'ইকো ফিশ' প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৎস্য অধিদপ্তরের নেওয়া ‘ইকো ফিশ’ নামের প্রকল্পটি সুবিবেচনাপ্রসূত, দূরদর্শী ও আশাব্যঞ্জক। তবে আমাদের সাধারণ অভিজ্ঞতা হলো, অনেক ভালো উদ্যোগ সুষ্ঠুভাবে বাস্তবায়িত হয় না। সুষ্ঠু বাস্তবায়নের অভাবে সরকারের অনেক ভালো প্রকল্প স্রেফ অর্থ অপচয়ের কারণ ঘটায়—এমন উদাহরণ অনেক রয়েছে। ‘ইকো ফিশ’ প্রকল্পের পরিণতি যেন সে রকম না হয়, সেটা নিশ্চিত করাই প্রথম কাজ।
প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে দেশের উপকূলীয় আটটি জেলার নদনদীতে ইলিশ মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষা করার উদ্দেশ্যে। এ প্রকল্পের মাধ্যমে দেশে প্রথমবারের মতো ইলিশের বংশবিস্তার ও প্রজননকাল নির্ধারণসহ প্রাকৃতিক পরিবেশের নানা দিক নিয়ে গবেষণা করা হবে। একই সঙ্গে জাটকা ধরার নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হবে।
ইলিশ রক্ষায় উপকূলে নতুন প্রকল্পপাঁচ বছর মেয়াদি এই প্রকল্পে ব্যয় করা হবে ৯০ কোটি টাকা, যা দেবে যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)। এই অর্থ যেন সঠিকভাবে কাজে লাগানো হয়, যেন কেউ নয়ছয় করার সুযোগ না পায়, তা নিশ্চিত করা জরুরি। প্রতিবছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ইলিশের পোনা ও অন্যান্য মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকে। বছরের আট মাস দীর্ঘ সময়; এটা যুক্তিপূর্ণ কি না, সে ব্যাপারে এ পর্যন্ত গবেষণা হয়নি। গবেষণা করে দেখা উচিত এই সময় কমানোর সুযোগ রয়েছে কি না।
নিষেধাজ্ঞার এই দীর্ঘ সময়জুড়ে দরিদ্র জেলেদের আয়-রোজগারের কী ব্যবস্থা হবে, তা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দারিদ্র্যের কারণেই জেলেরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাটকা ধরেন; এটা বন্ধ করতে হলে তাঁদের জীবিকার বিকল্প ব্যবস্থা করে দিতে হবে, শুধু চার মাস প্রতি জেলে পরিবারকে মাসে ৩০ কেজি করে চাল দেওয়া যথেষ্ট নয়। জেলেদের প্রশিক্ষণ ও উপকরণ-সহায়তার খবর নিঃসন্দেহে ভালো প্রস্তাব। তবে জেলেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে আরও কিছু করণীয় রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
আমরা এই প্রকল্পের সাফল্য কামনা করি।