তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারা নিয়ে বাংলাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে যে উদ্বেগ রয়েছে, ঢাকা সফরে এসে জাতিসংঘের স্পেশাল র্যা পোর্টিয়ার হাইনার বিলেনফোল্ডও তা লক্ষ করেছেন। তাঁর এই পর্যবেক্ষণের কথা তিনি গত বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।
জাতিসংঘের এই বিশেষজ্ঞ বলেছেন, ৫৭ ধারা নিয়ে বিচার বিভাগ ও রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যেও বিতর্ক রয়েছে। তাঁর দেওয়া এই ধারণা বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া উচিত। কারণ, এ পর্যন্ত আমরা দেখেছি ৫৭ ধারা বাতিল ও সংশোধনের দাবি উচ্চারিত হয়েছে প্রধানত নাগরিক পর্যায়ে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যেও এটা নিয়ে বিতর্ক আছে বলে গণমাধ্যমে এসেছে। সে ক্ষেত্রে ৫৭ ধারা পুনর্বিবেচনার দাবি রাখে।
হাইনার বিলেনফোল্ড আরও জানিয়েছেন, ৫৭ ধারায় অস্পষ্টতা থাকায় অনেকে তাঁর কাছে এটিকে তুলনা করেছেন ‘সোর্ড অব ডেমোক্লিস’-এর সঙ্গে, যার অর্থ, এ ধারাটি কার্যকর থাকায় এ দেশে দীর্ঘস্থায়ী দুর্ভাগ্যজনক পরিস্থিতির সৃষ্টি হতেম পারে।
বিশেষভাবে উল্লেখ্য হচ্ছে, ৫৭ ধারার বলে আইন প্রয়োগকারী সংস্থা ও তদন্ত কর্মকর্তারা যেকোনো সময় যেকোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার নিরঙ্কুশ ক্ষমতা পেয়েছেন। বলা বাহুল্য, একটি গণতান্ত্রিক দেশে, বিশেষত যে দেশের সংবিধানে চিন্তা ও বিবেকের নিরঙ্কুশ স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, সেখানে এ ধরনের বিধান গ্রহণযোগ্য নয়। আইন বিশেষজ্ঞদের কেউ কেউ ৫৭ ধারাকে যথার্থভাবেই সংবিধানের পরিপন্থী বলে মন্তব্য করেছেন।
সরকার দেশে অবাধ তথ্যপ্রবাহ ও মত প্রকাশের স্বাধীনতার প্রতি অঙ্গীকারবদ্ধ। তবে সাইবার বা ডিজিটাল মাধ্যমে বিভিন্ন ধরনের অপরাধ দমন করার জন্য একটি আইনও অবশ্যই দরকার। ডিজিটাল নিরাপত্তা আইন নামে তেমনই একটি আইন প্রণয়নের কাজ চলছে বলে জানা গেছে। তাই তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল বা অবলুপ্ত করে ওই ধারার অধীনস্থ অপরাধগুলো বিচারের জন্য একটি সুস্পষ্ট, দ্ব্যর্থহীন, নতুন ধারা প্রক্রিয়াধীন ডিজিটাল নিরাপত্তা আইনে যুক্ত করাই সমীচীন হবে।