২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনের চতুর্থ বার্ষিকী আজ। রাজনৈতিক দলগুলো নিজ নিজ দৃষ্টিভঙ্গিতে দিনটি মূল্যায়ন করবে, সেটাই স্বাভাবিক। ক্ষমতাসীনেরা একে দেখছে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা দিবস হিসেবে। আর বিরোধী দল বিএনপি ইতিমধ্যে একে কালো দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছে।
রাজনৈতিক নেতৃত্বের এই দ্বিমুখী অবস্থানের বাইরে যে বিপুলসংখ্যক মানুষ আছেন, তাঁদের স্বার্থ ও অধিকারের বিষয়টি উপেক্ষিত থাকতে পারে না। যেকোনো গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিকদের প্রথম অধিকার হলো দেশ শাসনের জন্য পছন্দসই প্রতিনিধি বাছাই। আর সেটি সম্ভব অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই। সরকারি দলের দাবি, বিরোধী দলের বর্জনের কারণে গেল নির্বাচন একতরফা হয়েছে। আর বিরোধী দল বলছে, তারা সরকারের পাতানো নির্বাচনে অংশ নেয়নি। কারণ যা–ই হোক না কেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে ভোটাররা পছন্দসই প্রার্থী বেছে নিতে পারেননি। ৩০০ আসনের সংসদে ১৫৩টি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব স্বাধীনতার ৪৬ বছর পরও নির্বাচনের বিষয়ে মতৈক্যে পৌঁছাতে পারেননি। এই ব্যর্থতার দায় তাঁদের নিতেই হবে। সরকার এই কৃতিত্ব দাবি করতে পারে যে একতরফা নির্বাচন করেও তারা চার বছর নির্বিঘ্নে ক্ষমতায় থেকেছে। সংসদও বহাল আছে। কিন্তু তাতে গণতন্ত্র সুদৃঢ় হয়েছে, সে কথা বলা যাবে না। বরং আমরা বেদনার সঙ্গে লক্ষ করছি যে, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ক্রমেই দুর্বল হয়ে পড়েছে।
যেকোনো গণতান্ত্রিক ব্যবস্থায় সক্রিয় ও শক্তিশালী বিরোধী দল অপরিহার্য। কিন্তু গত চার বছরে সংসদের ভেতরে বিরোধী দলের সেই ভূমিকা আমরা দেখিনি। আর সংসদের বাইরে থাকা বিরোধী দলও ভূমিকা রাখতে পারেনি সভা–সমাবেশের ওপর সরকারের নিষেধাজ্ঞার কারণে। এই প্রেক্ষাপটে আগামী নির্বাচনের কথা জোরেশোরে উচ্চারিত হচ্ছে। প্রায় সব রাজনৈতিক দল নির্বাচনের জন্য নিজেদের প্রস্তুত করছে। সর্বশেষ মন্ত্রিসভার রদবদলের লক্ষ্যও নির্বাচন বলে অনেকের ধারণা।
দেশবাসীর প্রত্যাশা সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য হবে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা মুখ্য হলেও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া তাদের পক্ষে সেটি পালন করা সম্ভব হবে না। ইসির তথ্য অনুযায়ী ৪৩ লাখ নতুন ভোটার হয়েছেন। একতরফা নির্বাচনের কারণে ২০১৪ সালে নতুন ভোটারদের অধিকাংশ ভোট দিতে পারেননি। এবার তার পুনরাবৃত্তি কোনোভাবেই কাম্য নয়। একতরফা নির্বাচন কিংবা নির্বাচন বর্জনের অপসংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে।