‘আমি পাকিস্তানকে বদলে দিতে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমরান খান এখন পূর্ণ উদ্ভাসিত। ‘রাজি না থাকলে মানুষকে শাসন করা যায় না,’ বলছিলেন তিনি। ‘আফগানরা সব আগ্রাসন রুখে দিয়েছে। যুক্তরাষ্ট্র কেমন করে ভাবে যে তারা জিতবে?’ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা ইমরান খান দিনকে দিন সরব হয়ে উঠছেন। খানের পূর্বপুরুষেরা আদিতে ছিল পশতুন জাতিভুক্ত। তাঁর চোখে আফগানদের প্রতিরোধ ‘মূলত স্বাধীনতাযুদ্ধ’। পশ্চিমা সরকারগুলোর চালানো সন্ত্রাস দমন কিংবা বিদ্রোহ দমনের কাঁসুন্দি তিনি মানেন না। তাঁর কথায়, ‘মার্কিনিদের দাবি, হাক্কানি নেটওয়ার্কের কারণেই আফগানিস্তানে তারা জিততে পারছে না। তার মানে, মাত্র তিন, চার বা সর্বসাকুল্যে পাঁচ হাজার যোদ্ধার কাছে ইতিহাসের বৃহত্তম যুদ্ধযন্ত্র ন্যাটোর এক লাখ ৪০ হাজার সেনা নাস্তানাবুদ হচ্ছে?’ আফগানিস্তান থেকে পূর্ণ মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা নিয়ে ওবামার ঘোষণার প্রতিও ইমরানের বিন্দুমাত্র আস্থা নেই। ‘কী তাঁর অর্জন? এবং এ মুহূর্তে তারা কী করছে? যেকোনো সময় থেকে বেশি মাত্রায় নৈশ অভিযান চালাচ্ছে তারা। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই পর্যন্ত এসব অভিযান নিয়ে আপত্তি তুলেছেন। এতে হিতে বিপরীত হচ্ছে, অজস্র নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে। প্রতিক্রিয়ায় তালেবানরা আরও শক্তিশালী হচ্ছে।’ ক্লান্ত ভঙ্গিতে মাথা নেড়ে ইমরান বললেন, ‘জেনারেলদের খপ্পরে পড়াই ওবামার সাংঘাতিক ব্যর্থতা। আর জেনারেলরা সব সময়ই চায় আরও বেশি সেনা, আরও বেশি অভিযান।’২০০৯ সালে ওবামা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ইমরান তাঁর উদ্দেশে একটা খোলা চিঠি লিখেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, ‘সন্ত্রাসের শিকড় রয়েছে রাজনীতির মধ্যে, সমাধানটাও সেখানেই নিহিত। আমি তাঁকে বলেছিলাম, বুশের যুদ্ধ নিজের ঘাড়ে নেবেন না। এ যুদ্ধে আপনি জিতবেন না।’ খান এসব কথা বলছিলেন লন্ডনে তাঁর সাবেক শাশুড়ির আঠারো শতকের প্রাসাদবাড়িতে বসে।ইমরান ও জেমিমা গোল্ডস্মিথের বিয়ে হয় ১৯৯৫ সালে এবং বিচ্ছেদ ঘটে ২০০৪ সালে। জেমিমা যখন দুটি ছেলেকে সঙ্গে নিয়ে লন্ডনে ফেরেন, সে সময়ই ইমরানের বই পাকিস্তান: একটি ব্যক্তিগত ইতিহাস প্রকাশিত হয়। আবেগতাড়িত ভাষায় সেখানে তিনি লেখেন ‘ভিন্ন সংস্কৃতির দুটি মানুষের দাম্পত্যকে সফল করা কতটা কঠিন’। বিয়ে ভেঙে যাওয়ার জন্য ‘পরিবারের মধ্যে বাইরের শক্তির অন্তর্ঘাতকে’ দায়ী করেন তিনি। পাকিস্তানের রাজনীতিতে পদার্পণের পর রাজনৈতিক শত্রু ও ‘সরকারি মদদপুষ্ট মিডিয়া’ জেমিমাকে আক্রমণ করতে থাকে। তাঁর চেহারা, ইহুদি ঐতিহ্য ও বিত্তের জন্য সমালোচিত হন তিনি। ইমরান বলেন, ‘জনগণ এটা করেনি, করেছে রাজনৈতিক গোষ্ঠী। মানুষ আসলে জেমিমাকে ভালোবেসেছিল।’লন্ডনের অভিজাত মহলে বিচরণ করা একসময়ের প্লেবয় ইমরান খান আশির দশকের শেষ দিকে আত্মিক ও ধর্মীয় জাগরণের মধ্য দিয়ে যান। নিজেকে তিনি শিয়া বা সুন্নি, রক্ষণশীল বা উদার, ইসলামপন্থী বা মধ্যপন্থী কিছু দিয়েই বোঝাতে চান না। তাঁর স্পষ্ট স্বীকারোক্তি, ‘আমি কবি ইকবালের অনুসারী।’ ভারতীয় উপমহাদেশের কিংবদন্তিতুল্য কবি, দার্শনিক ও বুদ্ধিজীবী ইকবাল বিষয়ে তিনি বলেন, ‘ইকবাল আমার আদর্শ পুরুষ। মানুষটা প্রতিভাধর ছিলেন। তাঁর চরিত্রের অনেক দিক। ...পাকিস্তান তাঁর কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। ইকবাল এক অকুতোভয় চিন্তক। তিনি নিপীড়িতদের সব ধরনের কর্তৃত্ববাদ—ধর্মীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক, অর্থনৈতিক— রুখবার ডাক দিয়েছিলেন।’ইমরান পাকিস্তানের জঙ্গি মাদ্রাসাগুলো বন্ধ করার পক্ষপাতি; কিন্তু ‘পরাশক্তির পুতুল কোনো সরকারের পক্ষে তা করা সম্ভব নয়’। তাঁর মতে, ‘ইসলামের নয়, মুসলিমদের মধ্যে সংস্কার ঘটানো দরকার। মুসলিম দুনিয়ায় দরকার যথাযথ বুদ্ধিবৃত্তিক বিতর্ক।’ কিন্তু কেন তা হচ্ছে না? তাঁর ভাষায়, ‘এই আত্মসংস্কার ঘটতে পারছে না সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের জন্য। এ যুদ্ধ আমার দেশ থেকে সব ধরনের বিতর্ককে বিতাড়িত করেছে। গায়ে “অন্য পক্ষের” মার্কা পড়ে যাক, তা কেউ চায় না।’এ বছরের জানুয়ারিতে পাঞ্জাবের গভর্নর সালমান তাসির দেহরক্ষীর গুলিতে নিহত হন। কারণ, তিনি ব্লাসফেমি আইনের বিরুদ্ধে দুঃসাহসী আন্দোলন শুরু করেছিলেন। খান কি নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত? প্রফুল্লচিত্তে তিনি বলেন, ‘ওসবের ভেতর দিয়ে আমি তো গিয়েছি। আমার কোনো ভয় নেই। আমার বিশ্বাস শুদ্ধ, মরে গেলে বিদায় নেব।’ একটু থেমে বললেন, ‘ঠিক আছে, আমি আমার সর্বোচ্চটা করার চেষ্টা করছি।’ নিজের নিরাপত্তা বিষয়ে বলেন, ‘আপনি কতটা সাবধান হবেন? বেনজির তো কম সাবধান ছিলেন না!’ ২০০৭ সালের অক্টোবরে দুবাইয়ের নির্বাসন থেকে ফেরার পর বেনজির ভুট্টো সম্পর্কে ইমরান লিখেছিলেন, ‘...এক জিন্দা লাশ...এদিকে জঙ্গিরা তাঁকে নিশানা করেছে...অন্যদিকে রাজনীতিবিদেরা ক্ষমতা হারানোর ভয়ে ভয়ার্ত।’ পরের ডিসেম্বরেই বেনজির ভুট্টো নিহত হন।ইমরান তাঁর রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের (ইনসাফ আন্দোলন) পত্তন করেন ১৯৯৬ সালে। পার্লামেন্টের সদস্য ছিলেন ২০০২ থেকে ২০০৮ সাল পর্যন্ত। ২০১৩ সালের পার্লামেন্ট ও প্রেসিডেন্ট উভয় নির্বাচনেই প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা তাঁর। তাঁর ভাষ্য, ‘পাকিস্তানে দুর্নীতি নির্মূলই আমার লক্ষ্য।’ তিনি কি রক্ষণশীল, সমাজ গণতন্ত্রী, উদারতাবাদী? মাথা নেড়ে বললেন, ‘এগুলো পাশ্চাত্য তকমা, পাশ্চাত্যের রাজনৈতিক দলের জন্য, পাশ্চাত্য পন্থায় পাশ্চাত্য সমস্যা সমাধানের কথা বলে। আমি সম্পূর্ণভাবে পাকিস্তানে প্রোথিত। যে নামেই ডাকা হোক না কেন আমি এক কল্যাণ রাষ্ট্র, আইনের শাসন ও পাকিস্তানের পরিপূর্ণ সার্বভৌমত্বের জন্য যা করা দরকার, করতে চাই।’বিপক্ষের লোকেরা ইমরানকে সুবিধাবাদী বলে থাকে, যিনি পাকিস্তানের ধর্মপন্থী দলগুলোকে খুশি করে জনপ্রিয় হতে চান। এসব কথায় তিনি বিরক্ত, ‘না, দাঁড়ান দাঁড়ান। তারা বোঝে না যে ওই ভোটগুলো সরকারের বিপক্ষে। আমি সরকারের বিপক্ষে। মোল্লারাও সরকারের বিপক্ষে। মুশকিল হলো, পাশ্চাত্যমনা চোখ মুসলিম সমাজকে দেখে: “হয় তুমি মৌলবাদী নয়তো লিবারেল”। আমার কাছে পাকিস্তানের আসল রাজনৈতিক যুদ্ধ দুই বড় দলের মাফিয়াদের বিরুদ্ধে। এ যুদ্ধে মোল্লাদের অবস্থান অপ্রাসঙ্গিক।’কিন্তু সব সময় ইমরান তাদের বিপক্ষে ছিলেন না। ২০০২ সালে পারভেজ মোশাররফের আরেক দফা প্রেসিডেন্ট হওয়ার বিলে সমর্থন দিয়েছিলেন ইমরান। আত্মপক্ষ সমর্থনের সুর ইমরানের কণ্ঠে, ‘মোশাররফ আমাদের সত্যিকার গণতন্ত্রের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাই আমরা তাঁকে সমর্থন দিয়েছিলাম। আমরা ভেবেছিলাম, লোকটা নিষ্ঠাবান। নওয়াজ শরিফ ও বেনজির ভুট্টোর ফিরে আসার ভয় থেকে আমরা তখন ভুলটা করেছিলাম।’পরের বছরগুলোয় ইমরান মোশাররফের পাশ্চাত্যপন্থী ও যুদ্ধপন্থী ভূমিকার তুমুল সমালোচনায় নামেন। আসলে মার্কিন সহপররাষ্ট্রমন্ত্রী রিচার্ড আর্মিটেজের হুমকির মুখে (হয় তালেবানদের বিরুদ্ধে যুদ্ধে হাত মেলাও, নতুবা আমরা তোমাদের বোমা মেরে প্রস্তর যুগে ফেরত পাঠাব) আর কিছু করার ছিল কি জেনারেলদের?ইমরানের মত ভিন্ন, ‘এখানেই তো নেতার আসল পরীক্ষা। আপনি যদি চাপই নিতে না পারলেন, তাহলে কিসের নেতা হলেন? হুমকি মোকাবিলা না করেই মেনে নিলেন! তুরস্ক তো তাদের ভেতর দিয়ে ইরাকে সেনা পাঠাতে দেয়নি। কীভাবে আমরা আমাদের দেশটাকে ধ্বংস হতে দিলাম! মাত্র ২০ বিলিয়ন ডলার মার্কিন সাহায্যের জন্য জনগণের অধিকার বিসর্জন দিলাম!’ পাকিস্তানি সন্ত্রাসবাদ বিষয়ে তাঁর বক্তব্য হলো, ‘আপনাকে প্রেক্ষিতের মধ্যে ফেলে দেখতে হবে। ২০০১ সালের আগে পাকিস্তানে আত্মঘাতী হামলার সংখ্যা ছিল অনেক কম। তারপর ঘটছে শত শত।’ইমরান খানের শেষ কথা এই, ‘পাকিস্তানের জঙ্গিগোষ্ঠীগুলোকে পেলে-পুষে বড় করেছে পাকিস্তানের সেনাবাহিনী।’ কিন্তু লাদেনকেও তারা রক্ষা করছিল কি না, সে প্রশ্নের জবাবে তিনি দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, ‘একমাত্র আল্লাহ জানেন। যেখানে প্রায়ই সেনাসদস্যরা তাদের হামলায় মারা যাচ্ছেন, সেখানে কেন সেনাবাহিনী এসবের হোতা বলে তারা যাকে মনে করে, তাঁকে আশ্রয় দেবে? এটা স্ববিরোধী, তাহলে কেন তারা এটা করবে?’ অথচ তিনি তাঁর বইয়ে লিখেছেন, ‘আইএসআইয়ের সাবেক প্রধান লে. জেনারেল জিয়াউদ্দিন বাট দাবি করেছেন, জেনারেল পারভেজ মোশাররফ মার্কিন ডলার হাতানোর আশায় অ্যাবোটাবাদের কাছে লাদেনকে লুকিয়ে রেখেছেন।’পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে আনুগত্য ও সততা আনার ব্যাপারে ইমরানের অবস্থান স্পষ্ট, ‘আর কোনো বিদেশি অর্থ নয়।’ চেয়ারের সামনের দিকে ঝুঁকে তিনি বললেন, ‘প্রথমে টাকার জন্য জিহাদি বানালাম, পরে টাকার জন্য তাদের হত্যা করলাম, এটাই আমেরিকার আঞ্চলিক খুঁটি হিসেবে আমাদের শিক্ষা। আর পাকিস্তানিরা মার্কিন নীতির বিরুদ্ধে, মার্কিন জনগণের বিরুদ্ধে নয়। আমি পাশ্চাত্যবিরোধী নই, পাশ্চাত্যকে আমি ভালো করে জানি। পাশ্চাত্যের জনগণ নয়, ছোট একটা গোষ্ঠী পাশ্চাত্যের নীতিগুলো বানাচ্ছে। সাধারণ মার্কিনরাও আমাদের মতো তাদের শিকার। তাদের নেতারা তাদের নিরন্তর মিথ্যা কথা শোনাচ্ছেন।’নিজের দলের ভবিষ্যৎ বিষয়ে ইমরান খান আশাবাদী। পিউ রিসার্চ সেন্টার ও ইউগভের করা জরিপে তেহরিক-ই-ইনসাফের পক্ষে ৬০ থেকে ৭০ শতাংশ সমর্থন পাওয়া গেছে। গত ৩০ অক্টোবরে লাহোরে ইমরানের জনসভায় লাখো মানুষ জমায়েত হয়েছিল। কিন্তু খানকে কি জিততে দেবে কায়েমি মহল? তাঁর জবাব, ‘এই প্রথম আমরা একটি স্বাধীন উচ্চ আদালত পেয়েছি, যাঁরা নির্বাচন তদারক করতে পারবেন। প্রধানমন্ত্রী পদে আমার আকর্ষণ নেই। আমি হতে চাই পরিবর্তনের প্রভাবক। এমন এক বিপ্লব ঘটাতে চাই, যা পাকিস্তানকে একেবারে বদলে দেবে।’ জানালা দিয়ে দূরে তাকিয়ে তিনি বলে চললেন, ‘প্রধানমন্ত্রিত্ব চাই তখনই, যখন তা ব্যবহার করে পাকিস্তানে সামাজিক-অর্থনৈতিক বিপ্লব ঘটাতে পারব।’কিন্তু ইমরান খান কি নির্বাচনে জিততে পারবেন? বরাবরের মতো আত্মবিশ্বাস তাঁর কণ্ঠে, ‘আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, একটি মাত্র দলই জয় পেতে যাচ্ছে।’সাক্ষাৎকারটি নিয়েছেন ব্রিটেনের নিউ স্টেটসম্যান ম্যাগাজিনের রাজনৈতিক সম্পাদক মেহেদি হাসান। নিউ স্টেটসম্যান থেকে নেওয়া, ইংরেজি থেকে সংক্ষেপিত। অনুবাদ করেছেন ফারুক ওয়াসিফ।