দ্রুত বিচার আইনে শাস্তি বাড়ানোর যে সিদ্ধান্ত মন্ত্রিসভা গ্রহণ করেছে, তা গ্রহণযোগ্য নয়। কারণ, আইনটিই বিতর্কিত। এটি গোড়াতেই সংবিধানের ২৭ ও ৩১ অনুচ্ছেদে বর্ণিত আইনের চোখে সমতার নীতি লঙ্ঘন করে তৈরি করা হয়েছিল।
এটি সর্বতোভাবে ক্ষমতাসীন দলের বিশেষ স্বার্থসংশ্লিষ্ট বলেই প্রতীয়মান হয়, যা প্রধান দুই দলের স্বীকারোক্তিমতে ‘বিরোধী দল দমন কাজে’ ব্যবহৃত হয়ে থাকে। এই আইন কার্যত এক দেশে দুই রকম বিচারব্যবস্থা সৃষ্টি করেছে। রাস্তায় আপনার মোটরযানের ক্ষতি হলে সেই অপরাধের বিষয়ে ৭ দিনে অভিযোগপত্র এবং ৬০ দিনের মধ্যে বিচার হবে। অন্যদিকে বাড়িতে দুর্বৃত্তরা কারও মহাসর্বনাশ ডেকে আনলেও সে জন্য দ্রুত বিচারের কোনো ব্যবস্থা নেই।
২০০২ সালের আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনটি বিএনপি যখন পাস করেছিল, তখন আওয়ামী লীগ যথার্থই বলেছিল এটি একটি ‘কালো আইন’। এই আইন পাসের প্রতিবাদে তারা সংসদ থেকে ওয়াকআউট করেছিল। আওয়ামী লীগ এখন ক্ষমতায় বলে বা তারা অবস্থান পাল্টেছে বলে সেই কালো আইনটি সাদা হয়ে যায়নি।
প্রধানত চাঁদাবাজি ও গাড়ি ভাঙচুর, সরকারি সম্পত্তির ক্ষতিসাধন, জনমনে ত্রাস সৃষ্টি ইত্যাদি রোধে মাত্র দুই বছরের মেয়াদে আইনটি পাস করেছিল বিএনপি। কিন্তু এটা লক্ষণীয় যে, আইনটি বস্তুগত এবং কার্যপ্রক্রিয়াগত উভয় দিক থেকেই ত্রুটিপূর্ণ। সে কারণে বিএনপি ও আওয়ামী লীগ মোট চার দফায় এর আয়ু ২০১৯ সালের ৭ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করলেও তারা এই ‘উপকারী’ আইনটিকে স্থায়ী করতে পারছে না। যদিও ২০১৪ সালে সরকার সংসদে দাবি করেছিল, এটি নাকি সময়ের পরীক্ষায় উত্তীর্ণ।
আইনটিতে ফৌজদারি কার্যবিধিতে বর্ণিত সংক্ষিপ্ত বিচারের প্রক্রিয়া অনুসরণের নির্দেশনা আছে। অথচ ফৌজদারি কার্যবিধির ওই সংক্ষিপ্ত প্রক্রিয়ায় শর্ত আছে, যেখানে দুই বছরের বেশি সাজা দেওয়ার বিধান আছে, সেই অপরাধের বিচারে সংক্ষিপ্ত প্রক্রিয়া অনুসরণ প্রযোজ্য হবে না। আমরা এটা ভেবে অবাক হই যে, গত সোমবার মন্ত্রিসভায় ৫ বছরের সাজার মেয়াদ ৭ বছরে উন্নীত করা হলো, অথচ আইনের এই মারাত্মক গলদ সম্পর্কে কোনো আলোচনা হলো না।
আমরা মনে করি, দ্রুত বিচার পাওয়া জনগণের অন্যতম মৌলিক সাংবিধানিক অধিকার। সেই অধিকার সুরক্ষায় উদাসীন থেকে রাজনৈতিক লক্ষ্য অর্জনে কথিত দ্রুত বিচার এবং সাজার মেয়াদ বৃদ্ধির যে মনোভাব, তা দুর্ভাগ্যজনক। এই আইন বাতিল করে এর অপরাধগুলোর বিচার যাতে প্রচলিত আদালতেই দ্রুত করা যায়, সরকারকে সেই পথে যেতে হবে।