‘দুর্যোগ এলেই মানুষের পাশে দাঁড়ান তাঁরা।’ যখন চারদিকে সর্বগ্রাসী দুঃসংবাদ, তখন মঙ্গলবার প্রথম আলো উল্লিখিত শিরোনামে যে খবরটি প্রকাশ করেছে, তা আমাদের মনে আশা জাগায়। ২০১৭ সালে চট্টগ্রামের ৯ জন তরুণ মিলে গঠন করেছেন ‘পাশে থাকি ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন। এই তরুণেরা চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। মাঠে ক্রিকেট খেলতে খেলতেই তাঁদের মধ্যে বন্ধুত্ব হয়। সেই বন্ধুত্বকে এখন তাঁরা মানবতার কাজে লাগাচ্ছেন।
রাঙামাটির পাহাড় ধসে সর্বস্ব হারানো মানুষের সহায়তা করেছিলেন ওই ৯ তরুণ। সে সময় তাঁরা ৬০০ বিপন্ন পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছিলেন। কিন্তু সেখানেই সংগঠনের কার্যক্রম থেমে নেই। এবার করোনা সংকটের শুরুতে পাশে থাকি ফাউন্ডেশনের ৯ সহযোদ্ধা ২২ মার্চ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছেন। প্রথমে তাঁরা শহরের ৯০০ রিকশাচালক ও অসহায় মানুষের মধ্য বিনা মূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন। এরপর ৬৫৫টি দরিদ্র পরিবারকে ত্রাণসামগ্রী দিয়েছেন, লকডাউনের কারণে যঁাদের আয়রোজগার বন্ধ।
এ ছাড়া তঁাদের মাথায় ভাবনা এল, যঁারা ঠিক সাহায্যের জন্য সরকার বা অপর মানুষের কাছে হাত পাততে পারেন না, তঁাদের জন্য কিছু করা দরকার। এরপর ৯ বন্ধু মিলে কৃষকদের কাছ থেকে বাজারদরে সবজি ইত্যাদি কিনে শহরের চান্দগাঁও এলাকার নিম্নমধ্যবিত্ত পরিবারের কাছে কম দামে বিক্রি করতে থাকেন। তাঁরা ২৫৭টি নিম্নমধ্যবিত্ত পরিবারের মধ্যে প্রত্যেককে ৬৫০ টাকার খাবার প্যাকেট দিয়ে দাম নিয়েছেন মাত্র ২০০ টাকা। বাকিটা নিজেদের পকেট খরচ বাঁচিয়ে, পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে ঘাটতি পুষিয়েছেন। পাশে থাকি ফাউন্ডেশনের ৯ তরুণের এ উদ্যোগ অনুসরণীয়। অন্যান্য এলাকার তরুণেরাও যদি এভাবে এগিয়ে আসেন, তাহলে করোনা সংকটে ক্ষতিগ্রস্ত গরিব ও অসহায় মানুষগুলো কিছুটা হলেও ভরসা পাবেন।
চট্টগ্রামের ৯ তরুণের খবরটি যেদিন প্রথম আলোয় বের হলো, তার দুদিন পরই সাইট গুড নিউজ নেটওয়ার্ক একটি আশার খবর শুনিয়েছে আমাদের। আর সেটি হলো করোনা সংকটে বিশ্বজুড়ে মৃত্যু, হতাশা ও দুঃসংবাদের মধ্যে মানুষ হারিয়ে যেতে চায় না। তারা আশপাশের, নিজ শহরের, নিজ দেশের অনুপ্রেরণামূলক খবর পড়তে চায়।
আমরা চট্টগ্রামে ৯ তরুণকে অভিনন্দন জানাই। পাশে থাকি ফাউন্ডেশনের মতো আরও অধিক সংগঠন গড়ে উঠুক। তরুণেরাই আমাদের পথ দেখাক।