‘আমাগো দ্যাশ কাইট্যা লইয়া যাইতেছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালের নিয়মে সবই ধসে যায়। সোনারগাঁয়ের ঈশা খাঁর রাজমহলগুলো বহুকালের অবহেলায় পড়োপড়ো। এ পড়বে আর ও উঠবে, এটাই কালের কেলি ক্ষমতার খেলা। সোনারগাঁয়ে নতুন একদল ভূঁইয়ার উত্থান দেখা যাচ্ছে। বারভূঁইয়ার ‘সিন্ডিকেট’ একসময় বাংলাদেশের বিরাট অঞ্চল শাসন করত। সোনারগাঁয়ের রাজপুরুষ ঈশা খাঁ ছিলেন তাঁদের সর্দার। নারায়ণগঞ্জ আর কুমিল্লার মধ্যবর্তী মেঘনার চরাঞ্চলে দাপট চালাচ্ছে এই নতুন সিন্ডিকেট। বালু ব্যবসায়ী হলেও, স্থানীয়ভাবে আড়ালে-আবডালে মানুষ এদের বলে বালুদস্যু। সত্যি সত্যিই তাদের উত্থানে সোনারগাঁয়ের মেঘনা নদী ও তার তীর কম্পিত। এই কাঁপনে সবচেয়ে বেশি কাঁপছে মেঘনা নদীর নুনেরটেক চর মায়াদ্বীপ। নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের নির্দেশ থেকে শুরু করে জাতিসংঘের উদ্বেগ—কোনো কিছুরই পরোয়া করছে না এই সিন্ডিকেট। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের একটি গল্পে দেখা যায়, একটি বিরাট ভুতুড়ে জাহাজ মাঝরাতে সরাসরি নদীতীরের একটি গ্রামের ওপর উঠে পড়ে। অতিকায় সেই জাহাজের খোলের নিচে চাপা পড়ে যায় জেলেদের ছোট্ট গ্রামটি। নুনেরটেক-মায়াদ্বীপের মানুষদের জীবনেও সে রকম একটি রাত আসে। ২০১০ সালের রোজার আগের এক রাতে বিকট শব্দে ঘুম ভেঙে গেলে তীরবর্তী ঘরের মানুষেরা নদীর দিকে তাকায়। শব্দটা আসছে সেখান থেকেই। কেবল শব্দ নয়, মাটিও কাঁপছে। দৌড়ে গিয়ে তারা দেখে, গ্রামের তীর ঘেঁষে ছোটবড় জাহাজ-ট্রলার-ড্রেজারের বহর। গ্রাম ঘেঁষে বিরাট বিরাট পাইপ লাগিয়ে মহাসমারোহে তারা বালু কাটছে। নারী-পুরুষনির্বিশেষে গ্রামবাসী সে রাতে রুখে দাঁড়িয়েছিল। এই গল্পের শুরু সেখানে। এই গল্প নতুন এক মহাশক্তির উত্থানেরও গল্প। এই শক্তির নাম ’সিন্ডিকেট’। আর সব ব্যাপারের মতো বালু ব্যবসায়ীরাও সিন্ডিকেট বানিয়ে বিরাট দাপট প্রতিষ্ঠা করেছে। তাদের পেছনে আছে বিভিন্ন দলের রাজনৈতিক খুঁটি। উভয়ে মিলে প্রশাসনকে কবজা করে কেটে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষের জমি। কাঠের ব্যবসায়ী গাছ দেখে না, কাঠ দেখে। বালুর ব্যবসায়ী জমি দেখে না, বসতি দেখে না, কেবলই মাটির তলার বালু দেখে। এদের আগ্রাসনে গত দুই বছরে মায়াদ্বীপ-নুনেরটেকের কয়েক শ বিঘা জমি নদীতে তলিয়ে গেছে। এভাবে চলতে থাকলে বাকি দ্বীপটারও নিশানা আর থাকবে না। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক সপরিবারে বেড়াতে এসে মেঘনার এই দ্বীপটাকে ভালোবেসে নাম দিয়েছিলেন মায়াদ্বীপ। এটা আসলে মেঘনায় জেগে ওঠা নতুন চর। এরশাদ আমলের শেষের দিকে এখানে ভূমিহীনদের গুচ্ছগ্রাম প্রতিষ্ঠিত হয়। ১৯৮৮ সালে ১২০টি ভূমিহীন পরিবারকে এখানে জমি বরাদ্দ দেওয়া হয়। বালুদস্যুদের সিন্ডিকেট এদের আবার ভূমিহীন বানাচ্ছে। সর্বস্ব হারিয়ে এক সাহেব মিয়া ভিক্ষাবৃত্তিতে নেমেছেন। গুলবক্স শুরু করেছেন শহরে গিয়ে মেলামিনের বাসনকোসন ফেরি করা। শ দেড়েক জেলে পরিবার জাল গুটিয়ে নৌকা বন্ধ করে বেকার হয়ে গেছে। উচ্ছেদ আর জীবিকা কেড়ে নেওয়ার এই গল্পে এখন পর্যন্ত জয় নেই, কেবলই পরাজয়। সোনারগাঁয়ের বৈদ্যের বাজার ঘাট থেকে ইঞ্জিনচালিত নৌকায় গেলে ৪০ মিনিটের পথ মায়াদ্বীপ। নদীবহতা বাংলাদেশ কত সুন্দর, মেঘনার পানি কত স্বচ্ছ-সবুজ, পাখি যেমন আকাশে সহজাত, জেলে নৌকাগুলো তেমনি সাবলীল এই নদীতে। কিন্তু কিছুদূর গেলেই এই দৃশ্য ছাপিয়ে আপনি দেখতে পাবেন বালু উত্তোলনকারী ড্রেজারের বহর গায়ে গা ঘেঁষে একযোগে বালু তুলছে। জেলা প্রশাসন নদীর বিভিন্ন এলাকাকে বালুমহাল ঘোষণা করে ইজারা দেয়। তার বলেই এরা বালু তোলার অনুমতি পায়। ঘোষিত বালুমহালের বালু নিঃশেষ হওয়ার পর এই ইজারাদারেরা শুরু করে নদীর পাড় কেটে বালু বের করার চোরাই অভিযান। নারায়ণগঞ্জ, সোনারগাঁ ও কুমিল্লার তিন সাংসদের সমর্থনে চারটি বালু ব্যবসায়ী কোম্পানির দাপটের সামনে প্রশাসনকেও উদাসীন হয়ে যেতে হয়। সোনারগাঁর বৈদ্যের বাজারের পাশের চওড়া খালে আপনি যদি বালুবাহী ভলগেট-ড্রেজার ইত্যাদি দেখে থাকেন, জানবেন এই শত শত টন বালু মেঘনার ওই সব বালুমহাল থেকেই আসছে। তার মধ্যে আছে মায়াদ্বীপের জেলে গ্রামের বসতভিটা আর আবাদি জমির ধ্বংসাবশেষ। তারপর সেই ভেজা বালু এক কিলোমিটারেরও বেশি দীর্ঘ চওড়া পাইপ দিয়ে ফেলা হয় সোনারগাঁর বিল-জলা অথবা কোনো আবাদি জমিতে। স্থানীয় জমির দালাল আর দলীয় পান্ডাদের মাধ্যমে ঢাকার বড় বড় ব্যবসায়ী কোম্পানি ঈশা খাঁর রাজধানীর চারপাশের অনেক এলাকা কিনে বা দখল করে ফেলেছে। স্থানীয় বাসিন্দারা বলে, ‘কোম্পানি খাইছে’। এসব কোম্পানি তারপর আবাসন অথবা কারখানা করার জন্য জমি ও জলাভূমি ভরাট করতে থাকে। ঈশা খাঁর রাজমহল থেকে শুরু করে ঐতিহাসিক পানাম নগরকে ঘিরে যে দীর্ঘ খালটি রয়েছে, সেটির বিভিন্ন জায়গাও এভাবে ভরাট হয়ে যাচ্ছে। মায়াদ্বীপ ধ্বংসকারী বালু এভাবে ঢেকে ফেলছে সোনারগাঁর অপূর্ব নিসর্গকে। এক জনপদের ধ্বংসাবশেষ দিয়ে করা হচ্ছে আরেক এলাকার ধ্বংস। সবই সেই সিন্ডিকেটের খেলা। গত ২৪ সেপ্টেম্বরের দুপুর গড়ানো বিকেলে আমাদের নৌকাটি মায়াদ্বীপে গিয়ে ঠেকে। লম্বালম্বি এই চরের এক পাশে বসতি, আরেক পাশে ধানখেত আর গো-চারণভূমি। সবুজে ছাওয়া সুনসান বসতির চাইতে আবাদি জমির পরিমাণ অনেক কম। এ থেকেই বোঝা যায়, গ্রামবাসীর অবস্থা কতটা বেহাল। বোঝা যায়, বালুর সিন্ডিকেট জমি খেয়ে নিয়েছে। নৌকা ও জাল থাকা সত্ত্বেও বালুদস্যুদের অত্যাচারে নদীতে নামার উপায় নেই অনেকেরই। মারধর করে, জাল কেড়ে নেয়। মধ্যবয়সী কৃষক ও জেলে আবদুস সাত্তার। উঠানের মাঝখানে সারা শরীর কাঁপিয়ে তিনি বলেন, ‘আমাগো দ্যাশ কাইট্যা লইয়া যাইতেছে। দুই মাস ধইরা আমাগো মাছ ধরা বন্ধ। জমি নিয়া গেল গা, জালও নামাইত দিব না, কী খামু তাইলে?’ নুনেরটেকের ইউনিয়ন পরিষদের সদস্য জিলানী মেম্বারের বাড়ির আঙিনায় সেদিন দেড়-দুই শ নারী-পুরুষের ভিড়। আজ তাদের নেতা জিলানী মেম্বার গিয়েছিলেন কুমিল্লা আদালতে হাজিরা দিতে। গোড়া থেকেই জিলানী মেম্বার গ্রামবাসীকে সঙ্গে নিয়ে বাধা দেন, কয়েকটা ড্রেজার আটকও করেন। পরে ওপারের কুমিল্লার মেঘনা থানার পুলিশ এসে তা ছাড়িয়ে নিয়ে যায়। মামলা হয়। সেই মামলার এক নম্বর আসামি হিসেবে আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। কিন্তু কোর্ট জামিন বাতিল করে তাঁকে জেলে চালান করে দিয়েছেন। সেই খবর কেবলই এসেছে গ্রামে। মানুষের মুখ থমথমে। চাপা ভয়, ক্ষোভ। কিন্তু কী করার আছে তাদের? জিলানী মেম্বারের নিজের কোনো জমি নেই মায়াদ্বীপে। গরিব মানুষেরা তাঁকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দাঁড় করিয়ে জয়ী করে নিয়ে এসেছিল। তারা ভেবেছিল, জনপ্রতিনিধিত্বের ক্ষমতায় তিনি হয়তো মায়াদ্বীপকে বাঁচাতে পারবেন। কিন্তু ষড়যন্ত্রের শিকার হয়ে এখন তিনি জেলে। আদালত বুঝতে চাননি যে জিলানী মেম্বার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের উপস্থিতিতে গঠিত বালু উত্তোলন প্রতিরোধ কমিটির সদস্য। সেই কমিটি গঠনের সময় আরও উপস্থিত ছিলেন সংস্থাপন মন্ত্রণালয়ের দুই উপসচিব সুলতান আহমেদ ও মো. আবদুল্লাহ হাসান চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোশাররফ হোসেন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম। ছিলেন প্রধানমন্ত্রীর দপ্তরের পরিচালক সাজ্জাদুল হাসান। তাঁরা এসেছিলেন মায়াদ্বীপ নিয়ে একটি প্রকল্পের কাজ করার জন্য। স্থানীয় অধিবাসীদের কাছে অভিযোগ শুনে এই কমিটি গঠন করে দেওয়া হয়। সেই কমিটির সদস্য কমলার স্বামী সুরত আলীর বাড়িতে ডাকাতি হয়। ছেলের পা ভেঙে দেওয়া হয়। তাঁদের অভিযোগ, সবই বালুর শত্রুতার জের।আসকর আলীর গেছে পাঁচ বিঘা। সাহেব মিয়ার (৫০) ছিল সাড়ে তিন বিঘা জমি। বৃদ্ধা মাকে ঘরে রেখে তিনি এখন ভিক্ষা করেন। গুলবক্সদের চার ভাইদের গেছে ১২ বিঘা জমি। গুলবক্স এখন শহরে গিয়ে মেলামিনের বাসনকোসন ফেরি করেন। সুরত আলীর গেছে সাত বিঘা জমি। পশরা বেগমের গেছে চার বিঘা। আবুল হোসেনের জমির কাছে চলে এসেছে নদী। কিন্তু গ্রামবাসী ছেড়ে দেয়নি। নারী-পুরুষনির্বিশেষে বারবার তারা রুখে দাঁড়িয়েছে। এখন তাদের বিরুদ্ধে পাঁচ-পাঁচটি মামলা, কয়েক শ গ্রামবাসী তার আসামি। অথচ বালুদস্যুদের বিরুদ্ধে মামলা হলেও কেউ শাস্তি পায়নি। বালু প্রতিরোধ কমিটির নেতা এবং সোনারগাঁয়ের স্বেচ্ছাসেবী সংগঠন সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের সভাপতি শাহেদ কায়েসের উদ্যোগের ফলে জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে চিঠি দেওয়ার পরও সকলি গরল ভেল। সিন্ডিকেট থাকবে, মানুষ থাকবে না, মায়াদ্বীপ থাকবে না। এই বালু লুণ্ঠনের সম্পদ দিয়ে অনেকে পুঁজিপতি হবেন, ব্যবসা খুলবেন, সমাজে ভিআইপি হবেন। সেই পুঁজি আর ব্যবসার খ্যাতি ও প্রতাপ দিকে দিকে ছড়াবে। এই সম্পদ আর এই সুশীল ভাবমূর্তির গায়ে মায়াদ্বীপের মাটির কোনো দাগ থাকবে না। মায়াদ্বীপের মানুষের জীবন তাদের গ্রামের বালুতে তৈরি অট্টালিকা আর প্রাসাদের বালুর ভেতর চিকচিক করবে। ফারুক ওয়াসিফ: লেখক ও সাংবাদিক।faৎ[email protected]