যে কথা রাখার কথা ছিল ৪৪ বছর আগে, সেই প্রতিশ্রুতি পালিত হয়েছিল গত বছর। তারই ধারাবাহিকতায় এবার ৪১ জন বীরাঙ্গনাকে প্রকৃত মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হলো। দেশের স্বাধীনতার জন্য যে অপরিমেয় মূল্য দিতে হয়েছিল তাঁদের,
তার প্রতিদান হয়তো কোনোভাবেই দেওয়া সম্ভব নয়। তাহলেও মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় সম্মান তাঁদের সামাজিক মর্যাদার উত্তরণে ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে এই তালিকা বীরাঙ্গনাদের প্রকৃত সংখ্যায় পৌঁছানোর দরকার আছে। অভিনন্দন মুক্তিযুদ্ধের বীর নারীগণ।
গত বছর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের এক সভায় একাত্তরের নির্যাতিত নারীদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এর মাধ্যমে প্রায় চার দশক বয়সী একটি জাতীয় দাবি পূরণের পদক্ষেপ নেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার ৪১ জন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন। সরকার ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে এ জন্য অভিনন্দন।
একাত্তরের নির্যাতিত নারীদের সামাজিক পুনর্বাসন ছিল এক দুঃসাধ্য কাজ। বাংলাদেশের সমাজের রক্ষণশীল একটি অংশের মধ্যে তাঁদের বিষয়ে অন্যায়ভাবে ‘কলঙ্কের’ ধারণা বহাল ছিল এবং আছে। রাষ্ট্রীয় স্বীকৃতি সেই কলঙ্ক লেপনের সংস্কৃতিকে দূর করবে, এটাই প্রত্যাশা। স্বাধীনতার জন্য সর্বোচ্চ ব্যক্তিগত ত্যাগ স্বীকার করার থেকে বীরত্বের ও মহত্ত্বের আর কী হতে পারে? অথচ স্বাধীন দেশে তাঁদের অধিকাংশই স্বাভাবিক জীবন ফিরে পাননি। পাকিস্তানি সেনা ও তাদের দেশীয় সহযোগীরা তাঁদের যেভাবে আক্রান্ত করেছিল, স্বাধীন দেশের সমাজ ও রাষ্ট্রে সেই বেদনার সহমর্মিতা সবার মধ্যে না থাকা দুঃখজনক।
মনে রাখা উচিত, নির্যাতনের শিকার হয়ে যাঁরা বেঁচে ছিলেন তাঁদের অনেকেই হারিয়ে গেছেন, আত্মহত্যা করেছেন, তলিয়ে গেছেন অপমান আর উদাসীনতার অন্ধকারে। তাঁদের ঋণ কোনো দিনই শোধ করা যাবে না। মুক্তিযোদ্ধার স্বীকৃতি কেবল সেই ঋণ স্বীকারের প্রাথমিক ধাপ। তাঁদের সম্মানজনক স্বচ্ছন্দ জীবনের জন্য আর্থিক ও প্রাতিষ্ঠানিক অনেক সহায়তা প্রয়োজন। পাশাপাশি যাঁরা নিজেদের পাদপ্রদীপের আলোয় আনতে নারাজ, তাঁদের ব্যক্তিগত নির্জনতা যেন ভঙ্গ করা না হয়।