‘তোমাদের এ ঋণশোধ হবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোকে ‘তোমাদের এ ঋণ শোধ হবে না’ শীর্ষক কলামে আমাকে নিয়ে প্রতিবেদনের জন্য ধন্যবাদ। ৭ ডিসেম্বর এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে কিছু তথ্যগত ভুল আছে। এগুলো সংশোধন হওয়া প্রয়োজন।আমরা কজন ১৯৭১ সালের ২২ মার্চ সন্ধ্যা থেকে ২৩ মার্চ দুপুর অব্দি ঝিনাইদহে মিলিত হয়ে সলাপরামর্শ করেছিলাম। তাঁরা হলেন: মেহেরপুরের এসডিও (মহকুমা প্রশাসক) তৌফিক-ই-ইলাহী চৌধুরী (বর্তমানে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা), মাগুরার এসডিও ওয়ালী-উল-ইসলাম (পরে সচিব), রাজবাড়ীর এসডিও শাহ্ মো. ফরিদ (পরে সচিব), নড়াইলের এসডিও কামাল উদ্দিন সিদ্দিকী (পরে সচিব) এবং আমি (তখন ঝিনাইদহের এসডিপিও {মহকুমা পুলিশ প্রশাসক})।২৯ মার্চ আওয়ামী লীগের নেতা তাজউদ্দীন আহমদ ও ব্যারিস্টার আমীর-উল ইসলাম একটি জিপে মাগুরা থেকে ঝিনাইদহে আসেন। ঝিনাইদহ আওয়ামী লীগের তখনকার সাধারণ সম্পাদক ও এমএনএ এম এ আজিজ আমার কাছ থেকে সংগ্রহ করা একটা জিপ নিয়ে মাগুরায় যান। তিনি এমএনএ সোহরাব হোসেনের কাছ থেকে তাঁদের ওই জিপে করে নিয়ে আসেন। তখন সময় বেলা সাড়ে ১১টা।ঝিনাইদহে আজিজ সাহেবের বাসায় আমাকে তাঁদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। গোপনীয়তার স্বার্থে তাঁরা একজন মোহম্মদ আলী ও আরেকজন শওকত আলী নামে আমার সঙ্গে পরিচিত হন। আজিজ সাহেব তাঁদের সীমান্তের ওপারে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাকে দেন। সীমান্তবর্তী এলাকার পথ চেনা না থাকায় বন্ধু তৌফিককে অনুরোধ করেছিলাম অতিথিদ্বয়কে সীমান্তের ওপারে পৌঁছানোর ব্যবস্থা করতে। তাঁর সাহায্যে শেষ পর্যন্ত আমরা নির্বিঘ্নে চ্যাংখালী বর্ডার আউটপোস্টে পৌঁছেছিলাম। সুতরাং ‘চুয়াডাঙ্গায় অবস্থানকালে আওয়ামী লীগের নেতৃদ্বয়ের সঙ্গে আমার পরিচয়’ কথাটা ঠিক নয়। তাঁদের সঙ্গে ঝিনাইদহেই আমার পরিচয় ঘটে।মুক্তিযুদ্ধের প্রাথমিক পর্যায়ে ঝিনাইদহে আমি স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়ে একটি সুশৃঙ্খল বাহিনী গড়ে তুলেছিলাম। ২৫ মার্চ রাতেই আমি ঝিনাইদহ পুলিশ আর্মারিতে রক্ষিত ৪০০ থ্রি-নট-থ্রি রাইফেল উৎসাহী জনতার হাতে তুলে দিই। এ হাতিয়ার দিয়ে ঝিনাইদহে প্রথম প্রতিরোধযুদ্ধ শুরু হয়।২৭ মার্চ স্থানীয় সংগ্রাম কমিটি আওয়ামী লীগের স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে আমাকে যুদ্ধ সংগঠিত করে নেতৃত্ব গ্রহণের জন্য মনোনীত করেন। তখন থেকে আমি মুক্তিবাহিনীর ক্যাপ্টেন। মে মাসে আমাকে ৮ নম্বর সেক্টরের মুক্তিবাহিনীর একটি কোম্পানির (আলফা) দায়িত্ব সরকারিভাবে দেওয়া হয়। তখন পর্যন্ত ঝিনাইদহে সংগঠিত সব মুক্তিযোদ্ধা আমার সঙ্গে ছিল।প্রতিবেদনে ‘এ যুদ্ধে বিজয়ের পরও নেতৃত্বের অভাবে মুক্তিযোদ্ধারা বিশৃঙ্খল হয়ে পড়েন’ কথাটা সঠিক নয়। কারণ, বিষয়খালীর যুদ্ধের পর আমি আমার দল নিয়ে যশোর সেনানিবাস অবরোধ করার জন্য ১০ মাইল উত্তরে বারোবাজারে পরিখা খনন করে মুক্তিযোদ্ধাদের সন্নিবেশ করি। ১১ এপ্রিল পর্যন্ত আমরা সেখানে শক্ত অবস্থানে ছিলাম।সেদিন যশোর সেনানিবাস থেকে পাকিস্তানি সেনাবাহিনী দূরপাল্লার কামান এবং পদাতিক সেনা সমন্বয়ে আমাদের বারোবাজার অবস্থানে আক্রমণ করে। সেখানে তুমুল লড়াই হয়। একপর্যায়ে পাকিস্তানি সেনারা আমাদের ফ্লাংক দিয়ে পাশ কাটিয়ে আমাদের পেছনে কালীগঞ্জ সুগার মিলের কাছে পৌঁছে গেলে আমরা সদলবলে গ্রামের পথ দিয়ে ঝিনাইদহে পৌঁছাই।১৩ এপ্রিল শেষ রাত পর্যন্ত পাকিস্তানি সেনারা ঝিনাইদহে পৌঁছাতে পারেনি। ১৪ এপ্রিল প্রত্যুষে তারা যখন ঝিনাইদহের দোরগোড়ায় পৌঁছায়, তখন আমরা চুয়াডাঙ্গার দিকে সরে যাই। মুহূর্তের জন্যও আমার অধীনস্থ মুক্তিযোদ্ধারা বিশৃঙ্খল অবস্থায় পড়েনি।২৮ মার্চ তিনি স্থানীয় এমপিএ (মেম্বার প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি বা প্রাদেশিক পরিষদ সদস্য) ব্যারিস্টার বাদল রশিদকে প্রেরণ করেন আমাকে চুয়াডাঙ্গায় নিয়ে যাওয়ার জন্য। আমি তাঁর সঙ্গে চুয়াডাঙ্গায় যাই এবং সেখানে তৌফিকের সঙ্গে আমার আবার দেখা হয়। যুদ্ধ পরিচালনার প্রয়োজনে তাৎক্ষণিকভাবে মেজর আবু ওসমান চৌধুরী আমাদের দুজনকেই চুয়াডাঙ্গা ইপিআর উইং হেডকোয়ার্টার্সে বসে ক্যাপ্টেনের র‌্যাংক ও ব্যাজ পরিয়ে দেন। তিনি একটা অফিস অর্ডারও তৈরি করে আমাদের হস্তান্তর করেন। যুদ্ধ শেষে স্বাধীন বাংলাদেশে সেনাবাহিনীর প্রধান এ ব্যাপারে আমাদের স্বীকৃতি দিয়েছিলেন। মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, ঢাকা