৬৮০০০: ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ৬৮টি কারাগারের চিকিৎসাসেবা ও ব্যবস্থার যে চিত্র শনিবার প্রথমআলোয় প্রকাশিত হয়েছে তা সত্যিই হতাশাজনক এবং অনভিপ্রেত। বোঝা যায়, কারাবন্দীদের চিকিৎসার সুযোগ-সুবিধা দেওয়ার ব্যাপারে সরকার কতটা উদাসীন।

প্রথমআলোর খবর অনুযায়ী, ৬৮টি কারাগারে বর্তমানে বন্দীর সংখ্যা ৬৮ হাজার। অথচ তাঁদের চিকিৎসার জন্য আছেন মাত্র পাঁচজন চিকিৎসক। নার্স আছেন ১০৬ জন। কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য বাইরে পাঠাতে হয়। তবে সে জন্য সব হাসপাতালে অ্যাম্বুলেন্স নেই। মাত্র ১৪টি হাসপাতালে ১৫টি অ্যাম্বুলেন্স রয়েছে। চিকিৎসা-সংকটের এই সুযোগ নিয়ে মাঝেমধ্যেই দুর্ধর্ষ ও ভিআইপি বন্দীরা বিভিন্ন রোগের অজুহাত দেখিয়ে মাসের পর মাস কারাগারের বাইরের হাসপাতালে থাকছেন। চিকিৎসা-সংকটের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন সাধারণ ও গরিব বন্দীরা। চিকিৎসক, নার্স-সংকটের কারণে কারা হাসপাতালগুলোর মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা হয়েছে। এটি বিস্ময়কর যে কেরানীগঞ্জে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে কোনো হাসপাতালই নেই।

চিকিৎসা পাওয়া একজন বন্দীর মৌলিক অধিকার। বন্দী রাখার মানে এই নয়, তাঁর সব মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। যত বড় অপরাধীই হোন না কেন, তাঁর চিকিৎসা পাওয়ার অধিকার আছে। অথচ আমাদের দেশের কারাবন্দীরা এই অধিকার পাওয়া থেকে বঞ্চিত।

জেল বিধি অনুযায়ী প্রতিটি কেন্দ্রীয় কারাগারে প্রধান চিকিৎসা কর্মকর্তা, সার্বক্ষণিক একজন পুরুষ ও একজন নারী চিকিৎসা কর্মকর্তা থাকা বাধ্যতামূলক। জেলা কারাগারে প্রধান চিকিৎসা কর্মকর্তার পাশাপাশি একজন চিকিৎসা কর্মকর্তা থাকা বাধ্যতামূলক। কিন্তু এই বিধি যে যথাযথভাবে মানা হচ্ছে না, তা তো স্পষ্ট। চিকিৎসক নিয়োগে কারাগারগুলোর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর এ উদাসীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আমাদের দেশের কারাবন্দীরা যে শুধু চিকিৎসা-সংকটে ভুগছেন তা নয়, তাঁদের কল্যাণের জন্য সেবামূলক কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় না বললেই চলে। কারাভ্যন্তরে অবকাঠামোগত বিষয়গুলো, যেমন খাদ্য, বস্ত্র, চিকিৎসাসেবা, পয়োনিষ্কাশন, পানি সরবরাহ ইত্যাদি পরীক্ষা করার জন্য কারাগারে কোনো প্রশিক্ষণপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা নেই। এসব দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদপ্তরকে এখন নজর দিতে হবে।