‘দ্য স্কাই পিপল ক্যান নট লার্ন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্কাই পিপল কিছু শেখে না, তারা চোখে দেখে না।’ এটি টাইটানিক খ্যাত জেমস ক্যামেরনের আরেকটি বিখ্যাত চলচ্চিত্র অ্যাভাটার-এর একটি সংলাপ। ছবিটির নায়িকা ওমাতিকায়া আদিবাসীদের প্রতিনিধি নিয়তিরি নায়ক জ্যাক সুলিকে কথাটি বলেছিল। তার আগে নায়িকার বাবা মি. মৌট নায়ক জ্যাক সুলিকে প্রশ্ন করেছিল, ‘তুমি কেন এখানে এসেছ?’জ্যাক সুলির উত্তর, ‘আমি শিখতে এসেছি।’মি. মৌট বলে, ‘আমরা অন্য স্কাই পিপলকে শেখানোর চেষ্টা করেছিলাম। যাদের ভান্ডার আগে থেকেই পূর্ণ, তাদের শেখানো কঠিন।’জ্যাক সুলির উত্তর, ‘আমার কাপ খালি, বিশ্বাস করুন, আমি শিখতে চাই।’তারপর নায়িকার বাবা নায়ক জ্যাক সুলিকে বলল, ‘ঠিক আছে। আমার মেয়ে তোমাকে আমাদের জীবনধারা শেখাবে। তুমি ভালো করে শেখো, যদি তোমার মধ্যে বিদ্যমান অসুস্থ চিন্তা সুস্থ হয়।’১.রাঙামাটি শহরে যখন প্রথম আমি বেড়ানোর ছলে যাই বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে নব্বইয়ের শুরুতে, তখন শহরের এক বৃদ্ধ পাহাড়ি আমাকে বলেছিলেন, ‘আমরা শেষ হয়ে যাচ্ছি, আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত।’ আমি তখন সাপ্তাহিক খবরের কাগজ-এ প্রতি সপ্তাহে ‘আদিবাসী মেয়ে’ কলাম লিখতাম। তাঁকে বললাম, ‘বহু আগেই উত্তরবঙ্গে সাঁওতাল, ওরাঁও, মুন্ডা, মাহালীরা শেষ হয়ে গেছে। ওদের চেহারা বলে দেয়, ওরা বিলুপ্তপ্রায় জাতিসত্তার প্রতীক। বৃহত্তর ময়মনসিংহেও বহু আদিবাসী দেশান্তর হয়ে গেছে সাতচল্লিশের পর। হাজং, ডালু, বানাই, হদি বিলুপ্তপ্রায়। আজ যারা আছে, তাদের সংগ্রাম করে টিকে থাকার চেষ্টা চলছে। নিজ বাসভূমে ওরা সবাই এখন সংখ্যালঘু শুধু নয়, খুঁজে পাওয়াই কঠিন অনেককে। আপনাদের অবস্থাও এই পাহাড়দেশে আগামী কয়েক দশকে এদিকেই এগোচ্ছে। পঞ্চাশ বছর আগে যে জনসংখ্যার অনুপাত ছিল পাহাড়িদের, পঞ্চাশ বছর পর তা হয়ে যাচ্ছে উল্টো।’ একই ধরনের কথা লিখেছিলেন মহাশ্বেতা দেবী তাঁর বিখ্যাত উপন্যাস টেরোড্যাকটিল, পূরণসহায় ও পিরথা উপন্যাসের শেষের দিকে: ‘আদিবাসীদের সঙ্গে আমাদের যোগাযোগের কোনো সংবাহন বিন্দু তৈরি করিনি আমরা। অনাবিষ্কৃত রেখেই ধীরে, সভ্যতার নামে ধ্বংস করেছি এক মহাদেশ। নো কম্যুনিকেশন। একেবারে নেই? সেটা গড়ে তোলা কি অসম্ভব? গড়তে হলে যে অসম্ভব ভালোবাসতে হয় বহুকাল ধরে। কয়েক হাজার বছর ধরে আমরা ওদের তো ভালোবাসিনি, সম্মান করিনি। এখন সময় কোথায়, শতাব্দীর শেষ সময়ে? সমান্তরাল পথ, ওদের পৃথিবী আমাদের পৃথিবী আলাদা, ওদের সঙ্গেও কোনো প্রকৃত আদান-প্রদান হয়নি, যা আমাদের সমৃদ্ধ করত।’ অ্যাভাটার ছবিতেও নায়ক জ্যাক সুলি ছিল মূলধারা সমাজের। তার গোত্রীয় লোকদের সে বলেছিল, ওমাতিকায়া ভাষায় ‘মিথ্যা’ বলে কোনো শব্দ নেই। ওই আদিবাসীদের কাছে ধরিত্রী হলো জননী। সেখানে সবুজ বৃক্ষ, বন, বেঁচে থাকা, আলিঙ্গন, সম্পদ, পাখি ও মানুষ, প্রাণী, লতাপাতা সব জীবনের অংশ। অন্যপক্ষ হলো স্কাই পিপল, যারা হিসাব কষে বের করেছে, ওই আদিবাসী জগতের এক কেজি পাথরের দাম ২০ মিলিয়ন ডলার। একদিকে জীবনের গল্প, অন্যদিকে মুনাফা ও লোভের লালসা। একপক্ষ জীবনের বিনিময়ে সব সম্পদ অনাগত প্রজন্মের জন্য রেখে যেতে চায়, অন্যপক্ষ দ্রুত দখল করতে চায়। ২.বর্তমান সরকার আদিবাসীদের অধিকার রক্ষায় অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। নির্বাচনী ইশতেহার পড়লেও এসব পাবেন। এঁদের অনেকে যখন বিরোধী দলে ছিলেন, আদিবাসীদের সংগ্রামে রাজপথেও ছিলেন। তখন তাঁদের অনেকের সঙ্গে আমাদের ভালো যোগাযোগও ছিল। মানুষ যে এতটা বদলে যেতে পারে ক্ষমতার মোহে, তা আজ প্রত্যক্ষ করছি জীবনের অভিজ্ঞতা দিয়ে। এই আমলে আদিবাসীরা হঠাৎ করে ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’ হয়ে গেল। এই প্রথমবারের মতো আদিবাসী দিবস পালন করতে গিয়ে আমরা রাজধানীতে একটি পোস্টার দেখলাম। প্রেসক্লাব এলাকা পোস্টারে ছেয়ে গেল, ‘আমরা আদিবাসী নই, ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসাবে বাঁচতে চাই’। বোকারাও বুঝতে পারবে, এ পোস্টার কারা বের করেছে। সরকার আদিবাসীদের মধ্যে এমনি বিভ্রান্তি ছড়িয়েছিল যে অনেক জায়গা থেকে আদিবাসীরা আমাকে ফোন করেছেন, আদিবাসী দিবস উদ্যাপন করা যাবে কি না। সরকার পত্র জারি করে বলেছিল, বাংলাদেশে আদিবাসী নেই। আরেকটি স্পর্শকাতর দিক সরকারি চিঠিতে যোগ করা হয়েছিল যে আগস্ট মাস হলো শোকের মাস, এ মাসে অনাবশ্যক আনন্দ অনুষ্ঠান বর্জন বাঞ্ছনীয়। অথচ এক যুগের বেশি সময় ধরে আমরা আগস্ট মাসে আদিবাসী দিবস উদ্যাপন করছি জাতিসংঘের সনদ অনুযায়ী এবং সেই সব অনুষ্ঠানে আজকে যাঁরা মন্ত্রী হয়েছেন, পররাষ্ট্রমন্ত্রীসহ অনেকে আদিবাসী দিবসে এসেছেন এবং বক্তৃতা করেছেন। বক্তৃতার কপি ও ছবি আমাদের কাছে আছে। এখন দিন বদলে গেছে।৩.আদিবাসীদের মানবাধিকার পরিস্থিতির কোনো উন্নতি কি হয়েছে? খাসি অঞ্চলে একটি ভূমি সমস্যার সমাধান কি হয়েছে এবং ইকোপার্কের সময় যে অনিশ্চয়তা ছিল আদিবাসীদের, তা কি সামান্যতমও দূর হয়েছে? মধুপুর বনে মান্দিদের বহু বছরের ভূমি মালিকানা সমস্যা নিয়ে কোনো আলোচনাই তো হয়নি সরকারের সঙ্গে। উত্তরবঙ্গে আদিবাসী হত্যাকাণ্ড হয়েছে বর্তমান সময়েই সবচেয়ে বেশি। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পনেরো বছর পূর্ণ হতে চলেছে। অবিশ্বাস ও আস্থাহীনতা এখনো প্রবল। তার প্রমাণ রাঙামাটি শহরে কিছুদিন আগের হামলা। সেখানে একটি পরিবর্তন প্রতিদিন সবার চোখে পড়বে, তা হলো, ‘উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট’-এর স্থলে ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট’ লেখা সাইনবোর্ড। আগে পাহাড়ের মানুষেরা ছিলেন ‘উপজাতি’ এবং এখন তাঁরা হলেন ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’। আবার পঞ্চদশ সংশোধনীর পর সংবিধানের ৬ক ধারায় যুক্ত হয়েছে, বাংলাদেশের জনগণ জাতিতে বাঙালি। কোনো জাতির আত্মপরিচয়ের অধিকার কি রাষ্ট্র বদলে দিতে পারে? বদলে দেওয়া কি উচিত সংখ্যাগরিষ্ঠের জোরে? সংবিধান অনুযায়ী একজন গারো যদি ‘জনগণ’ হয়, সাঁওতাল, খাসি, হাজং, চাকমা, মারমা, ত্রিপুরা যদি ‘জনগণ’ হয়, তা হলে এরা কি বাঙালি? অথবা একজন বাঙালি কি গারো হতে পারে বা মুন্ডা হতে পারে? রাষ্ট্র ইচ্ছা করলেই কি এসব করতে পারে?৪.জেমস ক্যামেরনের চলচ্চিত্র অ্যাভাটার-এর কয়েকটি সংলাপ দিয়ে লেখা শুরু করেছিলাম। ফিরে যাই তার কাছেই। কেননা মূলধারার অনেকে এ ছবি দেখেছেন। আমি এ তথ্য জেনেছি গত কয়েক মাসে কয়েকটি বক্তৃতা দিতে গিয়ে। শ্রোতারা অধিকাংশই তরুণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী। বেশির ভাগই বাঙালি। তাঁদের জিজ্ঞেস করেছি, তাঁরা অ্যাভাটার ছবিটি দেখেছেন কি না। অধিকাংশই দেখেছেন এবং কেউ কেউ কয়েকবার করে দেখেছেন। একজন বললেন, ১০ বার দেখেছেন। আমি প্রশ্ন করলাম, ছবিতে একটি জাতির কথা বলা হয়েছে, ওরা কারা? খুব বেশি তরুণ এ প্রশ্নের উত্তর দিতে পারেননি। কয়েকজন পেরেছেন। তরুণদের আমি বললাম, আপনারা আবার যখন এ ছবিটি দেখবেন, তখন একটু মিলিয়ে দেখবেন এ দেশের আদিবাসীদের সঙ্গে। দেখার মতো চোখ ও দৃষ্টিভঙ্গিও তো থাকা দরকার। ছবির নায়ক জ্যাক সুলি তো ওমাতিকায়া নয়, মূলধারার প্রতিনিধি। তার মধ্যে মানবিকতা আছে। ছবিতে নায়ক জ্যাক বলছে, স্কাই পিপল খবর পাঠিয়েছে, তারা যা ইচ্ছা তা করতে পারে। কেউ তাদের থামাতে পারবে না। ঠিক আছে, আমরাও তাদের খবর পাঠাতে চাই, তারা যা ইচ্ছা তা কেড়ে নিতে পারে না। কেননা এটি আমাদের ভূমি। এই ছবি আমাদের দেশের অনেকে দেখেছেন। ছবিতে ওমাতিকায়া জনগণ যে আমাদের দেশের আদিবাসী জনগণের মতো, এ রকম কেউই ভাবেননি। আমি অনেককে যখন এ কথা বলেছি, তাঁরা বলেছেন, ও তাই তো। এরা তো আদিবাসী ছিল। ছবির নায়িকা নিয়তিরি যখন জ্যাককে বিপদ থেকে বাঁচায়, জ্যাক বলে, তুমি কেন আমাকে রক্ষা করলে?নায়িকা নিয়তিরি বলে, তোমার শিশুর মতো সুন্দর হূদয় আছে, তুমি শিশুর মতো বোকা।নায়ক জ্যাক বলে, আমি শিশুর মতো বোকা হলে তুমি আমাকে শেখাও।নায়িকা নিয়তিরি বলে, স্কাই পিপল ক্যান নট লার্ন, দে ডু নট সি (স্কাই পিপল শিখতে পারে না, তারা দেখে না)। নায়ক জ্যাক বলে, তা হলে কীভাবে দেখতে হয়, আমাকে শেখাও। নায়িকা নিয়তিরি বলে, কীভাবে দেখতে হয় তা কেউ শেখাতে পারে না। শেষে নায়ক জ্যাক বলে, আমি তোমাকে দেখছি।শেষে মেয়েটিও বলে, আমি তোমাকে দেখছি।কবে কোন কালে আমাদের রাষ্ট্র ও সমাজ বলবে, আমি তোমাকে দেখি, দেখছি। এ দেখার মানে কি একজন মানুষকে শুধু চোখের সামনে দেখা? নাকি এক গভীর মানবিক অন্তর্দৃষ্টি দিয়ে একজনকে দেখা? যারা চোখ থাকতে অন্ধ, তাদের এ কথা আমি কী করে বোঝাব? তাই মন খারাপ হলেও আশাহত হই না। অ্যাভাটার ছবির নায়ক জ্যাক সুলি তো ওমাতিকায়া আদিবাসী ছিল না, কিন্তু ওমাতিকায়াদের পক্ষে লড়েছিলেন। এখানে এ ভূমিতেও আমি জ্যাক সুলির মতো অনেককে দেখি আদিবাসীদের বেদনায় ব্যথিত হন, পাশে দাঁড়ান। এঁদের সঙ্গে নিয়েই অনেক দূরের কঠিন পথ পাড়ি দিতে হবে আমাদের।সঞ্জীব দ্রং: কলাম লেখক ও সংস্কৃতিকর্মী।