‘পরিত্যক্ত’ সরকারি বাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক সংকট যখন চরমে, তখন বগুড়ায় ২০ কোটি টাকা মূল্যের সরকারি বাসা পরিত্যক্ত থাকার খবরটি বিস্ময়কর বটে। শুক্রবার প্রথম আলোয় বগুড়া প্রতিনিধির পাঠানো প্রতিবেদন অনুযায়ী, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) শিক্ষকদের জন্য প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২০টি আবাসিক ভবন ছয় বছর ধরে খালি পড়ে আছে।ছয় বছর ২০ কোটি টাকার ভবন খালি পড়ে থাকার সঙ্গে আরও যেসব ক্ষতি যোগ হয়, তা হলো এর রক্ষণাবেক্ষণ ব্যয়। ভবনগুলো দেখাশোনার জন্য যে কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে, তাঁদের বেতন-ভাতাও সরকারি তহবিল থেকে দেওয়া হয়। এসবের দায় কার? বিপুল অঙ্কের টাকা ব্যয়ে নির্মিত ভবনগুলো পরিত্যক্ত রাখার কী কারণ থাকতে পারে?প্রকাশিত খবর থেকে আরও জানা যায়, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজটি শহর থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। সে কারণে শিক্ষকদের বেশির ভাগই শহরে বাসা ভাড়া নিয়ে থাকেন এবং বিভিন্ন ক্লিনিকে প্রাইভেট প্র্যাকটিস করেন। কেউ কেউ ভাড়া বাসায় ক্লিনিকও খুলে বসেছেন।কলেজ বা অফিস সময়ের বাইরে নির্ধারিত ফির বিনিময়ে চিকিৎসকেরা রোগী দেখতে পারেন, কিন্তু তাই বলে বেশির ভাগ চিকিৎসকের বাইরে থাকা যুক্তিসংগত নয়। চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থী পড়ানোর পাশাপাশি তাঁদের তো মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চিকিৎসাসেবাও দিতে হয়। বাইরে থেকে সেই দায়িত্ব পালন করা কখনোই সম্ভব নয়। আগাম চিন্তাভাবনা না করে সরকারি অর্থ ব্যয়ের পরিণাম এমনটিই হয়। মেডিকেল কলেজের জন্য জায়গাটি উপযুক্ত ছিল কি না, সেটি ভেবে দেখার বিষয়। বগুড়া শহরে কলেজটি প্রতিষ্ঠা করা হলে হয়তো শিক্ষকদের বাসাগুলো পরিত্যক্ত অবস্থায় থাকত না। পূর্বাপর সরকারের অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের খেসারত জনগণকে এভাবেই দিতে হচ্ছে। এর স্থায়ী প্রতিকার বাঞ্ছনীয়। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধিকাংশ শিক্ষক যাতে কর্মস্থলে থেকেই দায়িত্ব পালন করেন, সে নিশ্চয়তা সরকারকেই দিতে হবে। জনগণের অর্থে নির্মিত আবাসিক ভবন পরিত্যক্ত অবস্থায় থাকতে পারে না।