি। এর মধ্য দিয়ে আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের মর্মান্তিক ইতিহাসের সঙ্গে পরিচিত করার বার্ষিক উপলক্ষও তৈরি হলো।
গত শতকের ভয়াবহ গণহত্যাগুলোর অন্যতম ছিল বাংলাদেশ গণহত্যা। পাকিস্তানি বাহিনী বাঙালিদের স্বাধীনতার আকাঙ্ক্ষা দমন এবং জাতিগত শুদ্ধির লক্ষ্যে পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে লাগাতার হত্যাকাণ্ড চালায়। অথচ বিশ্বে হলোকস্ট ও আর্মেনীয় গণহত্যার প্রসঙ্গ যতটা আলোচিত হয়, বাংলাদেশের জনগণের এই মহান আত্মত্যাগের কথা ততটা আসে না। বাংলাদেশ সেই দেশ, যা স্বাধীনতার পরপরই গণহত্যার বিচারে আইন প্রণয়ন এবং বিচারের পদক্ষেপ নিয়েছিল। এবং স্বাধীনতার চার দশক পরে হলেও গণহত্যা তথা সে সময়ে ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধের বিচারের দৃষ্টান্তও তৈরি করেছে। পাশাপাশি ভুলে যাওয়া যাচ্ছে না, গণহত্যা দিবস ঘোষণার জন্য বাংলাদেশকে ৪৬ বছর অপেক্ষা করতে হলো।
বাংলাদেশে পরিচালিত পাকিস্তানি গণহত্যার স্বীকৃতি ও তার স্মরণের জন্য বাংলাদেশ আন্তর্জাতিক মহলের মুখাপেক্ষী নয়; বরং আমাদেরই কর্তব্য হলো এই স্মরণীয় আত্মদানের ইতিহাস বিশ্বময় প্রচারে কাজ করে যাওয়া। গণহত্যা দিবস ঘোষণার মাধ্যমে সেই কাজ বেগবান হলো। তা ছাড়া ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (বাংলাদেশ) আইন পাস ও যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়ার মাধ্যমেই বাংলাদেশের গণহত্যার বিষয়টি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে। পাকিস্তান ছাড়া অন্য কোনো দেশই ১৯৭১-এর গণহত্যার কথা অস্বীকার করে না।
কোনো বিদেশি গবেষক কিংবা স্বার্থপ্রণোদিত কোনো কোনো ব্যক্তি মুক্তিযুদ্ধের গণহত্যার ব্যাপকতাকে খাটো করে দেখার যে চেষ্টা করে থাকেন, গণহত্যা দিবস ঘোষণার পর তাঁদের আর হালে পানি পাওয়ার কথা নয়। বাংলাদেশের স্বাধীনতা কেবল রাষ্ট্রীয় ঘটনা নয়, তা বিশ্বমানবতার নিপীড়নবিরোধী সংগ্রামেরও একটা মাইলফলক। বাংলাদেশের গণহত্যা দিবস ঘোষণা বিশ্বের যেখানেই গণহত্যার চেষ্টা চলবে, তার বিরুদ্ধে মানুষের চেতনায় একটি হুঁশিয়ারি হিসেবে কাজ করবে, এটাই আমাদের আন্তরিক প্রত্যাশা। বাংলাদেশের মানুষের সঙ্গে যে বর্বর আচরণ করা হয়েছে, তার কোনো পুনরাবৃত্তি যেন কারও সঙ্গে করা না হয়; এই প্রত্যয় জানানোর জন্যই যুগ যুগ ধরে ২৫ মার্চ জেগে থাকবে।