ইদানীং নীতিনির্ধারক মহলে মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ার বাসনাটি জেঁকে বসেছে! সরকারি বত্তৃদ্ধতা-বিবৃতিতেও উচ্চ প্রবৃদ্ধির খায়েশ লক্ষণীয়। সেই সুবাদেই সম্প্রতি বিশ্বব্যাংক সবক দিয়েছে, মধ্য আয়ের দেশে উন্নীত হতে হলে ৮ শতাংশ প্রবৃদ্ধি প্রয়োজন। দ্রুত প্রবৃদ্ধি অর্জনের তরিকাগুলোও বাতলে দিচ্ছে তারা। মূলধারার অর্থনীতিবিদেরা গোড়া থেকেই দাবি করে আসছেন, উচ্চ হারের প্রবৃদ্ধি দারিদ্র্য দূরীকরণে সহায়ক। কিন্তু গত কয়েক দশকের অভিজ্ঞতা বলে, শুধু জিডিপি বাড়লেই সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবনযাত্রার মান বাড়ে না, বরং বেশির ভাগ ক্ষেত্রে প্রবৃদ্ধি বাড়ার এই গাণিতিক প্রক্রিয়ার সঙ্গে গণমানুষের উন্নয়নের কোনো সম্পর্কই থাকে না! আর বলাই বাহুল্য, যেখানে দরিদ্র জনগোষ্ঠীর মাটি, পানি, বনভূমি, দুই ফসলি আবাদি জমি দখল করে তার ওপরে ইমারত-কারখানা বানিয়েই জাতে ওঠে জিডিপি, সেখানে জিডিপির সঙ্গে তাল রেখে গরিবি বাড়ার সম্পর্কটিও বেশ স্পষ্ট।পাশের দেশ ভারত এই প্রহসনমূলক জিডিপি-সংস্কৃতির এক জলজ্যান্ত নমুনা। বলাই বাহুল্য, ভারতে গত দুই দশকে জিডিপি বাড়ার সঙ্গে সঙ্গে দরিদ্রের সংখ্যাও বেড়েছে হু হু করে। এই সময়ের মধ্যে ৮০ লাখ কৃষক ভিটেছাড়া হয়েছেন। দুই লাখ কৃষক দেনার দায়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। প্রায় ৮০ কোটি মানুষ বাস করছে দৈনিক ২০ রুপির নিচে। প্রায় সাড়ে চার কোটি শিশু ভুগছে চরম অপুষ্টিতে। বহুদিন ধরে কৃষকের আত্মহত্যা এবং শিশু অপুষ্টির বিষয়টি ভারত সরকার গুরুত্ব না দিলেও, শেষ পর্যন্ত স্বয়ং মনমোহন সিং স্বীকার করতে বাধ্য হয়েছেন যে এক দশকের উচ্চ প্রবৃদ্ধির আমলেই ক্ষুধা ও অপুষ্টি বেড়েছে ভারতে।অর্থনীতিবিদ উতসা পাটনায়েকের গবেষণায় দেখা যায়, গত দুই দশকের প্রবৃদ্ধি বাড়ার দিনগুলোতেই ভারতের দরিদ্রদের বার্ষিক মাথাপিছু খাদ্য গ্রহণের পরিমাণ ১৭৭ কেজি থেকে নেমে এসেছে ১৫৫ কেজিতে। পাটনায়েক এই পরিস্থিতিকে তুলনা করেছেন ভারতের স্বাধীনতা-পরবর্তী চরম খাদ্যসংকটের দিনগুলোর সঙ্গে। এ ছাড়া অমর্ত্য সেনের ২০১০ সালের একটি তুলনামূলক বিশ্লেষণ বলছে, বছর বছর জিডিপি বাড়লেও, নারী শিক্ষার হার, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, শিশুমৃত্যু ইত্যাদি সামাজিক উন্নয়নের সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের স্থান একেবারেই তলানিতে। আশ্চর্যজনক বিষয় হলো, এই কৃষক মারা প্রবৃদ্ধি, এই রিপাবলিক অব হাঙ্গার মডেল অনুসরণ করতে যা যা করা দরকার, সবটাই করেছে বাংলাদেশ সরকার! সরকারের সব পর্যায় থেকেই শতকরা সাড়ে ৬ শতাংশ জিডিপিকে আওয়ামী লীগ সরকারের এক অনন্য সাফল্যের নজির হিসেবেই প্রচারণা চালানো হচ্ছে। অথচ, এই উচ্চ প্রবৃদ্ধি থেকে আসলে লাভবান হচ্ছে কারা?বলাই বাহুল্য, এ দেশে অর্থনীতিতে লেনদেন বাড়লেও, তার লাভের গুড়টা পেয়ে আসছে গুটি কয়েক বিশেষ গোষ্ঠী। একদিকে উচ্চ মধ্যবিত্তের জীবনযাত্রায় চকচকে ভাব বেড়েছে, অন্যদিকে গ্রামীণ কৃষক বছরের পর বছর উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পেয়ে ভিটেমাটি ছেড়ে আশ্রয় নিয়েছেন শহরের বস্তিতে। সরকারি হিসাবেই দেশে দারিদ্র্যসীমায় লটকে থাকা মানুষের সংখ্যা প্রায় পাঁচ কোটি ৭০ লাখ, যা মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ! এ ছাড়া দেশের মোট সম্পদের ৪০ শতাংশ আটকে আছে মাত্র ৫ শতাংশ মানুষের হাতে। অর্থাৎ প্রবৃদ্ধি যা হচ্ছে, তা ঘুরপাক খাচ্ছে এই ধনিক চক্রের মধ্যেই। একদিকে পোশাকশিল্পের ঘাড়ে চড়ে জিডিপি বেড়েছে, অন্যদিকে এই ভরা জিডিপির মৌসুমেই মুনাফা সর্বোচ্চকরণের মেকানিজমে পড়ে আগুনে পুড়ে কয়লা হচ্ছেন শ্রমিক! আশ্চর্যজনক হলেও সত্য, এই বিশ্ব কাঁপানো ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের কারিগরেরা প্রায় তিন দশক ধরে কাজ করছেন জীবনের ঝুঁকি নিয়ে, ঝুলছেন বিশ্বব্যাংক-নির্ধারিত দারিদ্র্য লাইনের সামান্য আগে-পিছে (দৈনিক ১ দশমিক ২৫ ডলার হিসাবে)।অন্যদিকে মধ্য আয়ের মর্যাদা পেতে জিডিপি ৭ শতাংশ, নাকি ৮ শতাংশ হবে—এই নিয়ে নীতিনির্ধারকেরা যখন হোটেল ওয়েস্টিনে বাহাসে ব্যস্ত, ঠিক তখনই বেশ কয়েকটি গবেষণায় উঠে এসেছে বাংলাদেশের শিশুদের অপুষ্টির ভয়াবহ চিত্র। ২০১১ সালে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান পরিচালিত জরিপে দেখা যাচ্ছে, বর্তমানে ৪১ শতাংশ শিশু খর্বাকৃতির এবং বাংলাদেশে যত শিশু মারা যাচ্ছে, তার প্রায় ৫০ শতাংশের মৃত্যুর কারণ অপুষ্টি। জাতীয় পরিসংখ্যান ব্যুরোর ২০১০-১১ গবেষণা বলছে, দেশে ক্ষুধা ও খাদ্যনিরাপত্তাহীনতা দুই-ই বেড়েছে। এ ছাড়া প্রথম আলোর সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এ দেশের জনস্বাস্থ্য খাতের ক্রম দুর্গতির বিষয়টি। প্রতিবেদন অনুযায়ী, এ দেশে জনস্বাস্থ্যে মাথাপিছু রাষ্ট্রীয় ব্যয় হোঁচট খেতে খেতে নেমে দাঁড়িয়েছে মাত্র ২১ ডলারে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত ন্যূনতম জনস্বাস্থ্য ব্যয়ের তুলনায় প্রায় ২০ ডলার নিচে!একদিকে নদী ভরাট করে, আবাদি জমি দখল করে ঢালাওভাবে চলছে অপরিকল্পিত নগরায়ণ, উজাড় হচ্ছে বনভূমি, উদ্বাস্তু হচ্ছে গ্রামীণ সম্প্রদায়, অন্যদিকে চলছে প্রাকৃতিক ভারসাম্য ধ্বংস করে জিডিপি বাড়ানোর আড়ম্বর। অথচ অর্থনৈতিক লেনদেনের এই চুইয়ে পড়া থেকে দরিদ্র মানুষ ছিটেফোঁটা যা কিছু পাচ্ছে, তাকেই প্রচার করা হচ্ছে উচ্চ প্রবৃদ্ধির সুফল হিসেবে। জীবনযাত্রার মানের সঙ্গে অপরিহার্যভাবে জড়িয়ে থাকা বিশুদ্ধ পানি, বিশুদ্ধ বাতাস, স্বাস্থ্যকর স্যানিটেশন, পুষ্টিকর খাদ্য গ্রহণ, নিরাপদ কর্মক্ষেত্র কিংবা সুলভে স্বাস্থ্যসেবা পাওয়ার নাগরিক অধিকারের বিষয়গুলো কৌশলে মেরে ফেলা হচ্ছে গণমানুষের উন্নয়নের সঙ্গে সম্পর্কবিহীন ৮ শতাংশ প্রবৃদ্ধির পরিহাসমূলক অঙ্কে। জিডিপি আর গণমানুষের উন্নয়ন যে এক কথা নয়, আর কবে বুঝব আমরা?মাহা মীর্জা: পিএইচডি গবেষক, বাইয়েলেফেল্ড বিশ্ববিদ্যালয়, জার্মানি।