ঢাকার দুই সিটি করপোরেশন যখন প্রশাসকদের অধীনে চলছিল, তখন নানা দুর্নীতির ঘটনা ঘটেছে বলে আলোচনা ছিল। এখন তদন্তের মাধ্যমে বিষয়টির প্রমাণ মিলেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সাবেক তিন প্রশাসকের সময় প্রায় ৩০০ কোটি টাকার আর্থিক অনিয়মের বিষয়ে নিশ্চিত হয়েছে। এই তিন কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বিষয়টি জানিয়ে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর চিঠিও দেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই উদ্যোগ সাধুবাদ পাওয়ার যোগ্য। তবে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, সেটাই এখন দেখার বিষয়।
অভিযুক্ত তিন কর্মকর্তা বর্তমানে সরকারের তিন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তাঁরা হলেন ঢাকার বিভাগীয় কমিশনার জিল্লার রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইব্রাহীম হোসেন খান ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নজরুল ইসলাম। সিটি করপোরেশনের প্রশাসক থাকার সময় যদি তাঁরা দুর্নীতিতে জড়িয়ে থাকেন ও প্রায় ৩০০ কোটি টাকার অনিয়ম তাঁদের মাধ্যমে হয়ে থাকে, তবে এ ধরনের পদে বসেও তাঁরা একই কাজ করবেন—এমন ধারণা করার যথেষ্ট কারণ রয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটিতে দুর্নীতির প্রমাণ মেলায় এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচিত এ ধরনের কর্মকর্তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আর্থিক অনিয়মের দায়ে এই কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনেও ব্যবস্থা নিতে হবে।
একই সঙ্গে আমরা আশা করব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মতো ঢাকা উত্তর সিটি করপোরেশনের অনিয়মের অভিযোগগুলোর তদন্তের ফলাফল অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সেখানেও অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে এবং বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠকে আলোচিত হয়েছে।