৩৪তম বিসিএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি চাকরিতে প্রবেশের আগে পুলিশ বিভাগের ছাড়পত্রের বিধান অনেক দেশেই আছে। যদিও আমাদের দেশে ব্রিটিশ ঔপনিবেশিক ও পাকিস্তান আমলে এটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার এন্তার উদাহরণ আছে। স্বাধীন বাংলাদেশেও পূর্বাপর সব সরকারের আমলেই তার পুনরাবৃত্তি ঘটে চলেছে।

প্রথম আলোরপ্রতিবেদনে যেসব চাকরিপ্রার্থীর বিবরণ ছাপা হয়েছে, তাতে দেখা যায় যে পরিবারের কেউ ভিন্ন রাজনৈতিক দল করতেন কিংবা ছাত্রজীবনে ভিন্নমতের ছাত্রসংগঠনের কৃপায় হলে সিট পেয়েছেন, এসব ঠুনকো অভিযোগে তাঁদের নিয়োগ আটকে দেওয়া হয়েছে। অর্থাৎ রাজনৈতিক কারণেই তাঁরা হয়রানির শিকার হয়েছেন।

সরকারি চাকরিতে নিয়োগের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বা ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ আছে কি না, সেটি পরখ করে দেখা নিয়ম। এ ক্ষেত্রে ছাত্রজীবনে কোন ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন বা তাঁর পরিবার কোন দলের সঙ্গে সম্পৃক্ত, সেসব বিচার্য বিষয় হতে পারে না।

ঠুনকো অজুহাতে দেশের মেধাবী শিক্ষার্থীদের এভাবে সরকারি চাকরি থেকে বঞ্চিত ও অসম্মানিত করা মেনে নেওয়া যায় না। এ ব্যাপারে আমলারা যেসব ব্যাখ্যা দিয়েছেন, তা–ও গ্রহণযোগ্য নয়। গোয়েন্দা বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট একজন জানিয়েছেন, তাঁদের প্রতিবেদন ভুলও হতে পারে। স্বভাবতই প্রশ্ন আসে, সেই ভুলের খেসারত কে দেবে? সব পরীক্ষায় উত্তীর্ণ কোনো প্রার্থীর বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ না থাকে, তাহলে অবশ্যই তাঁর নিয়োগ নিশ্চিত করতে হবে।