সার পরিবহনে অনিয়মের যে চিত্র ফুটে উঠেছে, তাকে রীতিমতো পুকুরচুরি বা সাগরচুরি বলা যায়। তবে এটা বিস্ময়কর যে, সরকারি নিরীক্ষকেরা দায়িত্বশীলতার সঙ্গে সার পরিবহনে ২২৬ কোটি টাকার দুর্নীতির প্রমাণ হাজির করার পর মাসের মাস কেটে যাচ্ছে কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ফৌজদারি বা এমনকি কারও বিরুদ্ধে বিভাগীয় মামলা পর্যন্ত দায়ের করা হয়নি। আমরা নিরীক্ষকদের ধন্যবাদ জানাই।
তবে এটা খুবই দুর্ভাগ্যজনক এবং তার থেকেও বেশি পীড়াদায়ক এই বিষয়ে বিসিআইসির চেয়ারম্যান মোহাম্মদ ইকবালের নির্লিপ্ত মন্তব্য। এ বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘বাণিজ্যিক নিরীক্ষায় যে তথ্য উঠে এসেছে, সে বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। তারা চাইলে ফৌজদারি মামলা দায়েরে সুপারিশ করতে পারে।’ ২৪ জানুয়ারি এ বিষয়ে প্রথম আলোর প্রতিবেদনে শুধু ২২৬ কোটি টাকা মূল্যের ৮৬ হাজার মেট্রিক টন সারই নয়, এটা সন্দেহাতীত যে, সংশ্লিষ্ট অঙ্গনের নীতিনির্ধারকদের জানা-বোঝার মধ্যে দীর্ঘদিন ধরে একটা নীরব ‘সার কেলেঙ্কারি’ ঘটে চলেছে। অথচ দায়িত্বপ্রাপ্তরা এ-সংক্রান্ত দুর্নীতি রোধে উদাসীনতার পরিচয় দিয়ে চলছেন বলে প্রতীয়মান হচ্ছে। মোহাম্মদ ইকবালের কথার সুরেও তার প্রমাণ মিলছে। তাঁর দাবি, তিনি সার পরিবহনের অনিয়ম দুই বছর ধরে সমাধানের চেষ্টা করছেন।
কিন্তু তার চেষ্টায় যে ত্রুটি রয়েছে তার প্রমাণ হলো এই বিপুল পরিমাণ সারের গরমিল ও রাষ্ট্রীয় ক্ষতির কারণ জানতে গত ২৪ অক্টোবর বাণিজ্যিক অধিদপ্তর থেকে বিসিআইসির চেয়ারম্যানের কাছে জবাব চাওয়া হয়। কিন্তু বিসিআইসি এ বিষয়ে এখনো অডিট অধিদপ্তরকে কোনো জবাবই দেয়নি। এ ঘটনায় একটা তদন্ত কমিটি গঠন করা হলেও তারা এখনো কোনো প্রতিবেদন তৈরি করেনি। আমরা এটা জেনে গভীর উদ্বেগ অনুভব এবং অসহায় বোধ করি যে, এখন বিসিআইসির অধীন সার কারখানাগুলো কথিতমতে বন্ধ রেখে বিদেশ থেকে সার আনা হচ্ছে। কারণ, সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি অনুযায়ী, ‘যত বেশি সার আমদানি হয়, ততই দুর্নীতির সুযোগ।’
সারের ব্যবস্থাপনায় অতীত সরকারের আমলে নানা দুর্নীতি হয়েছে। আওয়ামী লীগের আমলে সেই দুর্নীতির অপনোদন ঘটেছে, এমন একটি ধারণা সরকারের তরফে দেওয়া হয়েছে। এ কারণে আমরা আশা করব বিসিআইসির চেয়ারম্যান নিজেই উদ্যোগী হয়ে ফৌজদারি মামলা দায়ের করবেন। দুর্নীতি দমন কমিশনও এ ক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করতে পারে না।