৩৭ জনের সলিলসমাধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাদের ফিরতে দেরি হয়ে গেল অথচ বোরো মৌসুম শুরু হয়ে গেছে। রাতের আঁধারে নৌকাভর্তি মানুষগুলো হয়তো ধান কাটার স্বপ্নে বিভোর ছিলেন। হয়তো পাথরের কেয়ারিতে গতর খাটিয়ে উপার্জিত টাকাগুলোর উষ্ণতা তাঁদের শরীর জুড়িয়ে দিচ্ছিল। কিন্তু নৌকাটি যেভাবে পৌঁছানোর কথা, সেভাবে পৌঁছাল না। তাঁদের জীবনের নৌকাটি হাওরপারের গ্রামগুলোতে পৌঁছায় দুই দিন পর। ততক্ষণে জীবননৌকা হয়ে গেছে শবের নৌকা। এত শব বহনের ভার কি কেবলই তাঁদের স্বজনের? কর্তৃপক্ষের কি কোনো দায় নেই? তাঁরা কি কেবল দাফনের খরচ জুগিয়েই খালাস পাবে?বাংলাদেশে জীবন ও মৃত্যুর ব্যবধান খুব বেশি নয়। কদিন আগেই পোশাক কারখানায় আগুন লেগে প্রাণ গেল ২৬ জন শ্রমিকের। তার পরপরই গত শনিবার সুনামগঞ্জের নৌকাডুবির ঘটনায় হারিয়ে গেল আরও ৩৭টি প্রাণ। আগুন আর পানি সভ্যতা ও জীবনের প্রতীক, কিন্তু অবহেলা আর নিয়ম লঙ্ঘনের জন্য তা-ই হয়েছে গণমৃত্যুর কারণ। এর দায় তাই কাউকে না কাউকে নিতেই হবে। দুর্ঘটনার কারণ যাত্রীবাহী নৌকা আর বালুবাহী ট্রলারের সংঘর্ষ। জলযান দুটির কোনোটিতেই বাতি ছিল না এবং বলগেট নামের মালবাহী ট্রলারটির গতি ছিল বেপরোয়া। এ ধরনের মালবাহী জলযানের কোনো অনুমোদন নেই। যারা তা চালাচ্ছিল, তাদের কোনো লাইসেন্স আছে কি না, তাও জানা যায়নি। সর্বোপরি, অন্ধকার নদীর বাঁকে বাতি বা কোনো সতর্কসংকেত ছাড়াই ট্রলারের গতি ছিল বেপরোয়া। আর এ কারণেই যাত্রীবাহী নৌকাটির পক্ষে সতর্ক হওয়া সম্ভব হয়নি। সুতরাং দুর্ঘটনা বলা হলেও এটি আসলে বিভিন্ন পক্ষের দায়িত্বহীনতার ফল।২০০৩ সালেও এই সুরমা নদীতে পাথরশ্রমিকবাহী নৌকার সঙ্গে বালুবাহী জলযানের সংঘর্ষে ৮৫ জনের মৃত্যু হয়েছিল। তার পরও এই নৌপথে জলযানগুলোকে নিয়ম মানতে বাধ্য করার ব্যাপারে কোনো কঠোরতা আরোপ করা হয়নি। তারই ফল, আরও ৩৭ জনের মৃত্যু। এত মৃত্যু কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নাড়াতে সক্ষম হবে?