'উন্নয়নে'র বলি যখন বৃক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পথের শোভা, পথিকের সেবা যে গাছ, তাকেই কিনা পথের কাঁটা ভাবছে সিলেট সিটি করপোরেশন। ১৫ বছর আগে সড়কজুড়ে এসব বৃক্ষ রোপণকে বিরাট কৃতিত্ব হিসেবে বিবেচনা করে তাদের জাতীয়ভাবে পুরস্কৃত করা হয়েছিল। ১৯৯৯ সালে যে সিটি করপোরেশন জাতীয় পরিবেশ দিবসের পুরস্কার অর্জনে গর্বিত হয়েছিল, আজ তারা কেন নিজেদের অর্জনকে নস্যাৎ করতে চাইছে?
অর্থনৈতিক ও উন্নয়ন কর্মকাণ্ডের বেলায় এক অদ্ভুত ‘বাস্তববাদ’ দেখা যাচ্ছে। বাস্তবতার প্রয়োজনের নাম করে পরিবেশবিধ্বংসী অনেক কার্যকলাপ চলছে। রাজধানী ঢাকা তো বটেই, জেলা ও বিভাগীয় শহরগুলোতেও বৃক্ষ, উদ্যান, মাঠ, খাল ও জলাশয় দেদার নষ্ট করা হচ্ছে। অথচ নগর পরিকল্পনায় অতি জরুরি হলো বৃক্ষের উপস্থিতি। বৃক্ষ ও সবুজ হারিয়ে আমাদের শহরগুলো যে রুক্ষ ও নিষ্প্রাণ দশা পাচ্ছে, তার মধ্যে যে হাঁসফাঁস করছে নাগরিক জীবন, তা নিয়ে নগরপিতাদের ঔদাসীন্য নিন্দনীয়।
সেই গাছগুলোই এখন পথের কাঁটা!সিলেট সিটি করপোরেশন নগরের মিরের ময়দান এলাকার একটি সড়ক প্রশস্ত করার জন্য সেই সড়কের দুই পাশের ১৫১টি গাছ কাটার জন্য দরপত্র আহ্বান করেছে। গাছ কাটা ও কাঠ বিক্রি ব্যবসাও বটে! সড়ক প্রশস্ত করা দরকার, কিন্তু তা কি বৃক্ষগুলো রক্ষা করে সম্ভব নয়! আধুনিক নগর পরিকল্পনায় মানুষ ও নিসর্গকে কাছাকাছি আনার চেষ্টা থাকে। অথচ বাংলাদেশে দেখা যায় নগর নিসর্গকে সবুজহীন করে বিজাতীয় উপাদানের প্রাধান্য।
জেলা শহরগুলোর উদ্যানহীন হয়ে পড়া ঠেকাতে তাই আশু পদক্ষেপ নেওয়া দরকার। প্রতিটি শহরের নিজস্ব ঐতিহ্য ও বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখার নীতিমালা থাকাও উচিত। আমরা চাইব, জেলা ও বিভাগীয় শহরগুলো যেন কোনোভাবেই ঢাকাকে অনুকরণ করে নিষ্প্রাণ হয়ে না পড়ে। সিলেট বাংলাদেশের সুন্দরতম শহরগুলোর একটি। নগর প্রশাসনের উচিত এই শহরের সৌন্দর্য, পরিবেশ ও প্রাণ-প্রকৃতি রক্ষার মনোভাব গ্রহণ করা।