'মাছের মতো মানুষ বেচা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের অনেকের জীবনে দ্বিতীয়বার মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। এ অপরাধ ঘটেছে ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে। মিয়ানমার ও বাংলাদেশ উপকূল থেকে সমুদ্রপথে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়ায় পাচার হওয়ার পথে প্রায় আট শ মানুষ মারা যায়। পাচার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশিও আছে। ২০১৫ সালে থাইল্যান্ডের জঙ্গলে গণকবরে ৩০টির বেশি লাশ পাওয়ার এক মাসের কম সময়ের মধ্যে থাই সীমান্তের নিকটবর্তী মালয়েশিয়ার পেরিলস প্রদেশে ১৩৯টি গণকবর এবং ২৮টি বন্দিশিবিরের সন্ধান মিলেছিল। মানব পাচারের এই ভয়াবহ ছবি পরিষ্কার হওয়ার পরে থাইল্যান্ড এবং মালয়েশিয়ার তরফে কিছু সরকারি পদক্ষেপ দৃশ্যমান হয়েছে। থাইল্যান্ড ও মালয়েশিয়ার অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি হলেও বাংলাদেশ অংশের ঘটনাবলি, বিশেষ করে পাচারকারীদের মধ্যে বাংলাদেশি কারা, তা কিন্তু আজও আড়ালেই থেকে গেছে।

২০১২-১৫ সালে ১ লাখ ৭০ হাজারের বেশি রোহিঙ্গা ও বাংলাদেশি সমুদ্রপথে পাচারের শিকার হয়েছে। তাদের নিয়ে ‘সোল্ড লাইক ফিশ’ শিরোনামে ১২০ পৃষ্ঠার একটি প্রতিবেদন গত বুধবার মালয়েশিয়ায় প্রকাশিত হয়েছে। ছয় বছর ধরে মালয়েশিয়ার মানবাধিকার কমিশন এবং ফর্টিফাই রাইটস নামের একটি বেসরকারি সংস্থা যৌথভাবে তদন্ত করেছে। প্রতিবেদনটি সমুদ্রপথে দুই দেশের মানব পাচারের একটি ভয়াবহ বাস্তবতাকে উদ্‌ঘাটন করেছে। ফর্টিফাইর তদন্ত কমিশন বাংলাদেশেও সফর করেছে।

বলাবাহুল্য, এই তদন্ত রিপোর্টে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন সরকারের রাজনৈতিক সদিচ্ছার প্রতিফলন ঘটেছে। আমরা মনে করি, বঙ্গোপসাগরে মানব পাচারের ভয়াবহতা এবং তা প্রতিরোধে করণীয় নির্দিষ্ট করতে মালয়েশিয়ার তদন্ত প্রতিবেদনটি উপযুক্ত দিকনির্দেশনা দিতে পারে। বাংলাদেশের সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলো এই তদন্তের ফলাফল এবং তাদের সুপারিশের দিকে নজর দেবে, সেটাই প্রত্যাশিত। বাংলাদেশেরও উচিত হবে অনুরূপ একটি তদন্তে শামিল হওয়া। এ বিষয়ে বাংলাদেশ উদাসীন থাকতে পারে না। এর বহুমাত্রিক দিক রয়েছে। আন্তর্জাতিক ফৌজদারি আদালতেও চিহ্নিত মানব পাচারকারীদের বিচার হতে পারে।

নতুন রিপোর্ট নিশ্চিত করেছে যে মানব পাচারের আন্তদেশীয় অপরাধ সিন্ডিকেটে বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড ও মালয়েশিয়ার নাগরিকেরা জড়িত। পাচার হওয়া হতভাগ্য মানুষের মধ্যে বাংলাদেশিও আছে। কিন্তু তারা সংখ্যায় কত হতে পারে, রিপোর্টে তার উল্লেখ নেই। ২০১৪-১৫ সালে পাচারকারীরা বাংলাদেশিদেরও টার্গেট করেছিল। সাধারণভাবে যেটা উদ্বেগের বিষয় সেটা হলো, আমাদের দায়িত্বশীল সংস্থাগুলোর অনেকেই সমস্যা স্বীকার করার পরিবর্তে অস্বীকার করার নীতিতে আচ্ছন্ন থাকে। এই মনোভাব পরিহার করতে হবে।

এটা সত্যি পরিহাস যে কক্সবাজারের মানব পাচার ট্রাইব্যুনালে ২০১২ সাল থেকে মানব পাচারের ৪০১টি মামলা ঝুলছে। একটিরও সুরাহা হয়নি। থাই গণকবরের ঘটনায় ২০১৭ সালে থাই আদালত ৬২ জনকে দণ্ড দিয়েছেন। এর মধ্যে লে. কর্নেলসহ ৯ সরকারি কর্মকর্তাও আছেন। মানব পাচারের মুনাফা থেকে এই দণ্ডিত কর্নেল একাই কথিত মতে প্রায় ৯ কোটি টাকা হাতিয়ে নিয়েছিলেন। মালয়েশিয়ার আদালত তাঁদের গণকবরের ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে চারজনকে দণ্ড দিয়েছেন। প্রশ্ন ওঠে, আমাদের কি কিছুই করণীয় ছিল না বা এখনো নেই? রিপোর্টের এই পর্যবেক্ষণের সঙ্গে আমরা একমত যে কিছু বিচার হলেও থাইল্যান্ড ও মালয়েশিয়া পূর্ণ তদন্ত কেউই করেনি। তবে এটা প্রমাণিত হয়েছে যে দুই দেশেরই সরকারি কর্মকর্তারা মানব পাচারে জড়িত।

গত ২৮ ফেব্রুয়ারি মালয়েশিয়ার সরকার অবশ্য সে দেশের সাবেক প্রধান বিচারপতি তুন আরেফিন জাকারিয়ার নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করছে। পেরিলস প্রদেশের গণকবর–সংশ্লিষ্ট যে ঘটনায় একজন বাংলাদেশি ইতিমধ্যে দণ্ডিত হয়েছে, সে বিষয়ে মালয়েশিয়া একটি পূর্ণাঙ্গ তদন্ত করবে। এ প্রক্রিয়ায় বাংলাদেশ নীরব দর্শক থাকতে পারে না।