‘কইলজাটা ফাইট্টা যায়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেছেন, সাংসদদের সংসদে না দেখলে তাঁর মন ভেঙে যায়। কেবল স্পিকারের নয়, সারা দেশের মানুষের মনই ভেঙে যায়, হতাশা তৈরি হয়। কিন্তু তাতে আমাদের মহামহিম সাংসদদের কিছু যায়-আসে না। তাঁরা মানুষের মন নিয়ে এতটুকু চিন্তিত নন। এই সাংসদেরা আপন কীর্তি ও মহিমায় এতই বিভোর যে স্পিকারের মনোবেদনা, জনমানুষের দুঃখ তাঁদের স্পর্শ করে না। সরকারি দলের সাংসদ হলে তদবিরবাজি, দখলবাজিতে ব্যস্ত থাকেন; তাতে সফল না হলে প্রশাসন, পুলিশ ও সাধারণ মানুষের ওপর জবরদস্তি চালান। কোনো কোনো সাংসদ পিস্তল নিয়ে দলীয় কর্মীদের শাসান, কেউ বা পুলিশকে পেটান। আর বিরোধী দলের সাংসদ হলে রাজপথে পাঁচ বছর ধরে জনগণকে গণতন্ত্রের সবক দেন। আবার এই সাংসদেরাই যখন সরকারি দলে ছিলেন, তখন বর্তমান সরকারি দলের সাংসদদের মতোই আচরণ করতেন। তাঁরা সংসদে যান কেবল মাসিক বেতন-ভাতা নিতে। তাঁরা সংসদে না গেলেও কোটি কোটি টাকা শুল্ক ফাঁকি দিয়ে দামি গাড়ি আমদানির সুযোগটি ছাড়েন না। এখন যাঁরা সরকারি দলের সাংসদ আছেন, তাঁরাও বিরোধী দলে থাকতে রাজপথকেই রাজনীতির কেন্দ্রবিন্দু করতে মরিয়া হয়ে উঠেছিলেন। কে বলে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কোনো মিল নেই? যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে তাদের অবস্থান বিপরীতমুখী হলেও জাতীয় সংসদকে ‘অকার্যকর’ রাখতে সমভাবে পারদর্শী। না হলে স্পিকার সংসদে এই মনোবেদনা প্রকাশ করবেন কেন? তাঁদের কাছে নির্বাচন হলো ক্ষমতায় যাওয়ার আর থাকার মোক্ষম উপায়। এবং সেই নির্বাচনে যে দল জয়ী হয়ে ক্ষমতায় আসে, তারা পাঁচ বছরের জন্য নিজেদের দেশের মালিক-মোক্তার মনে করে এবং যা খুশি করার ছাড়পত্র পেয়ে যায়। তাঁদের কিছু বললেই ‘জনগণের রায় নিয়ে এসেছি’ বলে সবার প্রতি হুংকার ছাড়েন। আর যে দল ক্ষমতায় আসতে ব্যর্থ হয়, সেই দল পাঁচ বছর ধরেই জনগণের ওপর প্রতিশোধ নিতে থাকে। দুই পক্ষের ‘হুমকি ও হুংকারে’ বিপন্ন দেশ, বিপন্ন মানুষ। বর্তমানে সংসদের বছর শুরুর অধিবেশন চলছে। রীতি অনুযায়ী, এই অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন এবং দুই দলেরই বহুসংখ্যক সাংসদ সেই ভাষণের ওপর আলোচনার সুযোগ পান। কিন্তু বিরোধী দল সেই সুযোগটিও নেবে না। তারা সাফ জানিয়ে দিয়েছে, ‘সরকারি দল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিল আনলেই কেবল তাদের সাংসদেরা সংসদে যাবেন। অন্যথায় সংসদে যাওয়ার প্রশ্নই ওঠে না।’ বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক কয়েক দিন আগে সংসদ থেকে পদত্যাগেরও আভাস দিয়েছিলেন। বিগত সংসদেও এ রকম হুমকি দিয়েছিল তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ। তারা পদত্যাগ করেনি। আমি হলফ করে বলতে পারি, বর্তমান বিরোধী দলের সাংসদেরাও পদত্যাগ করবেন না। তাঁরা সংসদেও যাবেন না। অন্তত জনগণের পক্ষে কথা বলতে যাবেন না। তাঁরা যাবেন নিজেদের সদস্যপদ, বেতন-ভাতা, ন্যাম ফ্ল্যাটের অ্যাপার্টমেন্ট, শুল্কমুক্ত গাড়ি ইত্যাদি রক্ষা করতে। নবম সংসদে আর একবার গেলেই তাঁদের সদস্যপদ সুরক্ষা হয়ে যাবে।সরকারি দল গত চার বছরে সংসদে এত আইন করল, কিন্তু সংসদে অনুপস্থিতির দিনক্ষণ কমানোর একটি আইন করতে পারল না। তাদেরও ভয় আছে, যদি আগামী নির্বাচনে জয়ী হতে না পারে, তাহলে সেই আইন তাদের জন্যও খড়্গ হয়ে ঝুলবে। জেনে-শুনে এমন বোকামি কে করে? আমরা সাংসদদের যত বোকা মনে করি, তাঁরা তত বোকা নন। বোকা হলো আমজনতা, যাঁরা প্রতিবার তাঁদের নির্বাচিত করে প্রতারিত হন।গত মঙ্গলবার সংসদের চিত্রটি ছিল বেশ বিশৃঙ্খল, সাংসদদের উপস্থিতিও ছিল কম। সংসদ নেত্রী সংসদে না থাকলে দলীয় সাংসদেরা সেখানে যাওয়ার প্রয়োজন বোধ করেন না। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা হচ্ছে। স্পিকার জাতীয় পার্টির সাংসদ রওশন এরশাদের নাম ডাকলে দেখতে পান, তিনি অনুপস্থিত এবং সেই আসনে সরকারি দলের সাংসদ ইসরাফিল আলম বসে আছেন। তাঁর পাশে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আসনে শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ। এটি কী করে হলো? তাঁদের আসন পেছনে কিন্তু বসেছেন সামনের সারিতে। এটি মোটেই সমীচীন নয়। সাংসদদের নির্ধারিত আসনেই বসার নিয়ম। বিষয়টি স্পিকারের দৃষ্টি এড়ায়নি। তিনি সাংসদদের স্মরণ করিয়ে দিয়ে বললেন, ‘আমি অনেক সদস্যকে দেখেছি, তাঁরা অনেক সময় নিজের চেয়ারে না বসে অন্য চেয়ারে বসে থাকেন। কাজের প্রয়োজনে যেতে পারেন। কিন্তু অনেকে শুধু গল্প করতে থাকেন, এটি ঠিক নয়। আমি সবাইকে নিজ নিজ আসনে যেতে অনুরোধ করছি।’(প্রথম আলো, ১৩ ফেব্রুয়ারি ২০১৩)স্পিকার আরও বলেন, ‘অনেককে সংসদে নিয়মিত দেখি না। কিন্তু টেলিভিশন টক শোতে দেখা যায়। কিছু তো বলার নেই। আমি তো আর বলতে পারি না। তাই কইলজাটা ফাইট্টা যায়।’স্পিকার সংসদে তাঁর মনোবেদনাটি জানাতে পেরেছেন। কিন্তু দেশের সাধারণ মানুষের মনোবেদনা জানানোর কোনো উপায় নেই। ভোটের দিন ছাড়া আমজনতার দাম নেই। তাঁরা ভোট দিয়ে যাঁদের নির্বাচিত করেন, নির্বাচিত হয়েই তাঁরা ধরাকে সরা জ্ঞান করেন। ভোটারদের ভাবেন তাঁদের অনুগত প্রজা। তবে সরকারি বা বিরোধী দল উভয় পক্ষের সাংসদদের বুঝতে হবে, জনগণেরও সহ্যের একটা সীমা আছে। সেই সীমা ছাড়ালে নতুন দাবিতে নতুন শাহবাগ তৈরি হবে। যুদ্ধাপরাধের বিচারের দাবিতে অভূতপূর্ব আন্দোলনের সৃষ্টি হয়েছে। নেতা নেই, দল নেই, কিন্তু আন্দোলন চলছে। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ। গণতন্ত্র তথা কার্যকর সংসদের জন্যও এ রকম একটি গণ-আন্দোলন হওয়া অস্বাভাবিক নয়। দয়া করে নেতারা, মন্ত্রীরা, সাংসদেরা কথাটি মনে রাখবেন। স্পিকারের মনোবেদনা দেশবাসীকে স্পর্শ করলেও সাংসদদের স্পর্শ করেছে বলে মনে হয় না। যে সংসদে অর্ধেকের বেশি সাংসদ ব্যবসায়ী, যাঁদের রাজনীতি নয়, ব্যবসা-বাণিজ্যই ধ্যান-জ্ঞান, তাঁরা সংসদে আসবেন কেন? রাজনীতি তাঁদের লক্ষ্য নয়, হাতিয়ার। তবে সব বনেদি রাজনীতিকও ধোয়া তুলসীপাতা নন। তাঁদের ব্যর্থতার জন্যই ব্যবসায়ীরা সংসদ দখল করে আছেন। তাঁরা দেখছেন, রাজনীতিকদের চাঁদা দেওয়ার চেয়ে নিজেরা রাজনীতিক হওয়াই ভালো। দেরিতে হলেও প্রধান বিরোধী দল বিএনপির ‘সিকি ভাগ’ বোধোদয় হয়েছে। বিএনপির কয়েকজন নেতা শর্ত সাপেক্ষে শাহবাগে তারুণ্যের গণজাগরণকে স্বাগত জানিয়েছেন। তাঁরা বলেছেন, ক্ষমতায় এলে বিএনপি মানবতাবিরোধী অপরাধের বিচার করবে। কিন্তু সেই বিচারটি ১৮ দলের অন্যতম শরিক জামায়াতে ইসলামীকে নিয়ে করবেন, না তাদের বাদ দিয়ে, সে কথা ঊহ্যই রেখেছেন। আমাদের দাবি, বিএনপির নেতারা সংসদে এসে এই কথাটি বলুন। কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড তাঁর অপরাধের চেয়ে লঘু দণ্ড বলে মানুষ মনে করে। সবার আশঙ্কা, ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে তিনি ছাড়া পেয়ে যাবেন। ভবিষ্যতের রাষ্ট্রপতি তাঁকে অনুকম্পাও করতে পারেন। তরুণ প্রজন্ম এই রায় মানতে পারছে না বলেই শাহবাগে সমবেত হয়েছে, আন্দোলন ছড়িয়ে দিয়েছে সারা দেশে। এখন বিএনপি ‘যুদ্ধাপরাধীদের ক্ষমা করা যাবে না’—এই মর্মে সংসদে বিল আনার দাবি তুলুক। অন্তত এই একটি ব্যাপারে জাতীয় মতৈক্য হোক। সাংসদেরা সংসদে নেই, তাঁদের কেউ কেউ ব্যস্ত আছেন ব্যবসা-বাণিজ্য, তদবির, টেন্ডারবাজি, চাঁদাবাজি, বিদেশ ভ্রমণ নিয়ে। সংসদ কার্যকর করা তাঁদের উদ্দেশ্য নয়। তাঁদের উদ্দেশ্য সামাজিক পদমর্যাদা বাড়ানো, সাংসদ হিসেবে লাল পাসপোর্ট ব্যবহার করেন, কেবল নিজে নন, স্ত্রী, পুত্র, কন্যা—সবাই। চারদলীয় জোট সরকারের আমলে এক সাংসদ লাল পাসপোর্টের জোরে অন্যের ছেলেকে নিজের ছেলে বানিয়ে বিদেশে পাঠিয়েছিলেন। বর্তমান সংসদেও সে রকম কেউ আছেন কি না খুঁজে দেখা দরকার। তাঁরা যেখানে যান, ভিভিআইপি মর্যাদা পান। প্রশাসনিক কর্মকর্তারা তাঁদের সালাম দেন, র‌্যাব সালাম দেয়, পুলিশ তাঁদের সালাম দেয়। না দিলে অনেকে সাংসদ বদির মতো জোর করেও সালাম আদায় করেন।বর্তমান সংসদে বিরোধী দলের আসনসংখ্যা কম। এ নিয়ে সরকারি দলে উল্লাসের ঢেউ বয়ে গিয়েছিল। তাদের ভাবখানা ছিল, বিরোধী দলের গুটিকয়েক সাংসদ না এলেই কী? আমরাই সংসদ কার্যকর করব। এখন সরকারদলীয় সাংসদদের একটা বড় অংশ নিয়মিত গরহাজিরা থাকছে। এই মহাবিজ্ঞ সাংসদেরা বোঝেন না যে বিরোধী দল ছাড়া পৃথিবীর কোনো দেশে সংসদীয় গণতন্ত্র ও সংসদ চলে না। চলতে পারে না। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের প্রতি অতি আস্থাশীল। ৮০ শতাংশের বেশি ভোটারের ভোট দেওয়ার নজির খুব কম দেশেই আছে। কিন্তু আমাদের অধিকাংশ সাংসদ সংসদীয় রীতিনীতি মেনে চলেন না। তাঁরা প্রতিটি কাজে গণতন্ত্র ও সংসদের প্রতি অনাস্থা জানিয়ে আসছেন। তাঁদের এই আচরণে কেবল স্পিকার নন, দেশের মানুষের ‘কইলজাটাও ফাইট্টা যায়’। তাঁরা বলতে পারছেন না। তবে যেদিন বলবেন, সেদিন হয়তো আরেক শাহবাগের সৃষ্টি হবে। আরেক মহাজাগরণ দেখা দেবে অন্য কোনো দাবিতে, অন্য কোনো সময়ে।সোহরাব হাসান: কবি, সাংবাদিক।[email protected]