৬৩ লাখের বেশি বিষণ্ন মানুষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশে বিষণ্ন মানুষের সংখ্যা নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা সত্যিই উদ্বেগের। প্রতিবেদন অনুযায়ী, দেশে ৬৩ লাখ ৯১ হাজারের বেশি মানুষ বিষণ্নতায় ভুগছে, যা মোট জনসংখ্যার ৪ দশমিক ১ শতাংশ। এ ছাড়া উদ্বেগজনিত সমস্যায় ভুগছে ৬৯ লাখ মানুষ। এটা মোট জনসংখ্যার ৪ দশমিক ৪ শতাংশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বেকারত্ব, মানসিক ধাক্কা, বঞ্চনা বা মৃত্যুজনিত শোকের মতো অভিজ্ঞতাকে বিষণ্নতায় ভোগার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। যে কারণেই বিষণ্নতা হোক না কেন, তা দূর করা জরুরি। কারণ এটা খুবই জটিল একটি মানসিক ব্যাধি। কেউ দীর্ঘ মেয়াদে বিষণ্নতায় ভুগলে তাঁর নানা রকম শারীরিক সমস্যাও দেখা দেয়। বিষাদগ্রস্ত ব্যক্তি কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেন। বিষণ্নতায় ভোগার সবচেয়ে খারাপ দিক হলো, একসময় ব্যক্তিজীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এবং কোনো কোনো ক্ষেত্রে আত্মহত্যার পথও বেছে নেয়।
তবে আশার কথা হচ্ছে, জটিল মানসিক ব্যাধি হলেও এই রোগ ভালো করা যায়। মনোরোগ বিশেষজ্ঞদের মতে, তিনটি উপায়ে বিষণ্নতা দূর করা যায়। একটি হচ্ছে, যাঁরা ইতিমধ্যে এই রোগে আক্রান্ত হয়েছেন, তাঁদের রোগ শনাক্ত করা এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে তা দূর করা। দ্বিতীয়টি হচ্ছে, যাঁরা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন, তাঁদের আগেভাগেই পরামর্শ দিতে
হবে। সন্তানদের আবেগ নিয়ন্ত্রণ করা, পরিপক্ব হওয়ার শিক্ষা দিতে হবে, হতাশাজনক পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে হবে, সে ব্যাপারে তাদের শিক্ষা দিতে হবে। তৃতীয় উপায় হচ্ছে, আমাদের চারপাশের পরিবেশকে সব সময় আনন্দময় রাখতে হবে। কাউকে বিষণ্নতায় আক্রান্ত করতে পারে—এমন কারণগুলো চিহ্নিত করে দূর করার উদ্যোগ নিতে হবে। থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে কমিউনিটিভিত্তিক নানা কর্মসূচি রয়েছে, হেল্পলাইন রয়েছে, নানা সংগঠন রয়েছে; যারা নানাভাবে বিষাদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করে। আমাদের দেশেও সে রকম কিছু করতে হবে।
এখন সরকারের উচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রতিবেদনকে আমলে নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। পরিবারগুলোকেও এ ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যেরও যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে না পারলে বিষণ্নতায় আক্রান্ত মানুষের সংখ্যা বাড়তেই থাকবে।