যে স্কুলগুলো পরিচিত ‘গরিবের বিদ্যালয়’ হিসেবে, সেগুলোর সম্ভবত এমন দশাই হওয়ার কথা! ঢাকা মহানগরে গরিবের বিদ্যালয় বা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৩৪২টি, এই বিদ্যালয়গুলো বা গরিবের শিক্ষার বিষয়টি যদি আদৌ কারও মনোযোগ থেকে থাকত, তবে সরকারি হিসাবেই এর ২৮টি দখলদারদের কবলে পড়ত না। গরিব নিয়ে ভাবার কে আছে? তাও আবার তাদের শিক্ষা!
প্রথম আলোর প্রতিবেদন বলছে যে ২৮টি বিদ্যালয়ে দখলদারদের থাবা পড়েছে, তার একটি বন্ধই হয়ে গেছে স্থায়ী ছাগলের হাট বসানোর কারণে। স্কুলের চেয়ে ছাগলের হাটই নিশ্চয় ঢাকা মহানগরের জন্য জরুরি! তা না হলে এমন হবে কেন? গরিবের স্কুলের যেহেতু আদৌ কোনো গুরুত্ব আমাদের নীতিনির্ধারকদের কাছে নেই, তাই সে সুযোগ দখলদারেরা নেবে না কেন? প্রভাবশালী বা সরকার সমর্থক ব্যক্তি, সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় কোনো সংগঠন বা অন্য প্রভাবশালী কোনো শিক্ষাপ্রতিষ্ঠান—সবাই আছে দখলদারের তালিকায়।
যেখানে শিশুদের পড়াশোনা করার কথা, সেখানে ছাগলের হাট ছাড়াও হয়েছে বস্তি, গ্যারেজ, কমিউনিটি সেন্টার, বসবাসের কলোনি, মহাবিদ্যালয় ও পানির পাম্প। ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৮টি বিদ্যালয় বর্তমানের এই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। বাকিগুলোর অবস্থা কি খুব ভালো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ছিদ্দিকুর রহমানের পর্যবেক্ষণ হচ্ছে, একেবারে নিম্ন ও দরিদ্র পরিবারের সন্তানেরা এই স্কুলগুলোতে পড়তে যায়, আর এগুলোর অবস্থা খুবই খারাপ।
শিক্ষা নিয়ে সাফল্যের যে নানা বয়ান সরকার তুলে ধরার চেষ্টা করে, খোদ ঢাকা মহানগরে সরকারি প্রাথমিক স্কুলগুলোর এই দশার প্রতি তা কি এক বড় পরিহাস নয়? সমস্যাগুলো নতুন নয়, এবং তা সরকার বা সংশ্লিষ্টদের অজানাও নয়। এর পরও যখন এভাবেই চলছে, তাহলে কি আমরা ধরে নেব যে গরিবের শিক্ষার বিষয়টির কোনো গুরুত্বই নেই সরকারের কাছে? কাজ দিয়েই এখন সরকারকে তার অবস্থান পরিষ্কার করতে হবে।