‘দ্য সুপ্রিম টেস্ট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক স্বপ্নের যোগফল স্বাধীন বাংলাদেশ। পাঁচ-দশ বছর নয়, শতাব্দীর পর শতাব্দী ধরে এ দেশের মানুষ দেখেছে স্বশাসনের স্বপ্ন। স্বপ্ন দেখেছেন সাধারণ মানুষ ও অসাধারণ প্রতিভাবান মহামানবেরা। সেই স্বপ্নের একটি পর্যায়ের সমাপ্তি ঘটে ষোলোই ডিসেম্বর, একাত্তর। দেশটা শত্রুর হিংস্র থাবা থেকে মুক্তি পেল বটে, কিন্তু স্বশাসনের ব্যবস্থাপনায় দক্ষতা ও বিচক্ষণতা দেখা গেল না। স্বার্থান্বেষীরা নানাভাবে রাষ্ট্রের প্রতিষ্ঠাতাদের বিভ্রান্ত করতে লাগলেন। পরিস্থিতি উপলব্ধি করেও বিতর্কে না জড়ানোর উপায় হিসেবে অনেকে চুপ করে রইলেন। বাংলাদেশ অবজারভার-এর সম্পাদক তাঁর বিবেকের তাড়নায় লিখলেন এক দিকনির্দেশনামূলক সম্পাদকীয়: The supreme test—সর্বোচ্চ পরীক্ষা। তাঁর সেই বিবেকী ও নিরীহ মতপ্রকাশ সরকারের ক্রোধের কারণ ঘটায়। স্বাধীনতার দুই মাসের মধ্যে তিনি দেশের শীর্ষ ইংরেজি দৈনিক থেকে অপসারিত হন। তাঁর অপসারণ বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে প্রথম কলঙ্ক।সব সরকারকে নয়, কোনো কোনো সরকারকে কখনো সর্বোচ্চ পরীক্ষার মুখোমুখি হতে হয়। বাহাত্তরের সরকারকে সেই রকম সর্বোচ্চ পরীক্ষার মধ্যে পড়তে হয়েছিল। একটু দূরদর্শিতা ও সহিষ্ণুতার পরিচয় দিলে সেদিন সরকার খুব বেশি সফলতা নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারত। স্বার্থান্বেষী ও স্তাবকদের একটু দূরে সরিয়ে রেখে যদি সরকার ভিন্নমতকে যুক্তিসহ বিবেচনায় নিত, তাহলে বড় বিপর্যয় এড়ানো সম্ভব হতো। আবদুস সালাম যেমন-তেমন সম্পাদক ছিলেন না। তিনি ছিলেন গোটা পাকিস্তানে সবচেয়ে যোগ্য ও সুশিক্ষিত সম্পাদক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের এমএ এবং প্রথম শ্রেণীতে প্রথম। প্রথম জীবনে, ব্রিটিশ আমলে অধ্যাপনা করেছেন এবং উচ্চ সরকারি চাকরি করেছেন। পাকিস্তান প্রতিষ্ঠার পর সাংবাদিকতায় যোগ দেন এবং ১৯৫০ থেকে অবজারভার-এর সম্পাদক। ভাষা আন্দোলনসহ পাকিস্তানের গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করে একাধিকবার কারাবরণ করেন। দেশের ভালো-মন্দ কোনো রাজনীতিকের চেয়ে তাঁর কম বোঝার কথা নয়। তাঁর সতর্কবার্তায় ও পরামর্শে সরকার বিরক্ত হলো।বাংলাদেশের ইতিহাসে আজ মহাজোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি। তার সামনে এখন পক্ষ দুটি: পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অথবা অকৃতকার্য হওয়া। পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু স্বদেশে ফেরার পরদিন থেকেই আমরা যাঁরা তাঁর সঙ্গে কাজ করার বা ঘোরাফেরা করার দুর্লভ সুযোগ পেয়েছি, তাঁদের কাছে শেখ হাসিনার পরিচয় শুধু প্রধানমন্ত্রী হিসেবে নয়, তাঁর বড় ও প্রধান পরিচয় তিনি বঙ্গবন্ধুর বড় মেয়ে। তাঁর দ্বিতীয় পরিচয় তিনি স্বাধীনতাযুদ্ধে নেতৃত্বদানকারী দলের প্রধান, এক-দুই বছর নয়, ৩০ বছর ধরে দলের সভানেত্রী। সুতরাং, তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তোলা বোকামি। তাঁর তৃতীয় পরিচয়, তিনি ১৪টি দলের এক মহাজোটেরও নেতা এবং তাঁর চতুর্থ পরিচয়, তিনি প্রধানমন্ত্রী। সুতরাং, সরকার বর্তমানে যে সর্বোচ্চ পরীক্ষার মধ্যে পড়েছে, তা থেকে তাঁর পক্ষে উত্তীর্ণ হওয়া কঠিন নয়; যদি তিনি একটু ভেবেচিন্তে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেন। সবার মতামত তাঁকে নিতে হবে, কিন্তু শেষ সিদ্ধান্তটি নিতে হবে তাঁকে একাই। বিভিন্ন সময়ের অভিজ্ঞতা থেকে আমি জানি, বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা তাঁর রয়েছে।ব্রিটিশ ও ঔপনিবেশিকতাবিরোধী স্বাধীনতাসংগ্রামের ইতিহাসে আলেম-ওলামাদের ভূমিকা অবিস্মরণীয়। ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতার দাবি সর্বপ্রথম উত্থাপন করায় আল্লামা আজাদ সুবহানিকে ১৯২০ সালে মহাত্মা গান্ধীর সঙ্গে কারাবরণ করতে হয়। আল্লামা আজাদ সুবহানি, আল্লামা হাসরত মোহানী, মওলানা মোহাম্মদ আলী, মওলানা শওকত আলীসহ অসংখ্য ইসলামি চিন্তাবিদ স্বাধীনতার জন্য জেল-জুলুম, নির্যাতন-নিপীড়ন সহ্য করেছেন। সেকালের মুসলিম নেতারা ছিলেন অন্যায়-অবিচারের বিরুদ্ধে আপসহীন, কিন্তু ধর্মীয় সংকীর্ণতা তাঁদের মধ্যে ছিল না। প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠার পথে তাঁরা কোনো রকম বাধার সৃষ্টি করেননি। একাত্তরের মুক্তিযুদ্ধে আলেম-ওলামা ও মসজিদের ইমাম-মোয়াজ্জিনদের ভূমিকা স্মরণীয়। পাকিস্তানি বাহিনীর সহযোগী ঘাতক দালাল, রাজাকার-আলবদর প্রভৃতি অন্য এক প্রজাতি। তারা ঘৃণার পাত্র। আলেম-ওলামারা ধর্মনির্বিশেষে সব মানুষেরই অত্যন্ত শ্রদ্ধাভাজন।চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা আধুনিক সভ্যতার প্রধান বৈশিষ্ট্য। মতপ্রকাশের স্বাধীনতার সুযোগ নিয়ে অনেক নগণ্য মানুষ নোংরা লেখালেখি করতে পারে। ওসব উপেক্ষা করাই ভালো। আইনি ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সরকারের। উগ্র ইসলামি রাজনীতি আছে বাংলাদেশে। তার অনুসারী খুব কম মানুষ। আমাদের আলেম-ওলামাদের অনেকেই উচ্চশিক্ষিত। তাঁদের অনেকে পাশ্চাত্য আধুনিক শিক্ষায় শিক্ষিত। ইসলামি দর্শন ও আধুনিক জীবন ও জগৎ সম্পর্কে তাঁদের জ্ঞান কিছুমাত্র কম নয়। বিভিন্ন ধর্মাবলম্বী অধ্যুষিত বাংলাদেশে কী ধরনের ইসলামি সংস্কৃতি উপযুক্ত, সে সম্পর্কে তাঁরা ভালোই অবগত। সংখ্যাগরিষ্ঠতার জোরে কোনো কিছু চাপানো সুফল দেয় না।বর্তমানে রাজপথে প্রতিদ্বন্দ্বী দুটি শক্তিকেই বাংলাদেশের সামাজিক বাস্তবতা অনুধাবন করতে হবে। বিপুল সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ মুসলমানদের আবেগ-অনুভূতিকে অগ্রাহ্য করা হবে নির্বুদ্ধিতা। কিছু কিছু বিষয়কে নির্বাচনকেন্দ্রিক রাজনীতির ছকে ফেলা হবে মারাত্মক ভুল। গণতন্ত্র থাকলে নির্বাচন বারবার আসবে-যাবে; সমাজ স্থায়ী, সংস্কৃতি স্থায়ী। দুই পক্ষের যেসব দাবি বাস্তবতাসম্মত ও বাস্তবায়নযোগ্য, তা অতি দ্রুত আলোচনার মাধ্যমে ফয়সালা করা উচিত। একে অপরকে প্রতিরোধ করার নীতি জাতির জন্য ক্ষতিকর। কোনো বিশ্বাসকে চাপ দিয়ে বা বল প্রয়োগ করে ধ্বংস করা যায় না—অন্ধবিশ্বাসকে তো নয়ই। তাতে যে হিংসার জন্ম দেয়, তা সবার জন্যই ক্ষতিকর।দেশে সংসদীয় গণতন্ত্র রয়েছে। জাতীয় স্বার্থের প্রশ্নে সরকারি দল ও বিরোধী দল উভয়েরই দায়িত্ব সমান। ভোটের রাজনীতির প্রশ্নে কোনো পক্ষেরই উচিত নয় অন্যের দুর্বলতার সুযোগে এমন পথ গ্রহণ করা, যা জাতীয় স্বার্থবিরোধী। আলেম-ওলামাদের আবেগ-অনুভূতিকে মূল্যায়ন করা সরকারের কর্তব্য। হেফাজতে ইসলামের প্রবীণ নেতাদের প্রজ্ঞায় কারও সন্দেহ নেই। তাঁদের কাছে প্রত্যাশা, আধুনিক প্রগতিশীল মানুষের আশা-আকাঙ্ক্ষার তাঁরা অবমূল্যায়ন করবেন না।সরকারের নীতিনির্ধারকদের সামনে এখন কঠিন পরীক্ষা; যাকে প্রয়াত আবদুস সালামের ভাষায় বলতে পারি, সুপ্রিম টেস্ট। যেকোনো গোষ্ঠীর কারণে রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে, আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থার অবনতি ঘটলে, তার দায় বর্তাবে সরকারের ওপর। এই মুহূর্তে সরকারের থেকে একটি বিবৃতি প্রত্যাশা করি। সেই বিবৃতিতে সরকারকে তার অবস্থান স্পষ্ট করতে হবে, আগামী কয়েক মাসে তারা কী করতে চায়। একটি অসাম্প্রদায়িক, উদার, শান্তিপূর্ণ ও পরমতসহিষ্ণু গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারের পরিকল্পনা ও কর্মসূচির ব্যাখ্যা দেওয়া দরকার। সরকার এমন এক রহস্যজনক অস্পষ্ট অবস্থান নিয়েছে, যা মানুষের উদ্বেগ-উৎকণ্ঠাকে ঘনীভূত করেছে।সরকার রাষ্ট্রের কোনো সামাজিক ও ধর্মীয় শক্তিকেই উপেক্ষা করতে পারে না। বঞ্চনা ও উপেক্ষা থেকেই জন্ম উগ্রবাদের। দলীয় আদর্শ ও অবস্থানে অবিচল থেকেও সব দলমত, ধর্ম-গোত্র ও সম্প্রদায়ের দাবিদাওয়াকে সমন্বয় করে সর্বসম্মত রাষ্ট্রীয় নীতি প্রণয়ন সম্ভব। সাধারণ মানুষের এই মুহূর্তে সেটাই প্রত্যাশা।সৈয়দ আবুল মকসুুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।