নির্বাচনের ক্ষণগণনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৮ জানুয়ারি দশম সংসদের মেয়াদ শেষ হবে। সে ক্ষেত্রে বুধবার (৩১ অক্টোবর) থেকে নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়েছে। সংবিধান অনুযায়ী 

সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। নির্বাচন কমিশন (ইসি) থেকে প্রস্তুতির কাজ প্রায় শেষ বলা হলেও এখন পর্যন্ত জনগণ আস্থা রাখতে পারে এমন কিছু তারা করতে পেরেছে বলে মনে হয় না। এমনকি বিভিন্ন বিষয়ে কমিশনারদের মধ্যেও মতভেদ লক্ষ করা যাচ্ছে। এ অবস্থায় আগামী সপ্তাহের যেকোনো দিন তফসিল ঘোষিত হওয়ার কথা। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের দায়িত্ব অনেক গুণ বেড়ে যাবে। এখন প্রতিদ্বন্দ্বী দল ও সম্ভাব্য প্রার্থীদের পক্ষ থেকে লেভেল প্লেয়িং ফিল্ড বা মাঠ সমতল না হওয়ার অভিযোগ আনা হলেও ইসি তা তাদের এখতিয়ারবহির্ভূত বলে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করে আসছে। কিন্তু তফসিল ঘোষণার পর সেই সুযোগ থাকবে না।

ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে যে পরিবর্তনের পরিস্থিতি ও আশাবাদ তৈরি হয়েছে, সেটিকেও কমিশন কাজে লাগাতে পারে। দীর্ঘদিন ধরে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পরের প্রতি যে বিষোদ্‌গার চলে আসছিল, সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্ট তথা প্রধান বিরোধী দল বিএনপির নেতাদের বৈঠককে একেবারে তাৎপর্যহীন বলা যায় না। আজ সন্ধ্যা সাতটায় গণভবনে এই বৈঠক হওয়ার কথা। শুধু তা-ই নয়, প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে অন্যান্য দলের নেতাদের সঙ্গেও বসবেন। বৈঠকে সরকারি ও বিরোধী দল সব বিষয়ে একমত হবে, তা মনে করার কোনো কারণ নেই। তবে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য যদি হয় একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন, তাহলে ন্যূনতম কিছু বিষয়ে তাঁদের ঐকমত্যে পৌঁছাতেই হবে।

তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ হলো নির্বাচনী আইন ও আচরণবিধি মানতে সংশ্লিষ্ট সবাইকে বাধ্য করা। এখানে কে সরকারি দল, কে বিরোধী দল, সেসব দেখা তাদের কর্তব্য নয়। ভোটার তালিকা প্রণয়ন থেকে ভোটের ফলাফল ঘোষণা পর্যন্ত প্রতিটি স্তরে কমিশনকে সর্বোচ্চ সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কেউ আইন লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আইন যত কঠোর ও নিখুঁত হোক না কেন, সেটি প্রতিপালিত না হলে অর্থহীন হতে বাধ্য। ভারতসহ অন্যান্য দেশের সঙ্গে তুলনা করলে বাংলাদেশের নির্বাচন কমিশন লোকবল ও আইনি সুরক্ষার দিক দিয়ে অনেক শক্ত অবস্থানে আছে। এখন প্রশ্ন হলো, তারা সেই ক্ষমতা প্রয়োগ করতে প্রস্তুত আছে কি না।

সাম্প্রতিক কালে সিটি করপোরেশন নির্বাচনগুলোতে যে ব্যাপক অনিয়ম ও বিশৃঙ্খলা হয়েছে, কমিশন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। এ কারণে ইসি শুধু বিরোধী দল নয়, সাধারণ ভোটারদের আস্থা হারিয়েছে। জাতীয় নির্বাচনে তার পুনরাবৃত্তি রুখতে হলে প্রথমেই কমিশনকে নিজেদের অবস্থান সংহত করতে হবে। কোনো মহলের হুমকি বা চাপ অগ্রাহ্য করে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।

সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যেকোনো প্রশাসনিক পদক্ষেপ যেমন নিতে পারে, তেমনি নির্বাচনের কাজে যাকেই প্রয়োজন মনে করবে, তাকে ডাকতে পারে। সরকার কিংবা অন্য কেউ সেই আদেশ অমান্য করতে পারবে না। সর্বোপরি ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাও তাদের দায়িত্ব। ইভিএমসহ যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন আছে, সেসব বিষয় এড়িয়ে চলাই সমীচীন হবে তাদের। অতীতের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে জাতীয় নির্বাচনের করণীয় ঠিক করতে পারলে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন করা অসম্ভব নয়।