করোনাকালে দেড় বছর বন্ধ থাকার পর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবার শিক্ষার্থীদের পদচারণ শুরু হয়েছে। কিন্তু বরগুনার পাথরঘাটায় প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা মিলিয়ে ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী ও শিক্ষকের ভোগান্তি পিছু ছাড়ছে না। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রবেশপথ চলাচলের অনুপযোগী হওয়ায় তাদের কষ্টের শেষ নেই। বেশির ভাগ বিদ্যালয়ে প্রবেশের রাস্তা কাঁচা, ফলে বৃষ্টির পর সেগুলো জলমগ্ন ও কর্দমাক্ত হয়ে পড়ছে। আবার কিছু রাস্তা ইট বিছানো হলেও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেগুলোর অবস্থাও সঙিন। সংশ্লিষ্টদের অভিযোগ, বছরের পর বছর ধরে রাস্তাগুলোর বাজে হাল। অথচ দেখার কেউ নেই।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, পাথরঘাটা পৌর শহরের ব্যস্ততম এলাকায় অবস্থিত বরিশাল বিভাগের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান তাসলিমা মেমোরিয়াল একাডেমি। এই বিদ্যালয়ে যাওয়ার জন্য চারটি রাস্তা রয়েছে। এর মধ্যে তিনটিই ভাঙাচোরা। অন্য রাস্তাটি সরু হওয়ায় চলাচল করা যায় না। এতে প্রতিষ্ঠানটির সাড়ে সাত শ ছাত্রছাত্রীর পাশাপাশি শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে প্রবেশের রাস্তা দুটির অবস্থা আরও বেহাল। একটি পথ বর্তমানে পানিতে তলিয়ে আছে। অন্য পথটি ভাঙা আর কর্দমাক্ত।
পাথরঘাটা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা একাডেমিক সুপারভাইজারের কাছ থেকে জানা গেছে, উপজেলায় ৩২টি প্রাথমিক বিদ্যালয়, ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩টি মাদ্রাসার প্রবেশপথ এখন চলাচলের অনুপযোগী। তবে এই সংখ্যা আরও বেশি বলে দাবি করেছেন উপজেলা প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষক সমিতির নেতারা। তাঁরা বলেন, ছাত্রছাত্রী ও শিক্ষকেরা এখন যে কষ্টের মধ্যে আছেন, তা বলে বোঝানো যাবে না।
বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম এম মিজানুর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রবেশপথের অবস্থা দেখে তিনি ব্যথিত হয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধানের চেষ্টা চলছে। তাসলিমা মেমোরিয়াল একাডেমি ও আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানই শহর এলাকার। এ দুটি বিদ্যালয়ের প্রবেশপথের হাল যখন এত করুণ, তখন অন্যগুলোর অবস্থা যে কী হতে পারে, সেটা সহজেই অনুমেয়। জেলা শিক্ষা কর্মকর্তার মন্তব্যে সে চিত্রই ফুটে উঠেছে। শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। তাদের বিদ্যালয়ে যাওয়ার রাস্তা কেন চলাচল অনুপযোগী হবে? তাদের প্রতি কেন এই অবহেলা, এর জবাবদিহি কে করবে? পাথরঘাটার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রবেশের রাস্তা সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আশু পদক্ষেপ নিতে হবে। শিক্ষক-শিক্ষার্থীদের কষ্ট লাঘব করতে হবে।