'খেলার মাঠ হত্যা করে' ভবন নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো উন্নয়নকাজ কিংবা স্থাপনা নির্মাণে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিশু-কিশোরদের খেলাধুলার বিষয়টি মাথায় রাখা উচিত। কিন্তু শিক্ষা অধিদপ্তরের কর্তাব্যক্তিরা এসব আমলে না নিয়ে রাজশাহী নগরের উপশহরে স্যাটেলাইট টাউন হাইস্কুলের মাঠে ছয়তলা ভিতের দ্বিতল ভবন নির্মাণকাজ শুরু করে দিয়েছেন। এ নিয়ে ১৭ জানুয়ারি প্রথম আলোয় ‘একটি মাঠ হত্যার আয়োজন’ শিরোনামে খবর প্রকাশিত হওয়ার পরও কর্তৃপক্ষের চৈতন্যোদয় হয়নি।
ফলে রাজশাহী নগরের বাসিন্দাদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সোমবার স্থানীয় খেলোয়াড়েরা ব্যাট-বল হাতে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন। তাঁদের সঙ্গে শরিক হয়েছেন সংস্কৃতিকর্মীসহ রাজশাহীর সর্বস্তরের মানুষ। তাঁরা কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে বলেছেন, এই সময়ের মধ্যে কাজ বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।
শিক্ষা অধিদপ্তরের ভবন নির্মাণের উদ্দেশ্য যদি হয় শিক্ষার উন্নয়ন, তাহলে শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা তথা খেলাধুলার কথাটিও ভাবতে হবে। সরকারের শিক্ষা বিভাগ তাদের দায়িত্ব পালনের সুবিধার জন্য যেকোনো এলাকায় ভবন নির্মাণ করতে পারে। এ ব্যাপারে কারও ওজর থাকার কথা নয়। কিন্তু সেটি বিদ্যালয়ের মাঠ ‘হত্যা’ করে হতে হবে কেন? এমনিতে অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডের কারণে বিভিন্ন স্থানে খেলার মাঠ, পুকুর-জলাশয় ক্রমেই সংকুচিত হয়ে যাচ্ছে। অনেক বিদ্যালয়ে সংস্কৃতিচর্চারও সুযোগও কমে যাচ্ছে। এ অবস্থায় শহরের উপকণ্ঠে অবস্থিত এই বিদ্যালয়ের মাঠটি হত্যা করে ভবন নির্মাণের অর্থ হবে সেখানকার শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত করা।
একদিকে সরকার শিশু-কিশোরদের খেলাধুলাচর্চাকে উৎসাহিত করার কথা বলছে, আরেক দিকে বিদ্যালয়ের মাঠ দখল বা হত্যা করে ভবন তৈরি করছে, এই স্ববিরোধিতা চলতে পারে না। স্যাটেলাইট টাউন হাইস্কুলসহ যেসব বিদ্যালয়ে এখনো খেলার মাঠ অবশিষ্ট আছে, সেগুলো রক্ষা করতেই হবে। আশা করি বিলম্বে হলেও শিক্ষা অধিদপ্তরের সুমতি হবে।