লন্ডন ম্যারাথন উপলক্ষে নেওয়া হয় কড়া নিরাপত্তা। যুক্তরাষ্ট্রের বোস্টন শহরের ম্যারাথনে ভয়াবহ বোমা হামলার ঘটনা স্বাভাবিকভাবেই একটি শঙ্কা সৃষ্টি করেছিল। পরের বোমাটি লন্ডন ম্যারাথনে ফুটবে না তো? এমন ভাবনায় সবচেয়ে বেশি বিচলিত হয়ে পড়েছিল ক্ষমতাসীন টোরি দল। কারণ, তখন তাদের সামনে ছিল বিগ ইভেন্ট, মার্গারেট থ্যাচারের অন্ত্যেষ্টিক্রিয়া!এ জন্য মহানিরাপত্তার ব্যবস্থাও নেওয়া হলো। যুক্তরাজ্যের এই মহা দুর্যোগপূর্ণ অর্থনৈতিক অবস্থায় যেখানে এখন কর্মহীনের সংখ্যাই আড়াই মিলিয়ন, সেখানে খরচ হলো ১০ মিলিয়ন পাউন্ড! সবই হলো প্রবল জনরোষের মধ্যে। ব্রিটেনের নেতৃস্থানীয় কারও মৃত্যুতে দেশের মানুষের এত ঘৃণার প্রকাশ কখনো দেখেনি কেউ। ম্যাগি থ্যাচারের ভাবশিষ্য বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তো এ রকম একটা অবস্থা হবে ভাবতেই পারেননি। তাঁর মৃত্যুর পর পর যখনই তিনি জাতীয় শোক দিবস করার ইচ্ছা প্রকাশ করলেন, যেন প্যান্ডোরার বাক্স খুলে গেল। এ মহিলা ব্রিটেনের জন্য কী কী ভালো করেছেন তারচেয়ে জনগণের জন্য কী কী অকল্যাণকর কাজ করেছেন, তা-ই উঠে আসতে লাগল।আমি এ দেশে পড়াতে আসি ’৯০ সালে। সে বছরই তিন-তিনবার প্রধানমন্ত্রিত্ব করা ‘লৌহমানবী’ নিজ দলের চ্যালেঞ্জে পরাজিত হয়ে অশ্রুসিক্ত চোখে ১০ ডাউনিং স্ট্রিট ছাড়তে বাধ্য হন। দিকে দিকে তখন ধ্বনি উঠেছে থ্যাচার ওয়াজ মিল্ক স্ন্যাচার, তিন মিলিয়ন মানুষ করেছে বেকার, প্রতিবাদীদের ওপর চালিয়েছে পুলিশের ঘোড়া আর স্টিম রোলার। তখন অবাক হয়েছিলাম এই জেনে যে গ্রান্থাম গ্রামের এক সাধারণ মুদি দোকানের মালিকের ঘরে বেড়ে ওঠা ম্যাগি কী করে প্রাথমিক স্কুলশিশুদের বিনা মূল্যে দুধপান বন্ধ করে দেন! এ ছিল তাঁর রাজনৈতিক ক্যারিয়ারের প্রথম দিকের ঘটনা, যখন তিনি ছিলেন শিক্ষা ও বিজ্ঞান মন্ত্রণালয়ের দায়িত্বে।তার পর থেকে থ্যাচারের কেবল রাজনৈতিক উত্থান হয়েছে আর ব্রিটেনে ধনী-গরিবের মধ্যে ব্যবধান দ্রুততর হয়েছে। ভ্যাট ৪% থেকে সাড়ে ১৭% হয়েছে, ৫০ ভাগ বড়লোক দেশের ৯৭% সম্পদের মালিক হয়েছে, ছাত্রভাতা কাটা হয়েছে, উত্তর আয়ারল্যান্ডে ২০% ও স্কটল্যান্ডে ১৬% নতুন বেকার হয়েছে। এসব কাহিনি এ দেশের মানুষ ভোলেনি। আর ক্ষতগুলো আবার দগদগে হয়ে উঠেছে তাঁরই ভাবশিষ্য বর্তমান প্রধানমন্ত্রী ও তাঁর চ্যান্সেলর জর্জ অসবোর্ন যখন সেই পথ লক্ষ্য করে ধ্বজাধারী হয়ে চলেছেন। এঁদের আমলে ব্রিটেন তৃতীয় দফা অর্থমন্দায় পড়েছে আর আড়াই মিলিয়ন লোক বেকার হয়েছে। কিন্তু একচোখা ক্যামেরন তাঁকে তুলনা করলেন দ্বিতীয় মহাযুদ্ধকালীন টোরি প্রধানমন্ত্রী স্যার উইনস্টন চার্চিলের সঙ্গে। গর্জে উঠলেন সব সময়ের বিতর্কিত ও বিদ্রোহী এমপি জর্জ গ্যালাওয়ে। কোথায় চার্চিল আর কোথায় থ্যাচার! একজন উদ্ধারের দেবতা, আরেকজন সংহারের। বিলেতের প্রথম নারী প্রধানমন্ত্রী, রাজনীতির লৌহমানবী খেতাব অর্জনকারী, তিন-তিনবারে প্রধানমন্ত্রী থ্যাচারের মৃত্যুসংবাদের পরপরই নানা স্থানে আনন্দে ঘৃণা-বোমা ফাটতে শুরু করেছিল।তাঁর শাসনামলে গৃহহীন, চাকরিবিহীন, খনি ও শিল্পশ্রমিকসহ শত শত সাধারণ মানুষ তাঁর মৃত্যুতে শ্যাম্পেইন বোতলের ছিপি খুলে ট্রাফালগার স্কয়ারে নেচেছে। স্থানে স্থানে পোস্টার টাঙিয়েছে ‘দি উইচ ইজ ডেড’। লন্ডন ছাড়াও নানা স্থানে হয়েছে স্ট্রিট পার্টি। বিবিসির টপ চার্টে শীর্ষে স্থান পেয়েছে ‘ডিং ডং দি উইচ ইজ ডেড’। বিবিসি তা নিয়ে পড়েছিল মহা ঝামেলায়। এ সময় যদি এ গান বিবিসি বাজায় তা হলে তা হবে মৃতের প্রতি চরম অপমান, আর না বাজালে তথ্য আড়াল করার দায়ে পড়বে। শেষে তারা মাত্র ৩০ সেকেন্ড বাজিয়ে কোনোমতে মান ও কুল দুই-ই রক্ষা করেছে।সমস্যা হলো, চার্চিলের সঙ্গে তাঁকে তুলনা করেই ক্ষান্ত থাকেননি এই নব্য থ্যাচারাইট। তিনি এ ইস্যুতে পার্লামেন্টে লেবার দলের সব বিরোধিতা উপেক্ষা করেই এই মহা আয়োজন সম্পন্ন করলেন। থ্যাচারের সময়ের আন্তর্জাতিক নেতারা সে দাওয়াতে এসে দেখে গেলেন কীভাবে মানুষ মরদেহ বহনকারী গাড়ির দিকে পৃষ্ঠ প্রদর্শন করল। তাঁর অজস্র গুণগ্রাহী প্রত্যক্ষ করলেন স্বল্পসংখ্যক সাধারণ প্রতিবাদী মানুষ ‘দি উইচ ইজ ডেড, রেস্ট ইন হেইট’ ইত্যাদি। তাদের এই অসম্মান প্রদর্শনের স্থান এটা নয়। এখন এ মহিলা মৃত। মৃতকে অসম্মান করা মহা অন্যায়। এসব কথার উত্তরে জনতার মুখপাত্র বলেছেন, ‘এ ফিউনারেল প্রাইভেটভাবে আয়োজিত হলে আমরা তা কখনো করতাম না। এই ১০ মিলিয়ন ব্যয়ভার আমাদের অনুমতি ছাড়া আমাদের করদাতাদের অর্থেই হচ্ছে। আমাদের দাবি আছে এখানে আসার।’আসলেই, ক্যামেরন কী যে বাড়াবাড়ি করলেন। এদিন এমপিদের উপস্থিতি নিশ্চিত করতে পার্লামেন্টের নিয়মিত প্রশ্নোত্তর পর্ব বাতিল করলেন, সদা সচল বিগব্যান ঘড়ি বন্ধ রাখার হুকুম দিলেন, তিন বাহিনী থেকে ৭০০ সেনার শ্রদ্ধামার্চ নিশ্চিত করলেন। ফকল্যান্ড যুদ্ধের হিরোরা এলেন, রানি দ্বিতীয় এলিজাবেথ ও ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের শ্রদ্ধার্ঘ্য তর্পণ করলেন, আড়াই হাজার নিমন্ত্রিত এলেন, আর মহা আড়ম্বরে গত বুধবার সেন্ট পল ক্যাথিড্রালে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলো।বিশেষজ্ঞরা বলছেন, যে মহিলার নীতিমালার কারণেই একদিন যুক্তরাজ্য বিযুক্ত হয়ে গিয়েছিল, দেশের এই চূড়ান্ত অর্থনৈতিক দুরবস্থার সময়ে তাঁর জন্য জনগণের অর্থে এ রকম ব্যয়বহুল বিদায়ী সংবর্ধনা দেওয়ার প্রয়োজন ছিল না। হয়তো শেক্সপিয়ারের সেই বাণীর মতো, ক্যামেরন নিজেই নিজের অন্তক্রিয়ায় আগুন জ্বালালেন। নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার আগাম চেহারা এঁকে গেলেন। শামীম আজাদ: কবি ও কলামিস্ট, লন্ডন।[email protected]