শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিপ্লব মণ্ডল নামের ২৬ বছর বয়সী এক রোগী যেভাবে মারা গেছেন বলে তাঁর পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, তা সত্য হলে দেশের প্রধান এই সরকারি হাসপাতালের চিকিৎসাব্যবস্থা ও সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন তুলতে হয়।
বিপ্লব মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন গত রোববার। কয়েক দিনের চিকিৎসায় তাঁর অবস্থার বেশ উন্নতি হয়েছিল, শনিবার তাঁর হাসপাতাল থেকে মুক্তি পাওয়ার কথা ছিল।
বিপ্লবের ভাই মিন্টু মণ্ডলের ভাষ্য অনুযায়ী, শুক্রবার দুপুরে বিপ্লব শ্বাসকষ্ট অনুভব করলে মিন্টু মণ্ডল সে সময় সেখানে দায়িত্বরত চিকিৎসককে তা জানান। চিকিৎসক রোগীকে নেবুলাইজ করার পরামর্শ দিয়ে ব্যবস্থাপত্রে ওষুধের নাম লিখে দিয়ে হাসপাতাল থেকে চলে যান। মিন্টু মণ্ডল হাসপাতালের বাইরের দোকান থেকে ওষুধ (সালবিউটামল) কিনে আনেন। শ্বাসকষ্টের রোগীকে নেবুলাইজ করার কাজটি প্রশিক্ষিত নার্সের করার কথা। মিন্টু মণ্ডল কর্তব্যরত নার্সকে তা করার জন্য বারবার অনুরোধ করেন। নার্স নিজে না করে তা ওয়ার্ডবয় সুমনকে করতে বলেন এবং মিন্টু মণ্ডলকে এই বলে আশ্বস্ত করেন যে, ওয়ার্ডবয়রাই রোগীদের নেবুলাইজ করে থাকেন। ওয়ার্ডবয় সুমন রোগী বিপ্লবকে নেবুলাইজ করার একপর্যায়ে রোগী নিস্তেজ, নিঃসাড় হয়ে পড়েন। তাঁর মৃত্যু ঘটে।
তারপর মৃত রোগীর বিক্ষুব্ধ স্বজনদের হাতে ওয়ার্ডবয় সুমনের প্রহৃত হওয়া, আনসার সদস্যদের তাঁকে উদ্ধার করা, শাহবাগ থানা থেকে পুলিশের আগমন, বিক্ষুব্ধ জনতার উত্তেজনা এবং শেষে সুমনকে শাহবাগ থানায় নিয়ে যাওয়ার বিবরণ গতকালের সংবাদপত্রে ছাপা হয়েছে। তারপর শনিবার যথারীতি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সুমনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
কিন্তু এই ঘটনা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও সার্বিকভাবে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্তব্যপালনে যে অবহেলা, অপেশাদারত্ব ও অসংবেদনশীলতার চিত্র ফুটে উঠেছে, তা যারপরনাই হতাশাব্যঞ্জক। যদিও এমন ঘটনা প্রতিদিন ঘটে না, তবু এই একটি ঘটনার মধ্য দিয়েই দেশের প্রধান এই হাসপাতালের চিকিৎসা-সংস্কৃতির বিপজ্জনক ফাঁকফোকর ও দুর্বলতাগুলো মর্মান্তিকভাবে দৃশ্যমান হয়ে উঠেছে।
বিপ্লব মণ্ডলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে এ জন্য দায়ী প্রত্যেকের শাস্তি নিশ্চিত করুন। জবাবদিহির ঊর্ধ্বে থাকার সুযোগ কারও নেই।