প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার তাঁর মন্ত্রিসভার সদস্যদের সতর্ক করে দিয়ে বলেছেন, মধুচন্দ্রিমার দিন শেষ হয়েছে। এখন জনগণ কাজের ফল দেখতে চাইবে। সরকারের কাজের মূল্যায়নে তাঁর এই দৃষ্টিভঙ্গি ইতিবাচক। তবে সরকারের দুই বছর পেরিয়ে যাওয়ার মুহূর্তে এই সতর্কবাণীই যথেষ্ট নয়। কারণ গত দুই বছরে অনেক ক্ষেত্রে সরকারের সাফল্য থাকলেও মন্ত্রিসভার উল্লেখযোগ্যসংখ্যক সদস্যের কার্যক্রম ইতিমধ্যে প্রশ্নের সম্মুখীন হয়েছে। যদিও তাঁদের জবাবদিহি লক্ষ করা যায়নি। সংসদীয় গণতন্ত্রে মন্ত্রিসভা যৌথভাবে সংসদের কাছে জবাবদিহি করে থাকে। কিন্তু বাংলাদেশের বাস্তবতা ভিন্ন। সংবিধান ও রাজনৈতিক বাস্তবতা উভয়ই নিশ্চিত করে যে, প্রধানমন্ত্রী না চাইলে মন্ত্রিসভার কোনো সদস্যের কোনো ভুল বা ব্যর্থতার জন্য কোনো দণ্ড দেওয়া চলে না। কোনো মন্ত্রীর বিরুদ্ধে এককভাবে অনাস্থা প্রস্তাব আনারও সুযোগ নেই। কিছুদিন আগে বিএনপির মধ্যবর্তী নির্বাচন চাওয়ার জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন, ‘সংসদে এসে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনুন। ভোটাভুটিতে হেরে গেলে আমরা চলে যাব।’ এ ধরনের বক্তব্যে যতটা রাজনৈতিক চমক আছে, ততটা জবাবদিহি নেই। সেদিক থেকে প্রধানমন্ত্রীর মধুচন্দ্রিমাবিষয়ক বক্তব্যে আত্মসমালোচনার মনোভাব ব্যক্ত হয়েছে।এক-এগারো থেকে আমাদের রাজনীতিকেরা শিক্ষা নিয়েছেন—তার প্রমাণ সরকার বা বিরোধী দলের কাজে তেমন পরিলক্ষিত হয় না। যেকোনো সরকারের কার্যক্রম সুষ্ঠুভাবে চলা নির্ভর করে জনপ্রশাসন ও বিচার প্রশাসনকে দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও হস্তক্ষেপমুক্তভাবে চলতে দেওয়ার ওপর। কিন্তু এসব ক্ষেত্রে দলীয়করণের পুরোনো ব্যাধি থেকে বর্তমান সরকারও বেরিয়ে আসতে পারেনি। এতে মহলবিশেষ নিজেদের স্বার্থ হাসিল করে নিলেও জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বদনামের ভাগীদার হচ্ছে সরকার। আর সুশাসনের সূচকগুলোতে বড় ধরনের পরিবর্তনও লক্ষ করা যাচ্ছে না। দুদক, আইন কমিশন, তথ্য কমিশন, মানবাধিকার কমিশনের মতো সংস্থাগুলোর কাঙ্ক্ষিত ভূমিকা পালন করতে না পারাও হতাশাব্যঞ্জক।প্রধানমন্ত্রী বিরোধী দলের প্রতি তাঁর দলের নেতা-কর্মীদের সংযত থাকতে এবং হরতালের সময় মিছিল বের না করার যে আহ্বান জানিয়েছেন, তা ইতিবাচক। হরতাল ঠেকাতে পুলিশ ও শাসকদলীয় কর্মীদের অতিসক্রিয়তা জনমনে ভীতির সৃষ্টি করে। প্রধানমন্ত্রীর কাছ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও অনুরূপ সংযত আচরণের নির্দেশনা কাম্য। তারা অবশ্যই জনজীবনে শান্তি ও শৃঙ্খলা রক্ষা করবে, কিন্তু নির্যাতকের ভূমিকায় নামবে না। মন্ত্রী-সাংসদের আত্মীয়স্বজনকে পৌর নির্বাচনে প্রার্থী না করার যে নির্দেশনা তিনি দিয়েছেন, তা-ও প্রশংসনীয়। একই দৃষ্টিভঙ্গি থেকে যদি টেন্ডারবাজি-দখলবাজি থেকে দলীয় নেতা-কর্মীদের বিরত রাখা যায়, সেটি সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। সর্বোপরি দুই বছরের মাথায় মানুষ হিসাব মেলাতে চাইবে, সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি কতটা পূরণ করেছে বা করেনি। প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন, মধুচন্দ্রিমার দিন শেষ হয়েছে। হাতে সময় আছে মাত্র তিন বছর। এর মধ্যে শেষ বছরটি নির্বাচনী ডামাডোলে চলে যাবে। সে ক্ষেত্রে আগামী দুই বছরের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে মন্ত্রীসহ সংশ্লিষ্টদের সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করতে হবে।