ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহীর নিহত হওয়ার মর্মান্তিক ঘটনায় টহলরত পুলিশের বিরুদ্ধে লাঠি ছোড়ার অভিযোগ উঠেছে। পুলিশ তা অস্বীকার করলেও তার গ্রহণযোগ্যতা প্রশ্নসাপেক্ষ। কয়েক মাস আগে ওই একই এলাকায় চলন্ত মোটরসাইকেলে হাইওয়ে পুলিশের লাঠি ছোড়ার আরেকটি ঘটনায় মোটরসাইকেলে আগুন ধরে যায় এবং তাতে চালক নিজেও দগ্ধ হন।
আরও অভিযোগ পাওয়া গেছে যে ওই হাইওয়ে পুলিশ সংশ্লিষ্ট মহাসড়কের নিরাপত্তায় যত্নশীল নয় বরং সেখানে যানবাহন থামিয়ে ‘তোলা’ আদায়সংক্রান্ত তাদের বেআইনি তৎপরতা চালিয়ে থাকে। সোমবার সরাইলের ঘটনায় হেলমেটবিহীনভাবে তিনজনের মোটরসাইকেল আরোহণে নিশ্চয় অনিয়ম ঘটেছিল। তাই তাঁদের গতিরোধে সংকেত দিতে পুলিশের অধিকারও স্বীকৃত। কিন্তু পুলিশ দাবি করেছে যে তাদের সংকেত পেয়ে মোটরসাইকেলটি গতি কমালে বেপরোয়া ট্রাকের চাপায় তাঁরা পিষ্ট হন। বেলা সোয়া ১১টার দিকে সংঘটিত এ ঘটনার উল্লেখযোগ্যসংখ্যক প্রত্যক্ষদর্শী রয়েছেন। এবং প্রথম আলোর কাছে তাঁরা স্বীকারও করেছেন যে নিরপেক্ষ তদন্তকারীদের কাছে তাঁরা পুলিশের দৌড়ে ধাওয়া করা ও লাঠি ছোড়ার বিষয়ে মুখ খুলতে রাজি আছেন। এ অভিযোগ সত্য হলে সংশ্লিষ্ট পুলিশকে মারাত্মক ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্ত হতে হবে। অপরদিকে এই ঘটনায় এটাও খতিয়ে দেখা দরকার যে হাইওয়ে পুলিশের যানবাহন সংকট বা অন্য কোনো ধরনের লজিস্টিকসের অভাব তাদের দৌড়ে ধাওয়া করতে ‘উৎসাহিত’ করে কি না।
এটা দুঃখজনক ও নিন্দনীয় যে এ ঘটনার পরে বিক্ষুব্ধ স্থানীয় জনগণ সহিংস কর্মসূচিতে অংশ নিয়েছেন। তবে এটাও ঠিক যে অনেক সময় ন্যায়বিচার না পাওয়ার বোধ সাধারণ মানুষকে ক্ষুব্ধ করে। ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্যাংকলরি মালিক সমিতির নিহত তিন নেতার ভুক্তভোগী পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি রাষ্ট্রকে বিবেচনায় রাখতে হবে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উচিত এ ঘটনায় একটি নিরপেক্ষ তদন্ত ও তার রিপোর্ট প্রকাশের চ্যালেঞ্জ গ্রহণ করা।