আগেভাগে জানান দিয়ে দেশব্যাপী গাড়ির ফিটনেস পরীক্ষায় নামল বিআরটিএ ও জেলা প্রশাসন। সোমবার মন্ত্রী–পুলিশ-মিডিয়া হুলুস্থুল করে রাজধানী ঢাকায় নেমে দেখলেন, অধিকাংশ গাড়িই ভয়ে সড়কে নামেনি। এ রকম হঠাৎ টনক নড়ার খেসারত দিল যাত্রীসাধারণ। সোম ও মঙ্গলবার ঢাকার রাজপথে যাত্রী পরিবহন কম হলো, মন্ত্রী ফিরে গেলেন, কিন্তু যাত্রীরা গাড়িহীন দাঁড়িয়ে থাকলেন রাস্তায়। এই হলো বাংলাদেশে সরকারি দপ্তরের হঠাৎ হুঁশ ফেরা এবং আবার ‘অজ্ঞান’ হওয়ার চালচিত্র।
রোববারের প্রথম আলোর শিরোনাম ছিল ‘সোয়া তিন লাখ যানবাহন চলছে ফিটনেস ছাড়া’। সড়ক-মহাসড়কে কেমন গাড়ি চলছে, চালকদের লাইসেন্স আছে কি না, নিয়ম মানা হচ্ছে কি না, তা দেখার দায়িত্ব মূলত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএর)। অথচ সড়ক প্রশাসনের শীর্ষে অধিষ্ঠিত এ সংস্থার অবস্থা ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার! রাজধানীতে বিআরটিএর পরিদর্শক মাত্র সাতজন। অথচ দিনে ৩০০ থেকে ৮০০ গাড়ি ফিটনেসের জন্য তাঁদের কাছে ধরনা দেয়। তড়িঘড়ি করে খালি চোখেই যানবাহন পরিদর্শন একধরনের শুভংকরের ফাঁকি! এই অবস্থায় যোগাযোগমন্ত্রীর রাজপথে ফটোসেশন করা কিংবা সরেজমিন তদারকি হাস্যকর! যোগাযোগ মন্ত্রণালয়ের উচিত সড়কে যান চলাচল ও পরিবহনের মান নিয়ন্ত্রণে বিআরটিএকে শক্তিশালী করা। তা না করে, এ রকম লোক দেখানো তোড়জোড়ে ঘুষ-দুর্নীতি বাড়বে, যাত্রীরা পেরেশান হবে, কিন্তু কাজের কাজ কিছুই হবে না।
যানবাহনের নিবন্ধন, চালকের লাইসেন্স প্রদান এবং ফিটনেস সার্টিফিকেট দেওয়া ও তদারকির গোড়ায় হাত দিতে হলে নতুন প্রতিষ্ঠান ও কর্মীবল নিয়োগ, আইন সংস্কার এবং সরকারি দৃঢ়তা প্রয়োজন। প্রয়োজন পরিবহন ব্যবসায়ীদের বেপরোয়া আচরণ বন্ধ করা। এ বিষয়ে বুয়েটের বিশেষজ্ঞ শিক্ষক সামছুল হকের পরামর্শ প্রণিধানযোগ্য: প্রথমত, নিবন্ধন ও ফিটনেসহীন যানবাহনের বিরুদ্ধে সড়ক-মহাসড়কে কার্যকর অভিযান চালাতে হবে। দ্বিতীয়ত, ফিটনেস সার্টিফিকেট দেওয়ার সময় কড়াকড়ি আরোপ এবং আধুনিক যন্ত্রপাতির ব্যবহার নিশ্চিত করতে হবে। নতুবা অভিযানে খুব একটা ফল পাওয়া যাবে না।