৫ জানুয়ারি সামনে রেখে একধরনের অস্থিরতা লক্ষ করা যাচ্ছে। বিএনপি জনসভা করার অনুমতি চেয়ে গত বছরের ২২ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করলেও এখন পর্যন্ত সাড়া মেলেনি। শেষ পর্যন্ত জনসভার অনুমতি দেওয়া হবে কি না, না হলে বিএনপি কী কর্মসূচি নেবে, রাজনীতি ফের সহিংস হয়ে উঠবে কি না, সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
৫ জানুয়ারিকে যে যেভাবেই বিশ্লেষণ করুন না কেন, এই দিনকে ঘিরে কোনো উত্তেজনা কাম্য নয়। ইতিমধ্যে জাতীয় পার্টি ১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছে। ছাত্রদলকেও জনসভা করার অনুমতি দেওয়া হয়েছিল, যদিও শেষ মুহূর্তে অনুমতি দেওয়ায় প্রস্তুতি নেই—এই যুক্তিতে তারা সমাবেশ করেনি। ক্ষমতাসীন আওয়ামী লীগ ইতিমধ্যে ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার ঘোষণা দিয়েছে। ডিএমপি তাদের সমাবেশ করতে দিলে বিএনপিকে বাধা দেওয়ার যুক্তি নেই। তারা বরং বিএনপি নেতাদের কাছ থেকে এই নিশ্চয়তা চাইতে পারে যে সমাবেশকে ঘিরে কোনো অঘটন ঘটবে না।
বিএনপিকে ৫ জানুয়ারি জনসভা করতে দিলে হয়তো একটি জনসভার মধ্যেই কর্মসূচি সীমিত থাকবে। কিন্তু জনসভার অনুমতি না দিলে কঠোরতর কর্মসূচি আসতে পারে। সভা-সমাবেশ করা বিরোধী দলের সাংবিধানিক অধিকার। যুক্তিসংগত কারণ ছাড়া এই অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যায় না।
১ জানুয়ারি জাতীয় পার্টির সমাবেশ সফল করতে সরকারি দল নানাভাবে সহায়তা করেছে। সেই অধিকার তাদের আছে। কিন্তু অন্য একটি দলের সমাবেশ কেন তারা ঠেকাতে যাবে? সরকারই বা কেন তাদের জনসভার অনুমতি দেবে না? বিএনপি নেতারা অবশ্য জানিয়ে দিয়েছেন, সরকার অনুমতি না দিলেও তাঁরা সেদিন দলীয় অফিসের সামনে সমাবেশ করবেন। এ অবস্থায় সংঘাতের আশঙ্কা আছে। তাই, সরকারের উচিত হবে ৫ জানুয়ারি বিএনপির জনসভার অনুমতি দেওয়া। আর বিএনপির কর্তব্য হবে সেই সমাবেশ যাতে শান্তিপূর্ণভাবে শেষ হয় সেই ব্যবস্থা করা।