সাত হুইপের দ্বারা এক বছরে ৫০ লাখ টাকার তেল পোড়ানোর খবর পড়ে ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’ পঙ্ক্তিটি অনেকেরই মনে পড়াটা স্বাভাবিক। এই প্রতিবেদন সত্য হলে তা সন্দেহাতীতভাবে বড়মাপের দুর্নীতি, তদন্তসাপেক্ষ অবিলম্বে দোষীদের যথা শাস্তি প্রাপ্য। জিপে চড়ে প্রতিদিন গড়ে ৬০৪ কিলোমিটার পথ অতিক্রম করার তথ্য কাগজে-কলমে স্বীকার করে অর্থ তুলে নেওয়া রীতিমতো অবিশ্বাস্য। তাই আইনপ্রণেতা বলেই এই বিষয়ে আইনের দ্রুত ও নিরপেক্ষ প্রয়োগ প্রত্যাশিত। এ ঘটনা সংসদের জন্য অবমাননা।
তবে এই সাতজনের মধ্যে যিনি বছরে জ্বালািন খরচ দুই লাখ টাকায় সীমিত রেখেছেন, গত ডিসেম্বরে যার খরচ মোটে আট হাজার টাকা (একই মাসে আরেক হুইপের খরচ সোয়া লাখ) তাঁকে ধন্যবাদ। এটা নির্দেশ করে যে বিধিবিধান অগ্রাহ্য, অনৈতিকতা ও অনিয়মের গড্ডলিকাপ্রবাহে গা ভাসিয়ে না দিতে চাইলে এখনো ভালো দৃষ্টান্ত স্থাপন করে চলা সম্ভব।
এক বছরে ৫০ লাখ টাকার তেল পোড়ালেন সাত হুইপআলোচ্য সাতজন কেবলই সাধারণ সাংসদ নন, সাংসদদের প্রাথমিক নেতাও বটে। সুতরাং একজন হুইপের নিয়মনীতি নিষ্ঠা ও তাঁর চালচলনের প্রভাব সমাজের ওপর পড়াটাই স্বাভাবিক। এটা গভীরভাবে অনুশোচনীয় যে কয়েকজন হুইপ জনগণের অর্থের অপচয় কিংবা ‘পুকুরচুরি’র ক্ষেত্রে একটি লজ্জাজনক নজির স্থাপন করেছেন। এতটা দীর্ঘ সময় ধরে এত বড় অনিয়ম চলেছে অথচ এ ক্ষেত্রে কোনো নিরীক্ষা আপত্তির তথ্য প্রকাশ পায়নি।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কথায়, ‘তাঁদের তো সরকার একটি কার দিয়েছে’, এটা অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়। এ ক্ষেত্রে স্মরণযোগ্য যে শুল্কমুক্ত গাড়ির চরম অপব্যবহারের কারণে ২০০৭ সালে এই নিয়ম বিলোপ করা হলেও ২০০৯ সালে আওয়ামী লীগ এটা ফিরিয়ে আনে। অবশ্য এর বৈধতা চ্যালেঞ্জ করে গত বছরে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।
৫ জানুয়ারির একতরফা সংসদ এমনিতেই প্রশ্নবিদ্ধ, তার ওপর কতিপয় সদস্য যদি এ রকম অনিয়ম করেও পার পেয়ে যান, তাহলে তা জনমনে অধিকতর ক্ষোভের জন্ম দিতে পারে, সরকার ও সংসদ এটা উপলব্ধি করবে আশা করি।