'এ যুগের রাজাকার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বুড়িগঙ্গাসহ ঢাকার আশপাশের নদীগুলো উদ্ধার করতে না পারলেও দায়িত্ব গ্রহণের সাড়ে পাঁচ বছরের মাথায় নদী দখলকারীদের নতুন নামে অভিহিত করে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
গত বুধবার নদী দখল ও দূষণ রোধে গঠিত জাতীয় নদী রক্ষা কমিশনের কার্যালয় উদ্বোধনকালে তিনি বলেছেন, নদী দখলকারীরা এ যুগের রাজাকার। কেন তারা রাজাকার, সেই ব্যাখ্যা দিয়েছেন তিনি। তাঁর ভাষায়, ‘মুক্তিযুদ্ধের সময় যারা মানুষের প্রাণ হরণ করেছে, তাদের আমরা রাজাকার বলি। নদীরও প্রাণ আছে। এই নদীর প্রাণ যারা হত্যা করছে, তারা এ যুগের রাজাকার।’
খুবই হক কথা। আগের কথা বাদ দিলেও গত সাড়ে পাঁচ বছরে বুড়িগঙ্গা, বালু, তুরাগ, শীতলক্ষ্যাসহ যেসব নদী দখল ও দূষণের শিকার হয়েছে, তার দায় তিনি কীভাবে এড়াবেন? নদী রক্ষা কমিশন গঠনের আগে টাস্কফোর্স গঠন করা হয়েছিল এবং সেই টাস্কফোর্স ২৩ দফা বৈঠক করেছে বলেও মন্ত্রী জানিয়েছেন। কিন্তু টাস্কফোর্সের বৈঠকগুলো নদী দখলমুক্ত রাখতে কী ভূমিকা রেখেছে, মন্ত্রী মহোদয় তা জানাতে পারেননি। সাম্প্রতিককালে নদী রক্ষা নিয়ে যত কথা হয়েছে, তার এক শতাংশ কাজও হয়নি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দখলদারদের বিরুদ্ধে এ পর্যন্ত লোক দেখানো কিছু অভিযানের বাইরে কিছুই করতে পারেনি। এমনকি নদীর তীর সংরক্ষণের নামে যে সীমানাখুঁটি স্থাপন করা হয়েছে, তাতে দখলদারদেরই সুবিধা হয়েছে।
‘নদী বাঁচাও দেশ বাঁচাও’ কেবল মুখে বললেই হবে না। দখলদারদের বিরুদ্ধে চটকদার কথাবার্তায় নদীর দখল ও দূষণ কমবে না। মন্ত্রী যাদের এ যুগের রাজাকার বলে অভিহিত করেছেন, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা তিনি নেন, সেটাই দেশবাসী দেখতে চায়। টাস্কফোর্সের মতো নদী রক্ষা কমিশনও যে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হবে না, সেই নিশ্চয়তা কি মন্ত্রী দিতে পারবেন?