২৭ দুর্ভাগা মেয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম শ্রেণি পড়ুয়া একটি মেয়ের বয়স কতই বা হতে পারে? খুব বেশি হলে ১৪-১৫ বছর! সাধারণভাবে বলা হয় কিশোরী, কিন্তু জাতিসংঘ, এমনকি আমাদের দেশের আইন অনুসারেও এরা শিশু। এ রকম ২৭টি শিশু কিংবা কিশোরী গত শুক্রবার শুরু হওয়া জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় অংশ নিতে পারেনি। কারণ, তাদের বিয়ে দেওয়া হয়েছে।
এই দুঃসংবাদ এসেছে কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলা থেকে। একটি উপজেলাতেই যদি দুই ডজনের বেশি মেয়ে বাল্যবিবাহের কারণে অষ্টম শ্রেণিতেই শিক্ষাজীবন থেকে ঝরে যায়, তাহলে সারা দেশে এ রকম দুর্ভাগ্যের শিকার মেয়ের সংখ্যা মোট কত হতে পারে, তা ভেবে দুঃখ হয়। শিক্ষা মন্ত্রণালয় কিংবা নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় অথবা সরকারি–বেসরকারি অন্য কোনো সংস্থা এ বিষয়ে খোঁজ নিলে একটি চিত্র পাওয়া যেতে পারে। তার ফলে আরও স্পষ্ট হতে পারে আমাদের দেশে বাল্যবিবাহের কারণে শিক্ষাজীবন থেকে ঝরে পড়ার হার কত ব্যাপক। এটা বিশেষভাবে লক্ষণীয় যে এই মেয়েদের বিয়ে হয়েছে জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষার প্রাক্কালে। তারা জেএসসি বা জেডিসি পরীক্ষা দেবে বলে নিবন্ধন করেছিল। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার আগেই তাদের বিয়ে দেওয়া হয়েছে। একটি মেয়েকে তো বিয়ে দেওয়া হয়েছে ঠিক পরীক্ষা শুরুর দিনই।
শিক্ষাজীবন থেকে ঝরে পড়ার অন্যান্য কারণের মধ্যে মেয়েদের বাল্যবিবাহ যে বড় একটা কারণ, তা নিকলীর এই ঘটনা থেকে আরও স্পষ্ট হলো। বাল্যবিবাহের এমন ক্ষতিকর দিক জানা থাকা সত্ত্বেও সরকার কীভাবে মেয়েদের বিয়ের বয়সসীমা কমানোর কথা ভাবতে পেরেছিল, তা ভেবে বিস্ময় জাগে। প্রতিবাদের মুখে সে উদ্যোগ চাপা পড়েছে বটে, কিন্তু সেটাই যথেষ্ট নয়। বাল্যবিবাহ সম্পূর্ণ বন্ধ করতে আইনি পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ব্যাপক উদ্যোগ নেওয়া প্রয়োজন। নইলে এই ভয়াবহ সামাজিক অভিশাপ থেকে মুক্তি পাওয়া অত্যন্ত কঠিন।