'ভেজাল সুলতান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুলতান মৃধা
সুলতান মৃধা

প্রথম আলোর বৃহস্পতিবারের অনুসন্ধানী প্রতিবেদনটি সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির নজরে পড়লে প্রতিকার আশা করা যায়। সুলতান মৃধার স্ত্রী সাংসদ, তিনি ওই সংসদীয় কমিটির অন্যতম সদস্য। সুলতান মৃধা প্রশ্নবিদ্ধভাবে পাওয়া জমি তাঁর স্ত্রী ও সন্তানদের নামে হস্তান্তর করেছেন বলে অভিযোগ আছে। সংসদীয় রীতি অনুযায়ী, সংশ্লিষ্ট সংসদীয় কমিটির কোনো সদস্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কোনো বাণিজ্য বা এ ধরনের স্বার্থের সংঘাতে জড়াতে পারবেন না। বিগত সংসদে একই কমিটির সভাপতির বিরুদ্ধে স্বার্থের সংঘাতের খবর বেরোনোর পর তিনি ওই কমিটি থেকে বাদ পড়েছিলেন।

আলোচ্য ক্ষেত্রে পটুয়াখালীর রজপাড়ায় সওজের জায়গায় সাংসদের ছেলের নামে ফিলিং স্টেশন ও পায়রাবন্দর এলাকায়ও তাঁর স্বামীর নামে প্রশ্নবিদ্ধ জমি থাকার অভিযোগের সত্যতা যাচাই হওয়া দরকার। জানতে চাইলে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি এম একাব্বর হোসেন প্রথম আলোকে আশ্বস্ত করেন যে কমিটির আগামী বৈঠকে বিষয়টি নিয়ে তিনি কথা বলবেন। তাঁর কথায়, অভিযোগের যে অংশটি তাঁদের মন্ত্রণালয়ভুক্ত বলে গণ্য হবে, সেখানে ব্যত্যয় ঘটলে তা দেখার এখতিয়ার তাঁদের রয়েছে। কমিটির অপর সদস্য নাজমুল হক প্রধানও নিশ্চিত করেন যে ওই খবরটি তাঁর নজরে এসেছে। আমরা বিশ্বাস করি, সংসদীয় কমিটি ত্বরিত উপযুক্ত পদক্ষেপ নিতে সক্ষম হলে তা এ ধরনের দুষ্কর্ম রোধে সহায়ক হবে।