ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থীরা দলমত-নির্বিশেষে একটি আধুনিক ও উন্নত ঢাকা গড়তে যে তারুণ্যদীপ্ত প্রত্যয় ব্যক্ত করছেন, তাকে আমরা স্বাগত জানাই। প্রথম আলো আয়োজিত ‘আমি যদি মেয়র হই’ সংলাপে অংশগ্রহণকারী মেয়র প্রার্থীরা একমত হয়েছেন যে রাজধানী ঢাকাকে সব নাগরিকের বাসযোগ্য করতে রাজনৈতিক বিভেদ পরিহার করে ঐক্যবদ্ধ প্রয়াস জরুরি। এমনকি প্রশংসনীয়ভাবে তাঁরা এই উপলব্ধির কথাও অকপটে ব্যক্ত করেছেন যে, মেয়র প্রার্থীরা কোনো দলের সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিলেও নগর প্রশাসন পরিচালনায় দলীয় দৃষ্টিভঙ্গি পোষণ করবেন না। তাঁদের নির্বাচনপূর্ব এই প্রত্যয়ের প্রতিফল নির্বাচন–পরবর্তী আচরণে প্রতিফলিত হবে আশা করি।
সংলাপে অংশগ্রহণকারীদের সংখ্যাগরিষ্ঠই নতুন প্রজন্মের প্রতিনিধি, এটি আমাদের আশান্বিত করে। মেয়র প্রার্থীরা তাঁদের নগর ভাবনা উপস্থাপনকালে পারস্পরিক শ্রদ্ধা ও সৌজন্যবোধের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আমরা মনে করি, নির্বাচনে জয়-পরাজয় যা-ই হোক না কেন, পরমতসহিষ্ণুতার এই রাজনৈতিক সংস্কৃতি সব দল অনুশীলন করবে। দুই বড় দলের নীতিনির্ধারকদের কাছে আমাদের এই প্রত্যাশা নিশ্চয়ই অযৌক্তিক হবে না যে দৃষ্টিভঙ্গির পরিবর্তনে নতুন প্রজন্মের আকাঙ্ক্ষাকে তাঁরা উৎসাহিত করবেন।
অত্যন্ত আনন্দের বিষয় হলো, রাজনৈতিক বৈরিতা ও বিদ্বেষ অবসানে যে সহনশীলতা ও পরমতসহিষ্ণুতার চর্চা দীর্ঘকাল ধরে আশা করেও পাইনি, ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র প্রার্থীরা, যাঁদের বেশির ভাগ নবাগত, তাঁরা সেই ঘাটতি পূরণ করার বিশ্বাসযোগ্য অঙ্গীকার ব্যক্ত করেছেন। জাতিকে আশ্বস্ত করেছেন যে মেঘের আড়ালে সূর্য হাসে। এমনকি ‘বিজয়ী সবকিছু দখলে নেবে’, প্রচলিত রাজনীতির এই ধারা তাঁরা বদলে দেওয়ার কথাও বলেছেন। প্রতিশ্রুতি দিয়েছেন, নগর ভবনকে তাঁরা দলীয় কার্যালয়ে পরিণত করবেন না, নির্বাচনে যাঁরা হেরে যাবেন তাঁদের মেধা কাজে লাগাতে তাঁরা বরং উপদেষ্টা বা পরামর্শ পর্ষদ গঠন করবেন।
নতুন ঢাকা গড়তে নতুন প্রজন্মের এই আলোকিত সংকল্পের প্রতি আমাদের অভিবাদন। আমরা বাস্তবে তা কার্যকর দেখার অপেক্ষায় রইলাম।
আরও পড়ুন