৫৭ ধারার বদলে কী আসছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সম্প্রতি বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে যে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে ১৯৯১ সালের পর বাংলাদেশের গণমাধ্যম সবচেয়ে বেশি সংকটে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এ সপ্তাহেই একজন অনলাইন পত্রিকার সাংবাদিককে ৫৭ ধারায় আটক করে রিমান্ডে নেওয়া হয়েছে। গত ডিসেম্বর মাসে সাভারে কর্মরত বাংলাদেশ প্রতিদিন ও একুশে টিভির প্রতিবেদককেও এ আইনে গ্রেপ্তার করে নির্যাতন করা হয়। এর আগে একজন মন্ত্রীর বিরুদ্ধে প্রাণভয়ে থানায় অভিযোগ করতে গেলে সাংবাদিক প্রবীর সিকদারকেও একই আইনে আটক করা হয়। এ রকম ঘটনা হরহামেশাই ঘটছে। আমাদের সরল প্রশ্ন, যে আইনটি মানবাধিকার ও মতপ্রকাশের জন্য হুমকি বলে সর্বমহলে বিবেচিত হচ্ছে, যে আইনটি বাতিল করার কথাও বলা হচ্ছে, সেই আইনে জামিন অযোগ্য গ্রেপ্তার ও নির্যাতন চালিয়ে যাওয়া কিসের পরিচয় বহন করে? আরও আশ্চর্য যে তথ্যমন্ত্রীও এই আইনের জোরদার সাফাই গেয়ে আসছিলেন।

আইসিটি আইনের ৫৭ ধারা বাতিল ও নতুন যে ডিজিটাল সিকিউরিটি আইন প্রণয়ন করা হচ্ছে, তাতে কি ঠুনকো অভিযোগে গুরুদণ্ড দেওয়ার সুযোগ থাকবে? সাংবাদিকতা শুধু একটা পেশা নয়, তা সত্য প্রকাশের অধিকার, ন্যায়ের দাবি করার অধিকার এবং মতপ্রকাশের অধিকারের রক্ষাকবচ। একজন সাংবাদিকের লেখা ও তথ্যে আইন লঙ্ঘন হলো কি না, তা ঠিক করার অধিকার পুলিশের একজন পরিদর্শকের ওপর ছেড়ে দেওয়া যায় না। প্রস্তাবিত নতুন ডিজিটাল সিকিউরিটি আইনে পুলিশের হাতে এত ক্ষমতা দেওয়া যাবে না; সর্বোচ্চ শাস্তি ১৪ বছর নির্ধারিত হওয়ার বিষয়টিও আইনটির কঠোরতার ইঙ্গিত।

আমরা শুধু ৫৭ ধারা বাতিল নয়, ভিন্ন কোনো আইনের নামে যাতে এই ধারার নিবর্তনমূলক দিকগুলো নতুনভাবে ফিরে আসতে না পারে, তারও নিশ্চয়তা চাই।