৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের তৃতীয় বার্ষিকীর দিনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো তাদের ভাষায় ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উদ্যাপন করতে গিয়ে কোথাও কোনো বাধা বা আক্রমণের মুখোমুখি হয়নি। কিন্তু একই দিনে প্রতিপক্ষ দল বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো তাদের ভাষায় ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করতে গিয়ে দেশের অন্তত ১৬টি জেলায় পুলিশের বাধা ও লাঠিপেটার শিকার হয়েছে; বরিশালে পুলিশের উপস্থিতিতেই তাদের ওপর আক্রমণ চালিয়েছেন ক্ষমতাসীন দল ও তার সহযোগী সংগঠনের কর্মীরা। এটা যারপরনাই দুর্ভাগ্যজনক।
আওয়ামী লীগের পক্ষ থেকে আক্রমণের অভিযোগ অস্বীকার করা হয়েছে, কিন্তু দেশের সংবাদমাধ্যমগুলোতে যেসব ছবি ও খবর বেরিয়েছে, তাতে জনগণের কাছে তাদের এই অস্বীকার গ্রহণযোগ্য মনে হবে না। তা ছাড়া বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর পুলিশের বলপ্রয়োগের যে চর্চা দেশের মানুষ প্রত্যক্ষ করে চলেছে, ৫ জানুয়ারিও তার ব্যত্যয় ঘটেনি। শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ-মিছিল ইত্যাদি কর্মসূচি পালনের অধিকার প্রতিটি রাজনৈতিক দলেরই আছে। কিন্তু বিরোধী দলগুলোর এই সংবিধানপ্রদত্ত গণতান্ত্রিক অধিকার দিনের পর দিন খর্ব করা হচ্ছে। উপরন্তু পুলিশের উপস্থিতিতেই তাদের নেতা-কর্মীরা ক্ষমতাসীন দলের কর্মী-সমর্থকদের দ্বারা শারীরিকভাবে আক্রান্ত হচ্ছেন, আহত হচ্ছেন।
৫ জানুয়ারি বরিশাল নগর বিএনপির আয়োজিত কর্মসূচিতে পুলিশের চোখের সামনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের লাঠিসোঁটা নিয়ে বিএনপির নেতা-কর্মীদের ওপর চড়াও হওয়ার যে ছবি সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছে, তা শুধু ক্ষমতাসীন দলের জন্যই লজ্জাজনক নয়, পুলিশ বিভাগের জন্যও ভীষণ গ্লানিকর। জনগণের করের টাকায় পরিচালিত পুলিশ বাহিনীর সদস্যরা ক্ষমতাসীন দলের পেটোয়া বাহিনীর মতো ব্যবহৃত হলে প্রতিষ্ঠান হিসেবে পুলিশের মর্যাদা ভূলুণ্ঠিত হয়।
বর্তমান সরকার মেয়াদকালের চতুর্থ বছরে প্রবেশের মুহূর্তে প্রধান প্রতিপক্ষ দলের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধা না দিলেই ভালো করত। নতুন নির্বাচন কমিশন গঠন ও আগামী নির্বাচনকে ঘিরে দেশে একটা রাজনৈতিক প্রক্রিয়া শুরু করার সময় এসেছে। এই প্রক্রিয়ায় বিএনপির অংশগ্রহণ অপরিহার্য, তাই তার সঙ্গে আওয়ামী লীগের একটা কার্যকর রাজনৈতিক সম্পর্ক দরকার। সে সম্পর্ক বল প্রদর্শন ও বল প্রয়োগের সম্পর্ক হলে চলবে না। কারণ, সেটা কোনো কার্যকর বা ফলপ্রসূ রাজনৈতিক সম্পর্ক নয়। উভয় পক্ষের সহিষ্ণুতা ও সংযম এবং পরস্পরের কথা শোনার ও যুক্তি সহকারে বিবেচনা করার মানসিকতা এখন খুব দরকার।