‘উদ্যমে উত্তরণে শতকোটি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী নির্যাতনের প্রকোপ বাড়া এক বৈশ্বিক সমস্যা। সে কারণেই বিশ্বজুড়ে এর বিরুদ্ধে কর্মসূচি ও সচেতনতা বাড়ছে। গত বৃহস্পতিবার বিশ্বজুড়ে পালিত বৈশ্বিক কর্মসূচি ওয়ান বিলিয়ন রাইজিং বা ‘উদ্যমে উত্তরণে শতকোটি’ সেই নারী জাগরণের অংশ হিসেবে বাংলাদেশেও পালিত হলো। নারী নির্যাতনের চরম রূপ ধর্ষণ-হত্যা থেকে শুরু করে যৌন নিপীড়নের নানা ধরনের শিকার হচ্ছেন নারীরা। বিভিন্ন বয়সের নারীরা বিভিন্ন বয়সী পুরুষদের হাতেই এ ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন। সাম্প্রতিক কালে এর বিপুল বাড়বৃদ্ধির প্রতিক্রিয়ায় গত বছরের সেপ্টেম্বর মাসে সামাজিক সংগঠন ও নারী অধিকার আন্দোলনের তরফে বিশ্বব্যাপী জোরালো প্রতিবাদ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। তারই ফল ‘ওয়ান বিলিয়ন রাইজিং’ বা উদ্যমে উত্তরণে শতকোটি। এই কর্মসূচি গত বৃহস্পতিবারে সফলতার সঙ্গে দেশজুড়ে পালিত হয়েছে। দুপুরের বিরতির সময় দেশের বিভিন্ন স্থানে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে হাজারো নারী-পুরুষ সড়কের পাশে মানববন্ধন করেছেন। নির্যাতনের বিরুদ্ধে নারী-পুরুষ যৌথ প্রতিরোধের শপথ নিয়েছেন। তাঁরা আহ্বান জানিয়েছেন সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি, যাতে তাঁরা নারীর বিরুদ্ধে হুমকি দূর করায় তাঁদের শক্তি ও সমর্থন বিনিয়োগ করেন। নারীকে মানুষের মতো সম্মান দিতে না পারলে সমাজ যে মানবিক হবে না, একবিংশ শতাব্দীতে এসে এই সত্য উপলব্ধি করা দরকার। নারীর প্রতি সহিংসতা রোধ, অ্যাসিড নিক্ষেপের মতো জঘন্য বর্বরতা প্রতিরোধে আইনকে যেমন শক্তিশালী করতে হবে, তেমনি বিচারের লক্ষ্যে তদন্তকাজে দায়বদ্ধতার প্রমাণ রাখতে হবে। এর জন্য আইনি ও প্রশাসনিক সংস্কার প্রয়োজন। অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন ও অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিল দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে অ্যাসিডে আক্রান্ত নারীদের সহায়তা ও চিকিৎসার লক্ষ্যে। এ রকম উদ্যোগ আরও চাই। ঘরে ঘরে নারী নির্যাতনও একধরনের ‘গৃহযুদ্ধ’। এই যুদ্ধ বন্ধ হতে হলে পুরুষদের সচেতন হলেই চলবে না, আইনের মাধ্যমে অপরাধীর শাস্তিও নিশ্চিত করতে হবে। নারীর মর্যাদা ও মুক্তি নারীর একার বিষয় নয়, তা সমগ্র সমাজের মুক্তি ও মানবিকতারও ব্যাপার। এই সত্য সবাই যত দ্রুত উপলব্ধি করবেন, ততই মঙ্গল।